‘মেড ইন বাংলাদেশ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনা ছয়েক মেয়ে একসঙ্গে প্লাস্টিকের অনেক খেলনা গাড়ি প্যাকেটে ভরছে। কেউ জড়ো করে রাখছে, কেউ হিসাব করছে, কেউ বা সুঁই-সুতা দিয়ে কাজ করছে। এটি পুরান ঢাকার ইসলামবাগের একটি ক্ষুদ্র কুটিরশিল্পের চিত্র। কারখানার শ্রমিক লিজার বাসা ইসলামবাগে। অভাবের কারণে সে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে এ কারখানায় কাজ নেয়। বাসায় সাহায্য করে সে ভালোমতোই চলতে পারছে বলে জানায়। এ শিল্পে লিজার মতো শ্রমিকের সংখ্যা প্রায় ১০ হাজার।সরকারিভাবে কোনো সহযোগিতা না পেলেও তারা বছরের পর বছর কাজ করে একটি শিল্পকে গড়ে তুলছে। সাধারণত রোজার মাস, পূজা ও শীতের সময় বিভিন্ন মেলায় খেলনা বেশি চলে। তাজুল ইসলাম পাঁচ-সাত বছর ধরে একটি প্লাস্টিক কারখানায় কাজ করেন। পরে বাড়ি থেকে ৩০-৪০ হাজার টাকা এনে নিজেই ঢাকায় কারখানা দিয়েছেন। তিন বছর পর এখন তাঁর ব্যবসার পরিধি বেড়ে পুঁজি চার-পাঁচ লাখ টাকা হয়েছে। বর্তমানে তাঁর কারখানার মতো প্রায় ৮০০ কারখানা আছে। কোনো কারখানা আরও বড়। সেখানে ১৫-২০ জনও কাজ করে। বাজারে চায়না খেলনার প্রভাব থাকলেও ঢাকায় তৈরি খেলনাও একটি সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে উঠছে বলে একাধিক কারখানার মালিক জানালেন।এ বিষয়ে খেলনা প্রস্তুতকারক সমবায় সমিতির সভাপতি আবদুর রশিদ ভূঁইয়া বলেন, ‘আমাদের এই শিল্পের বেশির ভাগ ব্যবসায়ীই প্রথমে কোনো কারখানার কর্মচারী ছিলেন। অনেক বছর কাজ করার পর আস্তে আস্তে তাঁরা স্বল্প পুঁজি খাটিয়ে এ ব্যবসায় ঢুকে পড়েন।’ তিনি আরও বলেন, ‘বাজারে খেলনার অনেক চাহিদা আছে। তার বেশির ভাগ পূরণ হয় চীন থেকে আসা খেলনা থেকে। আমরা কিছু সুযোগ-সুবিধা পেলে ভালো করতে পারব। দেশে উন্নত প্রযুক্তি নেই। আমাদের দেশীয় লেদ-কারখানা থেকে হাতে মোল্ড তৈরি করতে হয়। এ মোল্ড তৈরির কম্পিউটারাইজ মেশিন বিদেশে আছে। অনেকে চীন ও তাইওয়ান থেকে মোল্ড বা ডাইস করে নিয়ে আসেন। ডাইস তৈরির কম্পিউটার মেশিন দেশে থাকলে আরও ভালো করা যেত, খরচও অনেক কম পড়ত। আমরাও সুলভে ডাইস তৈরি করে চায়না মার্কেটের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারতাম।’এ ছাড়া ডাইস ডিজাইনারও প্রয়োজন। দক্ষ ডিজাইনারের অভাব রয়েছে বাজারে। শুধু ডাইস দিয়ে খেলনা তৈরি করলেই হয় না, এর সঙ্গে আরও অনেক কিছুর প্রয়োজন। এ বিষয়ে ইসলামপুরের খেলনা কারখানার মালিক তাজুল ইসলাম বলেন, ‘সুঁই-সুতা থেকে শুরু করে লাইটিং, স্প্রিং, ইলেকট্রনিক কিছু ছোট ছোট যন্ত্রপাতির প্রয়োজন। আর সবকিছুর জন্য আমাদের বিদেশের ওপর নির্ভর করতে হয়।’ তিনি আরও বলেন, ‘এ ব্যবসা ছোট হলেও এর পরিধি ব্যাপক। ভালোভাবে সুযোগ-সুবিধা পেলে আমরা এ খেলনা বিদেশেও রপ্তানি করতে পারব। কিন্তু এখন আমরা আমাদের নড়বড়ে অবস্থাই কাটিয়ে উঠতে পারছি না। তা ছাড়া আমরা জায়গার সংকটেও আছি। ৫০ হাজার থেকে এক লাখ টাকা লাগে কোনো ফ্ল্যাট ভাড়া নিয়ে মাল ফিটিং ও প্যাকেজিং করতে। খেলনার জন্য জায়গা বেশি লাগে। আর খেলনা গুদামে রাখতে তো আরও অনেক বেশি জায়গার প্রয়োজন।’কথা হয় বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের (টয় সেক্টর) চেয়ারম্যান খাজা আকরামুল্লাহর সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের ১৫ শতাংশ ভ্যাট যদি প্রত্যাহার করা হতো, তাহলে আমরা এ ব্যবসায় আরও ভালো করতে পারতাম। আমরা এফবিসিসিআইয়ের মাধ্যমে এনবিআরের কাছে এ শিল্পের অগ্রগতির জন্য ভ্যাট প্রত্যাহারের আবেদন করেছিলাম, কোনো কাজ হয়নি। সরকার অনেক ব্যবসা থেকেই ভ্যাট প্রত্যাহার করেছে। আমাদের এ খেলনা ব্যবসা থেকে যদি ভ্যাট প্রত্যাহার হতো, তাহলে চীনের সঙ্গে আমরা একটু হলেও টিকতে পারতাম। এখন কোনোভাবেই পারছি না। তা ছাড়া আমাদের এ শিল্পের বেশির ভাগ মালিক অশিক্ষিত। তাঁরা এ ভ্যাটের ব্যাপারে কিছুই বোঝেন না। আমাদের ব্যবসায়ীদের পুঁজিরও অভাব রয়েছে। তাই সহজ শর্তে সরকার যদি ঋণের ব্যবস্থা করত, তাহলে আমাদের ব্যবসায়ীরা আরও উপকৃত হতেন।’ তিনি আরও বলেন, এটি ক্ষুদ্র ও কুটিরশিল্পের আওতায় পড়লেও শিল্প মন্ত্রণালয় থেকে কোনো সুযোগ-সুবিধা পাওয়া যায় না। একবার বন্যার মধ্যে এসে তারা কিছু সহযোগিতা করেছিল। তারপর তাদের কাছ থেকে আর কোনো সহায়তা পাওয়া যায়নি।