‘মেডেল অব ফ্রিডম’ পাচ্ছেন বব ডিলান
যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘মেডেল অব ফ্রিডম’-এ ভূষিত হচ্ছেন প্রখ্যাত মার্কিন সংগীতশিল্পী বব ডিলান। ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ এ সম্মাননা প্রদানের জন্য ডিলানের নাম ঘোষিত হয়েছে। শিগগিরই হোয়াইট হাউসে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ডিলানের সঙ্গে এ বছর অস্কার জয়ী ঔপন্যাসিক টনি মরিসন, যুক্তরাষ্ট্রের সাবেক স্বরাষ্ট্রসচিব ম্যাডেলিন অলব্রাইট ও মহাশূন্যে ভ্রমণকারী তৃতীয় মার্কিন নাগরিক জন গ্লেনও এ সম্মাননা পাবেন। সাম্প্রতিক এক খবরে এমন তথ্যই প্রকাশ করেছে বিবিসি। এদিকে এক বিবৃতিতে মেডেল অব ফ্রিডম সম্মাননার জন্য মনোনীতদের প্রসঙ্গে বারাক ওবামা জানিয়েছেন, ‘তাঁরা আমাদেরকে অনুপ্রাণিত করেছেন এবং পৃথিবীকে সুন্দর করার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।’উল্লেখ্য, ১৯৪১ সালে জন্ম নেন রবার্ট অ্যালেন জিমারম্যান। তিনি মঞ্চ-নাম হিসেবে কবি ডিলান টমাসের নাম থেকে নিজের বব ডিলান নামটি গ্রহণ করেন। ডিলান ১৯৫৯ সালে তাঁর সংগীত জীবন শুরু করেছিলেন। শুরুর দিকে মিনেসোটার একটি কফি হাউসে গাইতেন তিনি। ১৯৬২ সালে মুক্তি পেয়েছিল তাঁর প্রথম অ্যালবাম ‘বব ডিলান’। পরের বছর মুক্তি পায় তাঁর ‘দ্য ফ্রি হুইলিং বব ডিলান’। এই অ্যালবামের ‘ব্লোয়িং ইন দ্য উইন্ড’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। বাণীনির্ভর গানের জন্য সুপরিচিত বব ডিলান। তাঁর ‘ব্লোয়িং ইন দ্য উইন্ড’ কিংবা ‘দ্য টাইমস দে আর চেঞ্জিং’-এর মতো কালজয়ী গানগুলো আজও যুদ্ধবিরোধী গানের প্রতীক হিসেবে বিবেচিত হয়।