‘মেন ইন ব্ল্যাক ৩’ ছবিতে লেডি গাগা
‘মেন ইন ব্ল্যাক ৩’ ছবিতে অভিনয় করবেন মার্কিন পপগায়িকা লেডি গাগা। সম্প্রতি ব্রাজিলের রিওতে প্রচারণামূলক অনুষ্ঠানে এ তথ্য প্রকাশ করেছেন হলিউডের অভিনেতা ও র্যাপ সংগীতশিল্পী উইল স্মিথ।সিরিজের আগের দুটি ছবির মতোই মেন ইন ব্ল্যাক ৩ ছবিতেও এজেন্ট জে চরিত্রে অভিনয় করছেন উইল স্মিথ। তিনি জানিয়েছেন, এবারের সিকুয়েলে ছোট একটি চরিত্রে দেখা মিলবে ‘পোকার ফেস’খ্যাত গায়িকা লেডি গাগার। এ প্রসঙ্গে ব্রাজিলের একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাত্কারে স্মিথ জানিয়েছেন, ‘এ ছবিতে বেশ কয়েকজন জনপ্রিয় ও বিখ্যাত তারকা অভিনয় করছেন। কিন্তু এখনই তাঁদের সবার নাম প্রকাশ করতে চাচ্ছি না।’ স্মিথ আরও বলেছেন, ‘ছবিটিতে লেডি গাগার উপস্থিতি সবার জন্য চমক হিসেবেই না হয় থাক।’ ছবিটির আরেকটি চমক হলো, এতে খল চরিত্রে অভিনয় করছেন মার্কিন গায়িকা ও নৃত্যশিল্পী নিকোল শেরজিংগার। কন্টাক্টমিউজিক এক খবরে জানিয়েছে, বরাবরের মতো এবারের সিকুয়েলেও এজেন্ট ‘কে’ চরিত্রে দেখা যাবে বর্ষীয়ান হলিউডের অভিনেতা টমি লি জোনসকে। ছবিটিতে তরুণ এজেন্ট কে’র চরিত্রে অভিনয় করছেন জশ ব্রোলিন। ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন অ্যালিস ইভ, জারমেইন ক্লিমেন্ট, এমা থম্পসন প্রমুখ। ব্যারি সোনেনফিল্ডের পরিচালনায় ছবিটি মুক্তি পাচ্ছে চলতি বছরের ২৫ মে। মেন ইন ব্ল্যাক সিরিজের ছবিতে ছোট চরিত্রে তারকাদের উপস্থিতি নতুন কোনও বিষয় নয়। এর আগে ‘মেন ইন ব্ল্যাক ২’ ছবির একটি চরিত্রে দেখা মিলেছিল পপ কিং প্রয়াত মাইকেল জ্যাকসনকে।