‘মেয়েটির সব দায়িত্ব নেবে সরকার’
টাঙ্গাইলে নির্যাতনের শিকার মেয়েটির সুস্থ হয়ে ওঠা এবং আইনি ব্যবস্থার জন্য যা কিছু করা দরকার, সরকারের পক্ষ থেকে সবকিছুই করা হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। সুচিকিত্সার জন্য তাঁকে বিদেশ পাঠানোর প্রয়োজন হলে সরকার সে বিষয়টিও বিবেচনা করবে বলে তিনি জানান।আজ বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) মেয়েটিকে দেখতে গিয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন। আজ এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।প্রতিমন্ত্রী আরও বলেন, দোষী ব্যক্তিদের সাজা নিশ্চিত করতে সরকার কাজ করবে। মেয়েটি হাসপাতালের মানসিক বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে রয়েছে। টাঙ্গাইলে নবম শ্রেণীর ছাত্রী ওই মেয়েটিকে তিন দিন আটকে রেখে ধর্ষণ করা হয়। এ অভিযোগে গ্রেপ্তার হওয়া পাঁচজনকে আজ বুধবার রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।ধর্ষণ ও ধর্ষণে সহায়তা করার অভিযোগে মেয়েটির বান্ধবীসহ পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করে পুলিশ। ধর্ষণের শিকার মেয়েটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে নেওয়া হয়েছে।পুলিশ ও মেয়েটির পরিবার সূত্রে জানা গেছে, টাঙ্গাইল সদর উপজেলার এক গ্রামের দরিদ্র কৃষকের মেয়েটিকে গত ৬ ডিসেম্বর এক বান্ধবী বিয়ের অনুষ্ঠানের কথা বলে মধুপুরের পাহাড়ি বোকারবাইদ এলাকার এস এম নুরুজ্জামানের বাড়িতে নিয়ে যায়। অভিযোগ ওঠা ব্যক্তিরা মেয়েটিকে তিন দিন ওই বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে। এরপর তারা মেয়েটিকে তাদের গ্রামের রেললাইনের পাশে ফেলে রেখে যায়। লোকলজ্জার ভয়ে মেয়েটির পরিবারের সদস্যরা ঘটনা চেপে রাখেন। মেয়েটিকে তাঁরা গত ১২ ডিসেম্বর টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান এবং সে মারধরে আহত হয়েছে বলে তার চিকিত্সা করান।হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়ার পর মেয়েটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। পরে গত ২২ ডিসেম্বর তাকে আবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত রোববার তাঁরা চিকিত্সকদের কাছে ঘটনা খুলে বলেন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক নূর মোহামঞ্চদ জানান, গণধর্ষণের বিষয়টি জানার পর মেয়েটির চিকিত্সার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।বোর্ডের প্রধান গাইনি বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক রাজিয়া খাতুন বলেন, মেয়েটি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। সোমবার রাতে তাকে ঢাকায় ওসিসিতে ভর্তি করা হয়েছে।