‘মেসি অবশ্যই সেরা’
ফুটবলারের বাইরেও আরও একটি পরিচয় আছে সার্জিও আগুয়েরোর—ম্যারাডোনার জামাতা। এই সাক্ষাত্কারে আর্জেন্টাইন এই ফুটবলার শ্বশুর, আর্জেন্টিনা দল, লিওনেল মেসিসহ কথা বলেছেন অনেক বিষয়েই বিশ্বকাপের আগেই উন্নতি করতে হলে আর্জেন্টিনাকে কী করতে হবে?সার্জিও আগুয়েরো: আমার মনে হয় আমাদের মূল সমস্যাটা হচ্ছে, একসঙ্গে অনুশীলন করার জন্য খুবই কম সময় পেয়েছি আমরা। সাধারণত আমরা মঙ্গলবারে একত্র হই এবং শনিবার খেলি। আর এটা আমাদের বেশি কিছু করার সময় দেয় না। এখন বিশ্বকাপের আগে অনেক সময় পাচ্ছি আমরা এবং সমন্বয় আর বলের ব্যবহারের মতো অনেক কিছু নিয়ে কাজ করতে পারি। এটা করতে পারলে আমাদের যে খেলোয়াড় আছে তাদের নিয়েই ভালো কিছু করতে পারব। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাদের সময় লাগবে। আর্জেন্টিনা দল নিয়ে সমালোচনাগুলোর অন্যতম খেলোয়াড়দের উচ্চতা। অনেকেই বলে, আপনি, কার্লোস তেভেজ আর লিওনেল মেসি যখন খেলেন, শরীরনির্ভর খেলার দরকার হলে আপনারা আক্রমণভাগে সেটা দিতে পারেন না। আসলে কি তাই?আগুয়েরো: না, ব্যাপারটা তা নয়। অনেক কোচ একজন সেন্টার ফরোয়ার্ড খেলাতে পছন্দ করেন। অনেকের আবার দু দিকে দুজন স্ট্রাইকার রেখে একজনকে মাঝখানে খেলাতে পছন্দ। কোন কোচ কীভাবে দলকে খেলাবেন সেই সিদ্ধান্ত তিনিই নেন। আর্জেন্টিনার দিক থেকে বলছি, এখানে মার্টিন পালের্মো হচ্ছেন গোল করার লোক (টার্গেট ম্যান) এবং আমরা আর যারা আছি তারা সবাই সাধারণ উচ্চতার (হাসি)। কিন্তু ডিয়েগো (ম্যারাডোনা) চান আমরাও বল আর গতি নিয়ে খেলি। এখন গঞ্জালো হিগুয়েইন কিংবা আমিও ওপরের দিকে খেলে থাকি। আসলে গোল করার মতো অনেক খেলোয়াড় আছে আমাদের। ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে সম্পর্কটা কীভাবে বজায় রাখেন? তিনি তো শুধু আপনার জাতীয় দলের কোচই নন, শ্বশুরও বটে।আগুয়েরো: আমাদের সম্পর্কটা সত্যি খুব ভালো। যখন আমি জাতীয় দলে থাকি তখন তিনি যে আমার কোচ, শ্বশুর নন; সে বিষয়ে আমি সজাগ। আমার মনে হয় তিনিও জানেন, আমি তাঁকে কোচ হিসেবে খুব শ্রদ্ধা করি। ফুটবলের বাইরে তিনি আমার শ্বশুর এবং সেখানে আমাদের আচরণটা পারিবারিক। আগের কোচদের সঙ্গে যেমন করেছি, জাতীয় দলে তাঁর সঙ্গেও সেভাবেই কাজ করতে হয়। আমি তাঁর থেকে সুযোগ-সুবিধা পাচ্ছি, অন্য খেলোয়াড়দের এমনটা ভাবতে দিতে চাই না। অবশ্যই আমরা ফুটবল নিয়ে একান্তে কথা বলি, তবে সেটা সাধারণ আলোচনা। জাতীয় দল নিয়ে খুব একটা আলোচনা আমাদের মধ্যে হয় না। এর মানে আপনি বোঝাতে চাইছেন, ম্যারাডোনা আর আপনি যখন পরিবারের মধ্যে থাকেন তখন আর্জেন্টিনা জাতীয় দল নিয়ে আপনাদের কথা হয় না?আগুয়েরো: কখনোই না। এই নিয়মটা কি আপনারা শুরু থেকেই করে নিয়েছেন?আগুয়েরো: আমাদের আসলে নিয়ম করে নেওয়ার কোনো প্রয়োজন পড়েনি। জাতীয় দল নিয়ে তাঁর কিছু বলার প্রয়োজন হলে, দলের সবার সঙ্গেই বলেন। আলাদা করে এ নিয়ে আমি তাঁর সঙ্গে কোনো কথা বলি না। তাহলে আপনি পরের ম্যাচের দলে থাকছেন কি না আগেভাগে জানতে পারেন না?আগুয়েরো: না, সত্যিই না। আমি থাকি মাদ্রিদে আর উনি থাকেন বুয়েনস এইরেসে। আমাদের তাই নিয়মিত কথাই হয় না। নতুন খেলোয়াড়দের জন্য অনেক টাকা খরচ করেও সাম্প্রতিক মৌসুমগুলোতে উল্লেখ করার মতো সাফল্য পাচ্ছে না অ্যাটলেটিকো মাদ্রিদ এবং সব সময়ই সংকটে থাকে মনে হয়।আগুয়েরো: এটা নতুন কিছু নয়। এই ক্লাবের ব্যাপারটা সব সময়ই এমন। সাম্প্রতিক বছরগুলোতে অ্যাটলেটিকো মাদ্রিদ এমন দল যে টানা পাঁচটি ম্যাচ জয়ের পর টানা চারটি ম্যাচ হারতে পারে। আমার এখানে আসার আগেও ব্যাপারটা এমনই ছিল। পার্থক্য শুধু লোকেরা এখন বলে, আমরা বিশ্বমানের দল এবং প্রত্যেকটি ম্যাচ জিততে পারি। তবে আমি তা মনে করি না। স্প্যানিশ লিগ অনেক কঠিন এবং এখানে খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাসের ওপর অনেক কিছু নির্ভর করে। আমার মনে হয় আমরা একটি বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। তবে আমরা যদি একবারে তিনটি ম্যাচ জিতে যাই তাহলে এই অবস্থা থেকে বেরিয়ে এসে এগিয়ে যেতে পারব। আপনার শক্তি ও দুর্বলতা নিয়ে কী ভাবেন? কোন জায়গাটায় আপনার আরও উন্নতি করতে হবে বলে মনে করেন?আগুয়েরো: আপনি প্রতিদিনই কিছু না কিছু শেখেন। আমি অনেক শিখেছি। কিন্তু এর পরও অনেক পথ পড়ে আছে। উদাহরণ হিসেবে বলতে পারি, এখানে প্রথম বছরে আমি স্প্যানিশ লিগ নিয়ে কিছুই জানতাম না এবং তখনকার কোচ (হাভিয়ের) আগুইরে আমাকে নিয়ে সবকিছু আস্তেধীরেই করছিলেন। তিনি যদি আমাকে হুট করে এর মধ্যে ঠেলে দিতেন, সবকিছু ঠিকঠাকভাবে হতো না। কারণ আমি এসব খুব একটা জানতাম না। আমি কঠিন অনুশীলন করেছি এবং তিনি আমাকে অনেক কিছু শেখাতে পেরেছেন। মাত্র ১৭ বছর বয়সে অ্যাটলেটিকো মাদ্রিদে এসেছেন। আর্জেন্টিনার ফুটবল থেকে ইউরোপের ফুটবলে মানিয়ে নেওয়াটা কি খুব কঠিন ছিল?আগুয়েরো: হ্যাঁ, সবকিছুই আলাদা। ফুটবলের মানের কথা বিবেচনা করলে, লা লিগায় যে খেলোয়াড়েরা খেলে তারা তাদের দেশের হয়ে খেলে এবং এ কারণেই মানটা অনেক উঁচুতে। অনেক ভালো খেলোয়াড় এখানে এবং প্রতিপক্ষরাও খুব শক্ত। আর্জেন্টিনায় যেহেতু অনেক বেশি উন্মুক্ত খেলা হয়, তাই ব্যাপারটা আলাদা। এ ছাড়া আর্জেন্টিনায় বৃষ্টি হলে মাঠ ভেজাই থাকে, আর বৃষ্টি না হলে থাকে খটখটে। আর স্পেনে বৃষ্টি আসুক বা রোদ থাকুক, মাঠ নরমই থাকে। আর্জেন্টিনার চেয়ে এখানকার দলগুলো অনেক বেশি গোছানো এবং ভালো না খেলতে পারলে সবকিছু কঠিন হয়ে যায়। আর্জেন্টিনায় একটু বেশি স্বাধীনতা নিয়ে খেলা যায় এবং সবকিছু একটু কম গোছানো। এখনো কি আর্জেন্টিনার ফুটবল মিস করেন?আগুয়েরো: প্রথম যখন এখানে এসেছিলাম তখন মিস করতাম। কিন্তু আপনি ইউরোপের বড় কোনো ক্লাবে খেলবেন এবং নিয়মিত রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ভিলারিয়াল বা ভ্যালেন্সিয়ার মতো বড় এবং কঠিন দলের বিপক্ষে খেলবেন, তখন সেটা ওর মতোই হয়ে যাবে। আপনার কি মনে হয়, ম্যারাডোনার নাতি, আপনার ছেলে ফুটবলারই হবে?আগুয়েরো: আমার তো মনে হয় ও বক্সার হবে (হাসি)। ঠাট্টা করলাম। ও আসলে যা হতে চায় তা-ই হবে। একজন ফুটবলার বাবা হিসেবে আমি অবশ্য চাইব ও ফুটবলই খেলুক। কিন্তু ওর এজেন্ট হব আমি—না, আইএমজি, ভালদানো বা অন্য কেউ নয় (হাসি)! আপনার স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়ে জর্জ ভালদানো বেনজামিনের (ছেলে) ফুটবল জিনের কথা ভেবে বলেছিলেন ওর হয়ে কাজ করার চেয়ে ভালো ব্যবসা আর হয় না, আপনি কি এ কারণেই অমন কথা বললেন?আগুয়েরো: হ্যাঁ (হাসি)। কিন্তু না, আমিই ওর হয়ে কাজ করব। ওয়ার্ল্ড সকার আসবে এবং একটি প্রতিবেদন লিখবে। না না, এর চেয়ে বরং আমিই ওর দেখাশোনা করব (হাসি)। মেসি যে সম্প্রতি বর্ষসেরা ফিফা পুরস্কার পেল এ নিয়ে কী বলবেন?আগুয়েরো: অবশ্যই এটা তার প্রাপ্য। সে ট্রেবল জিতেছে, যেটা সব খেলোয়াড়ই জিততে চায়। এখানে অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে, এই যেমন জাভি, ইনিয়েস্তা, ক্রিস্টিয়ানো রোনালদো। তবে লিওনেল নিজেকে সবার সেরা প্রমাণ করেছে। মেসি কি পেলে-ম্যারাডোনার পর্যায়ে যেতে পারবেন? এই দিনে এটা কি সম্ভব? নাকি এটা বলাটা অনেক আগেই হয়ে যাচ্ছে?আগুয়েরো: ব্যাপারটা এখন অন্য রকম। এখন অনেক ভালো খেলোয়াড় আছে। ক্রিস্টিয়ানো, মেসি, কাকা, জাভি, ইনিয়েস্তা—এর মধ্যেই হাফ ডজন হয়ে গেল। আরও অনেক আছে। আর আগে, ডিয়েগো একাই ছিলেন। বড়জোর আরও দু-তিনজনকে পাওয়া যেত। এই সময়ের সেরা অবশ্যই মেসি। আপনি কি একমত যে মেসি শতভাগ খুশি নন। কারণ আর্জেন্টিনা দলে সবকিছু ঠিকভাবে হচ্ছে না তাঁর।আগুয়েরো: আমি ঠিক জানি না। তবে এটা তার ভুল নয়। আমরা ১১ জন খেলোয়াড় এবং দেশের আর ক্লাবের হয়ে খেলা ভিন্ন ব্যাপার। আপনার ক্লাবের সঙ্গে আপনি প্রতিদিন অনুশীলন করেন। আপনি প্রত্যেকটি খেলোয়াড়ের চলাফেরা জানেন এবং জানেন বলটি কোথায় যাবে। উদাহরণ হিসেবে বলতে পারি, আর্জেন্টিনার হয়ে খেলার সময় আমি ঠিক জানি না তেভেজ কোথায় যাবে। তবে বিশ্বকাপের জন্য তৈরি হতে আমরা ৪০ দিন সময় পাচ্ছি। এটাই ম্যারাডোনাকে দলটি সংঘবদ্ধ করতে দেবে এবং যে দলটি ভালোও করতে পারবে। আপনার কি মনে হয় আর্জেন্টিনা দলে একজন সৃষ্টিশীল খেলোয়াড়ের অভাব আছে? বিশেষ করে হুয়ান রোমান রিকেলমের মতো? আগুয়েরো: তা আছে। তবে আরেকটু নিচে নেমে খেলে মেসি ওই ভূমিকাটা নিতে পারে। আবার পাবলো আইমারও পারে। তবে মূল ব্যাপারটা হচ্ছে কোচ দলকে কীভাবে খেলাতে চান। প্রত্যেকটি দলেরই আলাদা চরিত্র আছে। যে কথাটা এর আগে স্ট্রাইকার প্রসঙ্গে বলেছি—কোনো দল ফরোয়ার্ডে লম্বা কাউকে নিয়ে খেলে, কেউ আবার দুজন খাটো খেলোয়াড় নিয়ে খেলে। সিজার লুইস মেনোত্তি বলেছেন আপনি ব্রাজিলের সাবেক তারকা রোমারিওর মতো। এই তুলনাটা ঠিক আছে মনে করেন? তাঁর মতো আপনিও কিন্তু একজন প্লে-মেকার হিসেবেই শুরু করেছেন...আগুয়েরো: আমি মাঝমাঠের ডানদিকে শুরু করেছি। ব্যাপারটা হচ্ছে আমি পুরোপুরি ৯ নম্বর নই। আমি পেনাল্টি বক্সের খেলোয়াড় নই এবং রোমারিওর সময়েও আমি ছিলাম না। তবে আমি টিভিতে যেমন দেখেছি তার দৌড়ের সঙ্গে একটা মিল থাকতেও পারে। সে এক হাজার গোল করেছে। তাকে ধরার আগের রাস্তাটাই তো এখনো আমাকে খুঁজতে হবে (হাসি)। পুরো নাম: সার্জিও লিওনেল আগুয়েরো দেল কাস্তিল্লোজন্ম: ২ জুন ১৯৮৮ (কুইলমেস, আর্জেন্টিনা)ডাকনাম: কুনবর্তমান ক্লাব: অ্যাটলেটিকো মাদ্রিদপজিশন: স্ট্রাইকারক্লাব জার্সি নম্বর: ১০ওজন: ১৫২ পাউন্ডউচ্চতা: ৫ ফুট সাড়ে ৭ ইঞ্চিভাষান্তর: আবিদুল ইসলাম