৩ সেপ্টেম্বর বিমানবন্দরে মেসিদের অভ্যর্থনা জানাবেন জাতীয় দলের ফুটবলাররা। নেতৃত্বে থাকবেন অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য। তাঁর কাছে এটা স্বপ্নের মতো লাগছে শুনলাম, মেসিদের অভ্যর্থনা জানাতে আপনাদের বেছে নিয়েছে বাফুফে?বিপ্লব ভট্টাচার্য: হ্যাঁ, নতুন কোনো সিদ্ধান্ত না হলে আমরা ফুটবলাররাই মেসিদের রিসিভ করব। সবাই কি জাতীয় দলের খেলোয়াড়?বিপ্লব: আমার হাতে আজ (কাল) ২৪ জন খেলোয়াড়ের একটা তালিকা দেওয়া হয়েছে। এর মধ্যে জাতীয় দলের পাশাপাশি কয়েকজন জুনিয়র খেলোয়াড়ও আছে। সৌভাগ্যবান খেলোয়াড়দের নামগুলো যদি বলেন...বিপ্লব: জাতীয় দলের খেলোয়াড় হিসেবে আমি ছাড়াও আছে মামুন খান, সুজন, আরিফ, রেজাউল, মামুন মিয়া, ওয়ালি, মিশু, মামুনুল, প্রাণতোষ, রাজু, শাকিল, কোমল, লিংকন, জিয়া, রবিন। জাতীয় দলের বাইরে থেকে পরিচিত মুখ সোহেল রানা, নেহাল। এমিলি, মিঠুন, জাহিদ নেই কেন?বিপ্লব: কেন নেই, সেটা আমাকে বলা হয়নি। সম্ভবত ওদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ থাকায় রাখেনি। পরে রাখবে কি না, জানি না। মেসিদের অভ্যর্থনা জানাবেন, এটা কি ভাবতে পেরেছিলেন?বিপ্লব: কখনোই না। মেসিকে দেখাই তো অনেক বড় ব্যাপার। তার ওপর মেসিকে রিসিভ করব, বিশাল প্রাপ্তি আমার জন্য। হঠাৎই বাফুফে আমাকে ডেকে নিয়ে বিষয়টা জানিয়েছে। আমি তো শুনে প্রথমে বিশ্বাসই করতে পারেনি। কীভাবে অভ্যর্থনা জানাবেন, কিছু বলেছে বাফুফে?বিপ্লব: সেভাবে চূড়ান্ত কিছু বলেনি। আমাকে শুধু এটাই বলা হয়েছে, ৩ সেপ্টেম্বর সকাল ১০টার মধ্যে আমাদের বাফুফে অফিসে থাকতে। ওখান থেকে সবাইকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে। আমি যেন বাকি খেলোয়াড়দের ফোন করে এটা জানিয়ে দিই। আপনিই নাকি মেসিকে ফুলের তোড়া দেবেন?বিপ্লব: এটা আমি জানি না। আমি যদি ফুলের তোড়া দিই, তাহলে সেটা হবে আমার জীবনের স্মরণীয় ঘটনা। আমি খুবই আনন্দিত। এর আগে জিদান এসেছিল বাংলাদেশে, কাছ থেকে দেখার সুযোগ হয়নি। এবার মেসিকে কাছ থেকে দেখার সুযোগ দেওয়ার জন্য ফেডারেশনকে ধন্যবাদ জানাই। আপনাদের এই অভ্যর্থনার জন্য বোধ হয় আলাদা পোশাকও দিচ্ছে বাফুফে?বিপ্লব: হ্যাঁ, সবাইকে আলাদা পোশাক দিচ্ছে। আমি শার্ট-প্যান্টের মাপ দিয়ে এলাম আজ (কাল)। অন্যদের ফোনে বলে দিচ্ছি মাপ দিয়ে দিতে। এই যে মেসির মতো বিশ্বসেরা ফুটবলার বাংলাদেশে আসছেন। আপনারা ফুটবলাররা এটাকে কীভাবে দেখেন?বিপ্লব: আমরা মনে করি, মেসি বাংলাদেশে আসা মানে এ দেশের কিশোরেরা ফুটবলের প্রতি আগ্রহী হবে। আমরা চাই, আজকের কিশোরেরা ফুটবলে আকৃষ্ট হোক। মেসির এই সফর আমাদের ফুটবলের ওপর বিশাল প্রভাব রেখে যাবে আমার বিশ্বাস। আপনার ছেলে কৃষ মেসিকে দেখবে না?বিপ্লব: ও তো পাগল হয়ে আছে মেসিকে দেখার জন্য। স্টেডিয়ামে যেতে চায়। দেখি, টিকিট ম্যানেজ করে ওকে খেলা দেখানো যায় কি না।