কিশোর ফুটবলারদের বিকাশের জন্য চাই ভালো মাঠ। অথচ চলমান পাইওনিয়ার ফুটবল লিগ হচ্ছে ধু ধু বালুচরে! পুরান ঢাকার বাংলাদেশ মাঠ এর বড় উদাহরণ। এটি মাঠ নয়, যেন কিশোর প্রতিভাবিনাশী ফাঁদ! কাল এই মাঠে পাইওনিয়ারের ম্যাচ খেলার পর সে কথাই বলল স্থানীয় দল গোলাম মোস্তফা লেনের অধিনায়ক সিলেটের ছেলে আবদুল মমিন মাঠ তো খুবই খারাপ। ঘাস নেই, বালু আর বালু। বড় বড় গর্ত। তোমাদের খেলতে কেমন লেগেছে?আবদুল মমিন: এই মাঠে খেলাই কঠিন। কিন্তু খেলতে হয়েছে, কী করব বলেন! না খেললে তো টিম সাসপেন্ড হয়ে যাবে। কী ধরনের সমস্যা হয়েছে খেলার সময়?মমিন: মাঠে প্রচুর পাথর। পড়লে পা-মুখ ছিলে যায়। বল রিসিভ করা যায় না কোনোমতেই। উঁচু-নিচু হওয়ায় বল কখন যে কোন দিকে লাফাবে, বোঝা কষ্ট। আর বড় বড় গর্ত। মাঠের পাশে মাত্র এক হাত জায়গা। ঠিকমতো থ্রো-ই করা যায় না। শট মারলে বালু এসে চোখে পড়ে। তোমাদের তো তাহলে খুব কষ্ট হয়েছে...মমিন: খুবই কষ্ট। আমরা সবেমাত্র ফুটবল খেলা শুরু করেছি। আমাদের অত শক্তি নেই গায়ে। কিন্তু কিছু করার নেই, মাঠের এমন অবস্থায় ভালো করে আদা খেয়ে নামতে হয়েছে, যাতে ক্লান্ত হয়ে না পড়ি। কেমন মাঠ চাও খেলার জন্য?মমিন: মাঠে ঘাস থাকবে, সমান হবে...এটা হলেও তো চলে। আমরা এর বেশি চাই না। কিন্তু দেখেন, আমরা বালু আর পাথরের মধ্যে খেলতে বাধ্য হচ্ছি। এমন মাঠে খেলতে হওয়ায় নিশ্চয়ই তোমাদের মন খারাপ...মমিন: কী আর বলব! আমরা এখানে দুটি ম্যাচ খেলেছি। প্রথম ম্যাচের পরই আর খেলতে মন চায়নি। আজ খেলে যাওয়ার পর পরের ম্যাচেও আসতে মন চাইবে না। যারা তোমাদের এমন মাঠে খেলাচ্ছে, তাদের উদ্দেশে তুমি কী বলবে? মমিন: ওনাদের বলব, আমাদের একটা ভালো মাঠ দেন। মাঠ ভালো হলে আমাদের খেলাও ভালো হবে। আমরা ম্যান (খেলোয়াড়) তো বেশি না। কয়েকজন ইনজুরড হয়ে গেছে। আরও হবে মনে হচ্ছে। ১১ জন ইনজুরড হয়ে গেলে আমরা টিম নামাব কেমন করে, একটু ভাবেন স্যার, আপনারা। কখনো ভেবেছিলে, জীবনের প্রথম বড় টুর্নামেন্টটা এমন বাজে মাঠে খেলতে হবে?মমিন: একদমই না। আমার বাড়ি সিলেটের মৌলভীবাজারে, সেখানে মোটামুটি ভালো মাঠেই খেলি। আমাদের এই দলটির ম্যানেজার আমাকে এখানে নিয়ে এসেছেন পাইওনিয়ারে খেলার জন্য। আসার আগে ভাবছিলাম, কি-না কি! এসে তো দেখছি বাজে একটা মাঠ। এমন জানলে আসতামই না। তোমার বড় ফুটবলার হওয়ার স্বপ্নটাই মনে হচ্ছে ধাক্কা খেয়ে গেছে?মমিন: ধাক্কা মানে কী...আমার কল্পনারও অতীত এটা। টিভিতে কত সুন্দর মাঠে খেলা দেখি, আমার প্রিয় প্লেয়ার মেসি সুন্দর খেলে। কারণ, সুন্দর মাঠ পায় সে। এই মাঠে মেসি কেন, মেসির বাবাও ভালো খেলতে পারবে না।