সাংহাইয়ে গত বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ভালো করার সুবাদে সরাসরি অলিম্পিকে খেলার টিকিট পেয়েছিলেন। বার্সেলোনায় আরেকটি বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ হবে ১৯ জুলাই-৪ আগস্ট। সেখানে অংশ নিতে ২২ জুলাই বার্সেলোনা যাচ্ছেন মাহফিজুর রহমান (সাগর)। যাওয়ার আগে নিজের প্রস্তুতি নিয়ে কথা বললেন নৌবাহিনীর এই সাঁতারু বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের জন্য কেমন প্রস্তুতি নিয়েছেন?মাহফিজুর রহমান (সাগর): আমাদের প্রস্তুতি ভালোভাবেই চলছে। ৫ জুন আমরা অনুশীলন শুরু করেছি। বার্সেলোনায় যাওয়ার জন্য আমার সঙ্গে অনুশীলন করছেন শিলা (মাহফুজা) ও অনীক। শিলা ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে, অনীক ৫০ মিটার বাটারফ্লাইয়ে এবং আমি ৫০ মিটার ফ্রি-স্টাইলে অংশ নেব। বিদেশি কোচ নেই। স্থানীয় কোচের অধীনে কতটুকু উন্নতি সম্ভব?মাহফিজুর: এখন আমরা অনুশীলন করছি সুইমিং ফেডারেশনের কোচ হামিদ স্যারের কাছে। উনি বাংলাদেশ গেমসের সময়ও আমাদের অনুশীলন করিয়েছিলেন। স্যার আমাদের ভালোই শেখাচ্ছেন। তবে আমাদের জন্য ভালো হতো দীর্ঘমেয়াদি কোনো কোচের অধীনে প্র্যাকটিস করতে পারলে। গেমসের জন্য প্র্যাকটিস করেছি, এরপর বার্সেলোনায় যাওয়ার জন্য আবারও ক্যাম্পে যোগ দিয়েছি। ধারাবাহিক অনুশীলনের মধ্যে আছি বলে ছন্দে আছি। আপনি তো সাংহাইয়ে গত বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে লন্ডন অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। এবার কী লক্ষ্য?মাহফিজুর: এবার তো অলিম্পিকের বাছাই নেই। তবে আমার চাওয়া থাকবে অন্তত সেমিফাইনালে যাওয়া। সর্বশেষ বাংলাদেশ গেমসে হয়েছিলেন সেরা খেলোয়াড়। এটা নিশ্চয়ই আপনাকে বাড়তি উৎসাহ জোগাবে?মাহফিজুর: হ্যাঁ। সেটা তো অবশ্যই। গেমসের সেরা খেলোয়াড় হওয়ার পাশাপাশি ক্রীড়া লেখক সমিতিরও সেরা খেলোয়াড় হই। গেমসের পরপরই হয়েছিল আন্তবাহিনী সাঁতার প্রতিযোগিতা। সেখানেও সেরা হয়েছিলাম। ধারাবাহিক সাফল্য নিজের ভেতরে বাড়তি উৎসাহ জোগাচ্ছে। লন্ডন অলিম্পিকের পর এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন। আন্তর্জাতিক মান বিচারে নিজের পারফরম্যান্স নিয়ে কতটুকু সন্তুষ্ট?মাহফিজুর: আমাদের তো কোনো খেলাধুলাই হয় না। সারা বছর এমন দু-একটা টুর্নামেন্টের জন্যই তাকিয়ে থাকি। লন্ডনে অলিম্পিকে গিয়ে দেখেছি ইউরোপের সব বড় তারকারা নিজেদের উন্নতির জন্য কত কিছু করে। তাঁদের সবার আলাদা কোচ, ফিজিও আছে। সাঁতারপুলে নামার আগে-পরে ল্যাকটিক অ্যাসিডের টেস্ট করে ওরা। এসব আমরা চোখেও দেখিনি। নৌবাহিনী থেকে কি এসব ব্যাপারে কোনো সাহায্য-সহযোগিতার আশ্বাস পান?মাহফিজুর: আমি আমাদের সিও স্যারের কাছে একবার শুনেছিলাম সাঁতারুদের জন্য কোরিয়ান বা চাইনিজ কোচ এনে প্রশিক্ষণ দেওয়া হবে। কিন্তু অন্য কিছুর ব্যাপারে বলতে পারব না। আপনার প্রিয় ইভেন্ট তো ফ্রি-স্টাইল। গত বাংলাদেশ গেমসে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন (২৪.৪২ সেকেন্ড)। বার্সেলোনায় কি এটা টপকাতে পারবেন?মাহফিজুর: আগেই বলেছি আমার স্বপ্ন সেখানে সেমিফাইনালে ওঠা। এ জন্য অবশ্যই এই টাইমিংয়ের কম সময়ে সাঁতরাতে হবে। বার্সেলোনায় যাচ্ছেন। নিশ্চয়ই বার্সেলোনা ফুটবল ক্লাবে যাওয়ার ইচ্ছা আছে?মাহফিজুর: আমার প্রথম কাজ সেখানে গিয়ে ভালোভাবে সাঁতরানো। এরপর অন্য কোথাও বেড়াতে যাওয়া। আমি নিজে বার্সেলোনার ফুটবলের ভক্ত, তাই সময় পেলে অবশ্যই ন্যু ক্যাম্পে যাব। পারলে মেসির সঙ্গেও দেখা করার চেষ্টা করব। আমি বার্সেলোনা যাচ্ছি এটা শুনে অনেকেই জিজ্ঞাসা করে, তুমি কি ফুটবল খেলতে যাচ্ছো? আমাকে বুঝিয়ে বলতে হয় সেখানে এবার সাঁতারের বিশ্বকাপ হচ্ছে। আসলে বার্সেলোনা বলতে আমাদের দেশের সবাই মেসি, জাভি, ইনিয়েস্তাদেরই বোঝে।