বয়স ৪৮ পেরিয়েছে। নিজে এখনো টেবিল টেনিস খেলেন, মেয়েকেও নিয়ে এসেছেন এই খেলায়। বাবা-মেয়ে আরও একবার খেলতে এলেন গতকাল উডেনফ্লোরে শুরু হওয়া ৩২তম জাতীয় টিটিতে। রংপুর শহরের জাহাঙ্গীর আলম (সার্জন) খেলা অন্তঃপ্রাণ এক মানুষের প্রতিচ্ছবি পুরো পরিবার নিয়েই দেখি চলে এসেছেন! জাহাঙ্গীর আলম: হ্যাঁ, সবাইকে নিয়ে চলে এলাম। স্ত্রী আর দুই মেয়ে। বড় মেয়ে রোকাইয়া আলম (তুর্বিনা) জাতীয় দলে খেলে। অনূর্ধ্ব-১৬ বিভাগে ২০০৮ সালে জাতীয় চ্যাম্পিয়ন ছিল। ঢাকায় অনার্স পড়ছে। ছোট মেয়েটা স্কুলে পড়ে। জাতীয় টিটি শুরু হলে আমি থাকতে পারি না। চলে আসি খেলতে। এবার নিয়ে কতবার জাতীয় টিটিতে খেলছেন?জাহাঙ্গীর: প্রথম খেলি ১৯৭৯ সালে, সেটি ছিল পঞ্চম ন্যাশনাল টিটি। ১৯৯২-০১ পর্যন্ত একটা গ্যাপ গেছে। এরপর আবার ফিরেছি। এখন জাতীয় টিটিতে নিয়মিত। এত খেলা থাকতে টিটি বেছে নিলেন কেন?জাহাঙ্গীর: ছোটবেলা থেকেই খেলাধুলা করছি। ১৯৮৩ সালে ব্যাডমিন্টনে অনূর্ধ্ব-১৮ জাতীয় চ্যাম্পিয়ন ছিলাম। এরপর ব্যাডমিন্টন ছেড়ে টিটি শুরু করি। রংপুর শহরের গুপ্তপাড়ায় আমার বাসা। পাড়ায় ইলেভেন স্টার নামে একটা ক্লাব আছে, স্থানীয় ক্রিকেট লিগে খেলে। সেখানে আমি টিটির একটা টেবিল বসাই। তারপর আরও সুযোগ-সুবিধা বেড়েছে। এখন জাতীয় টিটিতে রংপুর জেলা থেকে আসা খেলোয়াড়েরা প্রায় সবাই ইলেভেন স্টারের খেলোয়াড়। ব্যাডমিন্টন কেন ছেড়ে দেন?জাহাঙ্গীর: অনূর্ধ্ব-১৮ বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন হয়েও জাতীয় দলে সুযোগ না পাওয়ার ক্ষোভ থেকে। ছয় মাস বেশি বয়স হওয়ায় আমাকে নেওয়া হয়নি। অথচ আমার চেয়ে বেশি বয়সীরা তখন সুযোগ পেয়ে যায়। মেয়েকে কীভাবে টিটিতে আনলেন?জাহাঙ্গীর: তুর্বিনার জন্ম ১৯৯৩ সালে। এরপর ভাবলাম, যেহেতু টিটি খেলাটা জানি তাই অন্যদের কেন শেখাব না? মেয়ে আস্তে আস্তে বড় হলো, ওকে শেখাতে থাকলাম। রংপুরের অনেক খেলোয়াড় আমারই হাতে গড়া। মেয়ের সঙ্গে কখনো জুটি বেঁধে খেলেছেন?জাহাঙ্গীর: ২০০৩ সালে রংপুর জেলার হয়ে যশোরে দুটি ম্যাচ খেলেছি। একটা জয়, একটা হার। তারপর আর খেলিনি। কারণ, ওর ভালো পার্টনারের দরকার ছিল। আপনার স্ত্রী বলছিলেন, প্রথম প্রথম তিনি আপনার এই খেলাধুলা পছন্দ করতেন না...জাহাঙ্গীর: হ্যাঁ, এটা একটু সমস্যা হয়ে যেত (পাশেই বসা স্ত্রী এবং দুই মেয়ে)। তবে এখন মানিয়ে নিয়েছে। আমি খেলার পেছনে প্রচুর টাকা খরচ করি। মাসে গড়ে ১০-১২ হাজার টাকা। ব্যক্তিগত খরচ তো আছেই, গোটা টিমকেও সাহায্য করি। ঢাকায় টিম আসছে, কারও সাহায্য পাওয়া যাচ্ছে না...আমি টাকা দিয়ে নিয়ে আসি। এবারও একই ঘটনা। খেলার বাইরে কী করেন?জাহাঙ্গীর: কিছুই করি না। আমার ধান-চালের ব্যবসা আছে, আগে নিজে করতাম। এখন অন্যরা দেখাশোনা করে। আমি কিছু না করলেও চলে যায়। এরশাদের বাড়ি পল্লী নিবাসের সামনে আমার একটা মার্কেট আছে। তবে আমি সারাক্ষণ খেলা নিয়েই থাকি। হিসাব করে দেখেছি, আড়াই কোটি বার আমি টিটি বল মেরেছি। বলেন কী, কীভাবে এই হিসাব করলেন?জাহাঙ্গীর: হিসাবটা এমন—গড়ে প্রতিদিন দুই ঘণ্টা অনুশীলন করি। ৩৬৫ দিনের মধ্যে অন্তত ৩০০ দিন তো হবেই। এক ঘণ্টায় দুই হাজার বার বল মারা যায়। খেলোয়াড় হিসেবে আপনার তৃপ্তিটা কোথায়?জাহাঙ্গীর: বাংলাদেশের এক শ জন খেলোয়াড়ের মধ্যে আমি আছি কি না জানি না। সেই হিসাব মেলাই না। জেলার হয়ে খেলি, এই আমার তৃপ্তি। যত দিন শরীর সাড়া দেবে খেলব। সেটা ৬০ বছর বয়স হলেও। জাতীয় আঞ্চলিকে ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছি একবার, এটাই আমার সেরা সাফল্য।