শুধুই একজন অ্যাথলেট নন, তিনি এখন একজন মা-ও। অ্যাথলেটিকস ফেডারেশন আয়োজিত ক্যাম্পে যোগ দিলেও তাঁর মনটা পড়ে থাকে পাঁচ বছরের মেয়ের জন্য। গত সামার মিটে দ্রুততম মানবীর আসন ফিরে পাওয়া শামসুন্নাহার চুমকির সব চিন্তা এখন মেয়েকে ঘিরেই আপনি যে ঢাকায় ক্যাম্পে এলেন, আপনার মেয়ে কার কাছে থাকে?শামসুন্নাহার চুমকি: আমার মায়ের কাছে। মা থাকেন নোয়াখালীর মাইজদীতে। সেখানেই আমাদের বাড়ি। ক্যাম্পে এলে মেয়েকে তো কাছে পান না। এভাবে কত দিন কাটবে?শামসুন্নাহার: এবার কত দিন কাটবে, তা নির্ভর করবে ক্যাম্পের সময়সীমার ওপর। ২৯ নভেম্বর মেয়ের জন্মদিন। মনে হয়, যেতে পারব না। বাড়িতে আমার আরেকটা কাজ পড়ে আছে। দুবার ছুটি নেওয়া সম্ভব নয়। একদিকে খেলা, অন্যদিকে মেয়ে—এই টানাপোড়েন কীভাবে সামলান? শামসুন্নাহার: আমার মা অনেক সহযোগিতা করেন। নাতনিকে দেখভাল মানে ট্রেনিংয়ের ব্যাপারেও সহযোগিতা করেন তিনি। আমার পাঁচ বছরের মেয়ে সামিয়া রিচি এখন নোয়াখালীর পুলিশ স্কুলে কেজিতে পড়ছে। মেয়ে যখন আরও ছোট ছিল, তখন তো খেলার জন্য আরও অনেক কষ্ট করতে হয়েছে আপনাকে... শামসুন্নাহার: হ্যাঁ, অনেক কষ্ট করেছি। মাত্র চার মাস বয়সের কোলের শিশুকে ঘরে রেখে খেলার মাঠে এসেছি। শারীরিক-মানসিক অনেক কষ্ট সইতে হয়েছে। তবু ভাবতাম, আমাকে খেলতেই হবে। খেলা ছাড়া আমার জীবনে কিছু নেই। কিন্তু মাঝখানে তো আড়ালে চলে গিয়েছিলেন...শামসুন্নাহার: বাঁ পায়ের হ্যামস্ট্রিং সমস্যায় বছর তিনেক পুরোপুরি মাঠে ছিলাম না। তবে খেলাটা আমার রক্তে মিশে গেছে। তাই ভালোভাবেই ফিরে এসেছি। আবার দ্রুততম মানবী হয়েছি। গত সামার মিটের আগে এক বান্ধবীর সহায়তায় খুলনায় কোচ জয়নাল আবেদীন ভাইয়ের কাছে ট্রেনিং করেছি। তিনি ভালো ট্রেনিং করান। এটা কাজে লেগেছে। তখন মেয়ে কোথায় ছিল? শামসুন্নাহার: মেয়েকে সঙ্গে রাখতে পারিনি। ওর স্কুল ছিল। তবে সত্যি বলতে, মেয়ে আমার জন্য এখন আর কাঁদে না। মা ওকে সেভাবেই গড়ে তুলছেন। আমাদের তিন ভাইবোনের জন্যও বোধ হয় মা এতটা করেননি। এমনিতে মেয়ে আপনাকে যেতে বলে না? শামসুন্নাহার: আমি ঢাকায় আসার তিন দিন পর ফোনে বলেছে, ‘আম্মু, আমরা এখানে প্রতিদিন মুরগি-পোলাও খাই। তুমি আসো, তুমিও খাবে।’ আমি বলেছি, ‘আম্মু, আমিও এখানে ভালো খাই (হাসি)।’ কিন্তু তাকে বিশ্বাস করানো যাচ্ছিল না। তারপর কী বলল? শামসুন্নাহার: লাউড স্পিকার দিয়ে আমাদের সহ-অ্যাথলেটদের শুনিয়েছি, ‘দেখো, এত ছোট বাচ্চা কী বলে?’ ও বলে, ‘নানা বলেছে, তুমি সব ছেড়ে চলে আসো।’ আমি এখানে কীভাবে আছি, কী খাই, সে চিন্তা করে। এটা ভাবতে খুব ভালো লাগে। মা হিসেবে এসব নিশ্চয়ই আপনার জন্য কষ্টের? শামসুন্নাহার: কষ্টের তো অবশ্যই। তবে ওকে বোঝালে এখন বোঝে। এখন বাড়ি থেকে আসার সময় বলি, ‘আম্মু চাকরিটা দরকার আছে (বাংলাদেশ আনসার)। তাই যাচ্ছি।’ সে হেসে আমাকে বিদায় দেয়। দুই বছর আগে কান্নাকাটি করত। ফোন করলে চিৎকার করে কাঁদত। অনেক দিন অ্যাথলেটিকসে আছেন। প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব মেলান? শামসুন্নাহার: ১৪ বছর বয়সে এসেছিলাম এই অঙ্গনে। ১০ বছর পার হলো। ২০০২ সালে ২০০ মিটারে প্রথম হয়েছিলাম। পরের বছর ১০০ মিটারে নতুন রেকর্ড গড়ি। তারপর কিছু সমস্যা গেছে। আর এখন হিসাব মেলালে দেখি অনেক চাপে আছি (হাসি)। কী সেই চাপ?শামসুন্নাহার: মেয়েকে ভালো স্কুলে পড়ানো, ভালো খাওয়ানো...আমি হাবুডুবু খাচ্ছি (হাসি)। মেয়ের এক বছর বয়সে ওর বাবার সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে। এখন মেয়েকে নিয়েই আছি। তবে খেলতে এলে মেয়ের জন্য খারাপ লাগে।