‘মেয়েরা পারে না এ কথা শুনলে রাগ হয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মেয়েরা এটা পারবে না, মেয়েরা ওটা পারবে না—এমন কথা শুনতে আর ভালো লাগে না। এমন কথা শুনলে প্রচণ্ড রাগ হয়। এবার জাম্বুরিতে আমরা প্রতিটি চ্যালেঞ্জে সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেছি।’ কথাগুলো বলে ইন্দিলপুর আব্দুল মজিদ উচ্চবিদ্যালয়ের স্কাউট মেহেরুন আক্তার। তার মতো জেবিন ও শুভা মনে করে, জাম্বুরির প্রশিক্ষণ দিয়ে সামাজের অনেক খারাপ কাজকে বদলাতে পারবে।গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে ২২ জানুয়ারি শেষ হওয়া অষ্টম জাতীয় স্কাউট জাম্বুরিতে এবার ছেলেদের পাশাপাশি মেয়েদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এবার জাম্বুরিতে মেয়ে স্কাউট ছিল প্রায় এক হাজার ২০০ জন। মেয়ে স্বেচ্ছাসেবী হিসেবে রোভার স্কাউট ছিল ৫৮ জন, নারী লিডার ছিল ১২২ জন। এ ছাড়া সুইট বাংলাদেশের একটি মেয়েপ্রতিবন্ধী স্কাউট দলও পথশিশুর দুটি মেয়ের দল যোগদান করে।জাম্বুরিতে অংশগ্রহণকারী সব স্কাউট প্রতিদিন সকালে কারিগর, বন্ধুর পথ, সমাজ চেতনা, বন্ধু ও পড়শি, আমার লক্ষ্য, আনন্দে শিখি, অভিযাত্রা, তাঁবু জলসা চ্যালেঞ্জে খুব আগ্রহসহকারে সব কার্যক্রমে অংশ নেয়। এসব কার্যক্রমের কোনোটিতেই মেয়েদের পিছিয়ে থাকতে দেখা যায়নি। তারা অংশগ্রহণ করেছে, প্রতিযোগিতায় পুরস্কার জিতেছে।বাংলাদেশ স্কাউটসের নির্বাহী সচিব নজরুল ইসলাম বলেন, ২০০৪ সালের জাতীয় স্কাউট জাম্বুরির চেয়ে এবার প্রায় দ্বিগুণ মেয়ে অংশগ্রহণ করেছে। এ ছাড়া এখানে গজারি বনের তাঁবুতে বাস করাসহ কোনো কিছুতেই তাদের অভিযোগ পাইনি বা সমস্যার কথাও শোনা যায়নি।’এবারই প্রথম জাম্বুরিতে ছিল গার্ল ইন স্কাউটিং। মেয়েরা গজারি বনে থাকলেও সেখানে তাদের জন্য আলাদাভাবে গড়ে তোলা হয়েছে পৃথক কয়েকটি এলাকা।প্রধান জাতীয় কমিশনার ও জাম্বুরি চিফ আবুল কালাম আজাদ বলেন, দেশের যুবসম্পদের উল্লেখযোগ্য অংশ হচ্ছে নারী। তাই নারীদের স্কাউটিং পদ্ধতিতে প্রশিক্ষণ দিয়ে আগামী দিনের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা হবে এবং তারাই পারবে ‘দিনবদলে স্কাউটিং’-এর মূল মর্মকথা সার্থক করে তুলতে।ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা গবিন্দ উচ্চবিদ্যালয়ের স্কাউট লিডার আসমা আক্তার বলেন, ‘আমাদের এলাকায় অভিভাবকেরা মনে করেন, স্কাউটে মেয়েরা কেন যাবে, তারা তো তাদের মেয়েদের বাড়ির বাইরে ছাড়তে নারাজ। আমাদেরও একটা ধারণা ছিল, মেয়েদের নিয়ে কীভাবে থাকব, খাব। কিন্তু জাম্বুরিতে যোগ দিয়ে বুঝতে পারলাম, স্কাউট শুধু ছেলেদের জন্য জন্য নয়, মেয়েরাও এর সমান অংশীদার। মৌচাকের শালবনে পাশাপাশি ছেলেমেয়েরা থাকলেও জাম্বুরির নয় দিনে কোনো রকম সমস্যায় আমাদের পড়তে হয়নি।’গত ২২ জানুয়ারি সন্ধ্যায় মৌচাকের প্রশিক্ষণকেন্দ্রের একটি শুকিয়ে যাওয়া পুকুরে আয়োজন করা হয় মহাতাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম। তিনি বলেন, স্কাউটরাই পারে তাদের প্রশিক্ষণ যথাযথ কাজে লাগিয়ে ভিশন ২০২১ সার্থক করতে। স্কাউটরাই পারে নিজে শুধরে অন্যকে শুধরে দিতে। তিনি এবার জাম্বুরিতে ১২ শতাধিক মেয়ে স্কাউট যোগ দেওয়ায় সন্তোষ প্রকাশ করেন।