‘মোক বাচান!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজিবর রহমানের বয়স ৬৭ বছরের কাছাকাছি। কানে কম শোনেন, পা নেই, শরীরে শক্তিও নেই। চলাফেরা করতে পারেন না। পড়ে আছেন মাটিতে। কী হয়েছে? জিজ্ঞেস করতেই তাঁর দুচোখ গড়িয়ে পানি নামে। একসময় নিঃশব্দ কান্নায় ভেজাকণ্ঠে বলেন, ‘তোমরায় মোর বাপ-মাও, মোক বাঁচান। হয় একনা হুইল চেয়ারের ব্যবস্থা করি দেন, না হয় বিষ আনি দেন। খেয়া মরিম। এমতন বাঁচি থাকিবার চায়া মরাই ভালো।’খোঁজ নিয়ে জানা গেছে, রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের সরকারপড়া গ্রামের এই মজিবর রহমানের কোনো জমিজমা নেই। বেঁচে নেই তাঁর মা-বাবা, ভাই-বোন ও স্ত্রী। থাকেন পাটখড়ি দিয়ে ঘেরা ছোট্ট একটি কুঁড়েঘরে। গ্রামের কারও দয়া হলে তাঁর খাবার জোটে, নয়তো থাকতে হয় অনাহারে। বয়স্ক-ভাতার জন্য অনেক চেষ্টা করেও তা পাননি, প্রতিবন্ধী-ভাতাও জোটেনি তাঁর ভাগ্যে।মজিবর জানান, তাঁর কোনো জমিজমা নেই। দিনমজুরি করে সংসার চালাতেন। আট বছর আগে স্ত্রী মমতাজের মৃত্যুর পর তাঁর মেয়ে মকছুদাকে অনেক কষ্টে বিয়ে দেন পাশের ডাঙ্গাপাড়া গ্রামের ভূমিহীন আকবর আলীর সঙ্গে। কিন্তু ২০০৮ সালের সড়ক দুর্ঘটনায় আকবর আলী মারা গেলে মেয়ে মকছুদা ও তাঁর দুই সন্তানের ভরণপোষণের ভার এসে পড়ে তাঁর ওপর। মরার ওপর খাড়ার ঘা হয়ে ২০০৯ সালের জুলাই মাসে গাছ থেকে পড়ে মজিবরের ডান পা ভাঙে। অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে পা কেটে ফেলতে হয়। এখন তাঁর দিন কাটে অনাহারে, অভাবে।মজিবরের মেয়ে মকছুদা বলেন, ‘ঘরে চাল নাই। চিকিৎসার পয়সা নাই। এলাকাতেও কাম নেই। মেম্বার-চেয়ারম্যানও প্রতিবন্ধী-ভাতা করি দেয় না বাবাক। এলা আমাগেরে দিন যায়ছে খেয়া না খেয়া।’সরকারপাড়া গ্রামের দিনমজুর মজনু মিয়া বলেন, ‘মজিবরের অবস্থা খুবই করুণ। প্রায় দিনই মজিবর থালা নিয়ে বুক ছেঁচড়ে এসে ভাত চায়। না দিলে কান্নাকাটি করে। তখন নিজের ভাত না থাকলেও তাঁকে দিই।’গ্রামের ইউপি সদস্য মতিয়ার রহমান বলেন, ‘মজিবরের দুঃখ-দুর্দশার কথা জানি। তাই প্রতিবন্ধীর তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি।’উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকোনুল ইসলাম জানান, এখন তো আর প্রতিবন্ধীদের ভাতার তালিকা করা হচ্ছে না। সরকারি নির্দেশ পেলে মজিবরের নামে ভবিষ্যতে প্রতিবন্ধী-ভাতার ব্যবস্থা করে দেওয়া হবে।