‘মোদাচ্ছেরকে জিজ্ঞাসাবাদ নয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলমার্ক ঋণ কেলেঙ্কারির ঘটনা তদন্তে গঠিত অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটি এ বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মোদাচ্ছের আলীকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন বোধ করছে না। কারণ, এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদে কেউ মোদাচ্ছের আলীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেননি। আজ সোনালী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে তদন্ত চালাতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেছেন উপকমিটির আহ্বায়ক তাজুল ইসলাম। তবে উপকমিটি প্রয়োজনে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠক করবে বলে তিনি জানিয়েছেন।অবৈধভাবে হলমার্ককে দুই হাজার ৬৬৮ কোটি টাকা ঋণ দেওয়ার ঘটনা তদন্ত এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ঋণ দেওয়ার অনিয়ম খতিয়ে দেখতে গঠিত অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটি আজ সোনালী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করে। তদন্ত দলে ছিলেন উপকমিটির আহ্বায়ক তাজুল ইসলাম ও সদস্য গোলাম দস্তগীর গাজী। সেখানে তাঁরা সোনালী ব্যাংকের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন।বৈঠক শেষে তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘হলমার্কের বিষয়টি নিয়ে কমিটি তদন্ত চালিয়ে যাচ্ছে। হলমার্ককে ঋণ দেওয়ার ব্যাপারে ব্যাংকের ব্যবস্থাপনায় কোনো ত্রুটি ছিল কি না, কমিটি খতিয়ে দেখছে। ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তার জবানবন্দী গ্রহণ করা হয়েছে। তদন্তে যথেষ্ট অগ্রগতি আছে। তবে তদন্তের স্বার্থে আপাতত তা প্রকাশ করা যাচ্ছে না।’এদিকে হলমার্ক কেলেঙ্কারি নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মোদাচ্ছের আলীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংসদীয় তদন্ত দল মোদাচ্ছের আলীকে জিজ্ঞাসাবাদ করবে কি না, জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, ‘কমিটি এখন পর্যন্ত যাঁদের সঙ্গে কথাবার্তা বলেছে, তাঁদের কেউই এ কাজে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সম্পৃক্ত থাকার বিষয়ে কিছু বলেননি। জিজ্ঞাসাবাদে কেউ বলেননি যে তাঁরা অন্য কারও দ্বারা প্রভাবিত হয়ে কাজ করেছেন। যে কারণে কমিটি প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন বোধ করছে না। তা ছাড়া বিষয়টি সংসদীয় উপকমিটির কর্মপরিধির মধ্যে পড়ে না। এ কাজের দায়িত্ব দুর্নীতি দমন কমিশনের। তবে তদন্তের সুবিধার জন্য হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদকে তদন্ত কমিটির বৈঠকে তলব করা হবে।’সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত এ সময়ে সাংবাদিকদের বলেন, নিয়মবহির্ভূতভাবে হলমার্ককে ঋণ দেওয়া হয়েছে। বিষয়টি দুদককে জানানো হয়েছে। সোনালী ব্যাংক তাদের আইন কর্মকর্তাদের পরামর্শে এখন পর্যন্ত হলমার্কের বিরুদ্ধে কোনো মামলা করেনি বলে তিনি জানান।বিকেলে সংসদীয় উপকমিটি সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা পরিদর্শন করে। পরিদর্শন শেষে তাজুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, সোনালী ব্যাংক রূপসী বাংলা শাখার বেশির ভাগ কর্মকর্তাই নতুন। পুরোনোদের বেশির ভাগই নিম্নপদস্থ। তাঁরা কমিটিকে জানিয়েছেন, হলমার্ককে ঋণ দেওয়া-সংক্রান্ত কোনো নথি তাঁদের শাখায় ছিল না। সব নথিই হলমার্কের অফিসে ছিল।