‘মোবারক চলে যাও’ দাবিতে উত্তাল মিসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের দাবিতে গতকালও মিসর ছিল উত্তাল। শুক্রবার দেশটির রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে বিশাল গণবিক্ষোভের আয়োজন করে আন্দোলনকারীরা। এর আগে আন্দোলনকারীরা দিনটিকে মোবারকের ‘ডে অব ডিপারচার’ বা ‘বিদায় দিবস’ ঘোষণা করে। এদিকে যুক্তরাষ্ট্র অবিলম্বে ক্ষমতা হস্তান্তর-প্রক্রিয়া শুরু করতে মোবারকের প্রতি আহ্বান জানিয়েছে। এ ছাড়া ভাইস প্রেসিডেন্ট ওমর সুলাইমানকে প্রধান করে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরিকল্পনা নিয়েও আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসি, রয়টার্স, এএফপি ও আল-জাজিরা অনলাইনের।এর আগে একই দাবিতে গত মঙ্গলবারও তাহরির স্কয়ার ও মিসরের আলেকজান্দ্রিয়া এবং সুয়েজ শহরে লাখো মানুষের বিক্ষোভ সমাবেশ হয়। ওই সময় সরকারবিরোধী এই বিক্ষোভের অন্যতম নেতা নোবেলজয়ী মোহাম্মদ এলবারাদি শুক্রবারের মধ্যে মোবারককে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়েছিলেন। তবে গত ২৫ জানুয়ারি থেকে শুরু হওয়া ব্যাপক এই সরকারবিরোধী বিক্ষোভের পরও হোসনি মোবারক ক্ষমতা ছাড়ার লক্ষণ দেখাননি। বরং গত বৃহস্পতিবার এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মোবারক বলেছেন, তিনি এ মুহূর্তে ক্ষমতা থেকে সরে দাঁড়ালে মিসরজুড়ে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। তিনি বলেন, ‘আমি পালাতে চাই না, আমি এই মাটিতেই মরতে চাই।’ নিজের ছেলেকেও উত্তরসূরি হিসেবে ক্ষমতায় বসানোর ইচ্ছা নেই বলে উল্লেখ করেন তিনি। অবশ্য এর আগে এক ভাষণে মোবারক ঘোষণা করেন, তিনি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।তবে মোবারকের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র অবিলম্বে মিসরে ক্ষমতার পালাবদল-প্রক্রিয়া শুরু করতে মোবারকের প্রতি আহ্বান জানিয়েছে। যুক্তরাজ্য, জার্মানি, তুরস্ক, ফ্রান্সসহ বিভিন্ন দেশ মোবারককে জনগণের দাবি মানার ব্যাপারে চাপ অব্যাহত রেখেছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারাও গতকাল এক যৌথ বিবৃতিতে মিসরে এখনই ক্ষমতা হস্তান্তর-প্রক্রিয়া শুরুর দাবি জানিয়েছে। গতকাল জাতিসংঘের মহাসচিব বান কি মুনও মিসরে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে ক্ষমতার পালাবদলের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থার প্রধান নাভি পিল্লাই বলেছেন, তিউনিসিয়ায় গত মাসে যে ধরনের পরিবর্তন এসেছে, মিসরও অনেকটা সে ধরনের পরিবর্তনের জন্য প্রস্তুত।এদিকে প্রভাবশালী মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে জানানো হয়েছে, মিসরে ক্ষমতার পালাবদল দ্রুত করতে সম্প্রতি নিয়োগ পাওয়া ভাইস প্রেসিডেন্ট ওমর সুলাইমানকে প্রধান করে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যাপারে একটি পরিকল্পনা নিয়ে নেপথ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস বা মার্কিন পররাষ্ট্র দপ্তর সরাসরি এই তথ্য অস্বীকার করেনি। বরং মার্কিন প্রেসিডেন্ট ওবামার জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র বলেন, একটি অর্থবহ, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পালাবদল শুরু করার সময় হয়েছে। তবে এই পরিকল্পনার ব্যাপারে সেখানকার সামরিক বাহিনী ও ওমর সুলাইমানের বিরূপ প্রতিক্রিয়া দেখে অবাক হয়েছে মার্কিন প্রশাসন।গতকাল তাহরির স্কয়ারে সামরিক বাহিনীর উপস্থিতি আগের দিনগুলোর তুলনায় ছিল বেশি। মার্কিন সামরিক বাহিনীর প্রধান মাইক মুলেন জানিয়েছেন, মিসরের সামরিক বাহিনী আশ্বাস দিয়েছে, তারা বিক্ষোভকারীদের প্রতি গুলি ছুড়বে না। এ ছাড়া মোবারকের সমর্থকদেরও তাহরির স্কয়ারের আশপাশে দেখা যায়নি। তবে সেনাবাহিনী গতকাল সারা দিনই মোবারকবিরোধী ও সমর্থকদের আলাদা করে রাখে। তারা তাহরির স্কয়ার ঘিরে রাখে এবং বিক্ষোভকারীদের তল্লাশি করে সেখানে প্রবেশ করতে দেয়। গতকাল দুপুরের মধ্যেই তাহরির স্কয়ারে ১০ হাজারের বেশি বিক্ষোভকারীর সমাবেশ ঘটে। এরপর ক্রমেই তা জনসমুদ্রে রূপ নেয়। বিক্ষোভকারীরা মোবারকের উদ্দেশে স্লোগান দেন, ‘চলে যাও! চলে যাও! চলে যাও!’ তাঁরা বলেন, ‘আজ শেষ দিন। আজ শেষ দিন...মিসরের জন্য, আজ উৎসবের দিন।’ বিক্ষোভকারীরা আরও বলেন, সেনাবাহিনী ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আন্দোলনের নেতৃত্বে থাকা মিসরের বিরোধী রাজনৈতিক শক্তি হিসেবে পরিচিত মুসলিম ব্রাদারহুড দিনটিকে মোবারকের ‘বিদায় দিবস’ হিসেবে ঘোষণা করে। তারা বলেছে, মোবারক ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তারা সরকারের সঙ্গে ক্ষমতার পালাবদল নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত। কায়রোর সিক্সথ অক্টোবর সেতুর কাছে ৪০০ মোবারক-সমর্থককে জড়ো হতে দেখা গেছে। এ ছাড়া শহরের তালাত হাব স্কয়ারের কাছে ৩০০ মোবারক-সমর্থক ও বিরোধী মুখোমুখি অবস্থান নেয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।আলেকজান্দ্রিয়া, সুয়েজ, ইসমাইলিয়া, পোর্ট সাইদ, মানসুরা, দামানুর, এল আরিশ শহরেও হাজার হাজার বিক্ষোভকারী মোবারকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে। গতকাল তাহরির স্কয়ার পরিদর্শন করেন মিসরের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ হোসেন। তিনি সেখানে দায়িত্ব পালনরত সেনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। বিক্ষোভ শুরু হওয়ার পর এই প্রথম কোনো মন্ত্রী বিক্ষোভস্থল পরিদর্শন করলেন। এদিকে গতকাল বিক্ষোভকারীদের সঙ্গে আরব লিগের প্রধান এবং মিসরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আমর মুসাও যোগ দেন। আমর মুসা বলেন, তিনি অন্তর্বর্তী সরকারে শরিক হতে প্রস্তুত আছেন। পরবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়বেন কি না—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আমর মুসা বলেন, ‘কেন নয়? আমি অবশ্যই আমার দেশের সেবা করতে চাই এবং এ জন্য প্রস্তুত আছি।’এদিকে গতকাল ফ্রান্সের সবচেয়ে বড় বেসরকারি টেলিভিশন কর্তৃপক্ষ টিএফওয়ানের সাংবাদিকদের আটক করার খবর পাওয়া গেছে। টিএফওয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সকালে সাদা পোশাকে সশস্ত্র কয়েকজন ব্যক্তি তাঁদের সাংবাদিকদের ধরে নিয়ে যায়। তাঁদের চোখ বেঁধে নিয়ে গিয়ে ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া ফ্রান্স টোয়েন্টিফোর নামের আরেকটি টেলিভিশন চ্যানেলের তিন সাংবাদিককে বুধবার ধরে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে আল-জাজিরা টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল তাঁদের কায়রোর কার্যালয়ে হামলা চালানো হয়েছে। অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা সেখানে গিয়ে যন্ত্রপাতি ভাঙচুর করে।মিসরের অর্থমন্ত্রী সামির রাদওয়ান জানিয়েছেন, গত কয়েক দিনের রাজনৈতিক বিক্ষোভের ক্ষয়ক্ষতি মেটানোর জন্য সরকার ৫০০ কোটি মিসরীয় পাউন্ডের (৮৫ কোটি ৪০ লাখ ডলার) তহবিল গঠন করেছে। তিনি বলেন, ‘আমরা ক্ষয়ক্ষতির হিসাব বের করেছি এবং বাজেটে কাটছাঁট না করে এই ক্ষতি পোষানোর ক্ষমতা আমাদের রয়েছে।’