ফেডারেশন কাপের ৩০ বছরের ইতিহাসে আগে কখনো গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়নি মোহামেডান। সেমিফাইনাল অন্তত খেলেছেই। এবার শেষ চারে জায়গা হয়নি। কাল শেষ গ্রুপ ম্যাচের পর অধিনায়ক এনামুল হকের (শরিফ) কথায় হতাশার পাশাপাশি আশাবাদও থাকল আপনাকে দেখে বোঝা যাচ্ছে হতাশ...এনামুল হক (শরিফ): আমরা ফেডারেশন কাপকে নিছকই প্রস্তুতিমূলক টুর্নামেন্ট হিসেবে নিয়েছিলাম। আমাদের খুব একটা উচ্চাশা ছিল না। তবে সেমিফাইনাল খেলতে চেয়েছিলাম। সেই আশা না মেটায় কিছুটা হতাশ বলতে পারেন। তবে খুব বেশি হতাশ নই। মোহামেডানের অধিনায়কেরা সব সময়ই শিরোপা কথা বলেন। আপনার কথাগুলো কেমন বেমানান লাগছে...এনামুল: জানি, মোহামেডানের অধিনায়কেরা শিরোপার কথাই সব সময় বলেন। কিন্তু এবার আমাদের দলটা দেখুন, শিরোপা আশা কীভাবে করব? সব তরুণ খেলোয়াড়। এদের নিয়ে এখনই বড় স্বপ্ন দেখা যায় না। যতই যুক্তি থাক, মোহামেডানের মতো দলের ফেডারেশন কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া বড় ব্যর্থতা নয়?এনামুল: আমি এটাকে ব্যর্থতা বলতে রাজি নই। এই টুর্নামেন্টে আমরা আরেকটু ভালো করতে পারতাম। কিন্তু দুজন বিদেশি খেলোয়াড়ের ছাড়পত্র আসেনি। ওরা খেললে সেমিফাইনালে ওঠা কঠিন ছিল না। সামনে লম্বা মৌসুম। সুপার কাপ, তারপর পেশাদার লিগ। মোহামেডান কত দূর যেতে পারবে মনে করেন?এনামুল: গুছিয়ে উঠলে আমরা লিগে ভালো করব ইনশাআল্লাহ। সময় পাচ্ছি কিছুদিন। কঠোর অনুশীলন করে মোহামেডান ঘুরে দাঁড়াবেই। মোহামেডানের সমর্থকেরা ক্ষুব্ধ না হলেও ব্যথিত। তারা আপনার কথায় কতটা আস্থা রাখতে পারে?এনামুল: সমর্থকদের একটা কথাই বলব, আপনারা হতাশ হবেন না। মোহামেডানের জার্সির একটা ওজন আছে। আমাদের ওপর বিশ্বাস রাখুন। জার্সির কথা বললেন। শুধু যে জার্সি দিয়ে পার পাওয়া যায় না, সেটা তো প্রমাণিত...এনামুল: কথাটা হয়তো ঠিক। তবে আমরা খারাপ তো খেলিনি। আজ (কাল) পেনাল্টি পেয়েও আমরা গোল করতে পারিনি। একবার বল জালে ঢুকালেও সহকারী রেফারি অফসাইডের পতাকা তুলেছেন। আমরা জিততেও পারতাম ম্যাচটা। মাঠে এসেই দেখলেন ব্রাদার্স হারছে। ফেডারেশন কাপ থেকে বিদায় হয়ে গেছে জেনে মাঠে নামার সময় কেমন লেগেছে?এনামুল: খুবই খারাপ লেগেছে। চাইছিলাম, ব্রাদার্স অন্তত ড্র করুক। কিন্তু ওরা না পারলে আমাদের তো করার কিছু নেই। আপনি মুক্তিযোদ্ধা থেকে টাকা নিয়ে পরে মোহামেডানে এসেছেন। মোহামেডান এবার দুর্বল জেনেও এই দলেই নাম লেখালেন কেন?এনামুল: মুক্তিযোদ্ধায় খেলার সুযোগ পাওয়ার ব্যাপারে আমি মোটামুটি নিশ্চিন্তই ছিলাম। তার পরও মনের মধ্যে একটু খচখচানি ছিল। এমন সময়ই মোহামেডান অধিনায়ক করার প্রস্তাব দিল। এই দলে আগেও খেলেছি। একটা টান অনুভব করি সব সময়। তাই ঠিক করেছি মোহামেডানেই খেলব। হাসান আল মামুন এবং আপনিসহ তিন-চারজনই কেবল বড় দলে খেলার অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড় আছে দলে। মোহামেডানে এবার বড় কোনো নাম নেই। একজন ফুটবলার হিসেবে এটাকে কীভাবে দেখেন?এনামুল: মোহামেডান তারকাহীন দল আগেও ছিল। তবে এবার একটু বেশিই তারুণ্যনির্ভর হয়ে গেছে। খেলোয়াড়-সংকটের কারণে ইচ্ছা থাকলেও পরিকল্পনা অনুযায়ী দল গড়ার সুযোগ ছিল না। তবে ম্যানেজমেন্ট চেষ্টা করছে। চেষ্টার ফল আমরা পাব আশা করি।