‘মোহামেডানকে এভাবে দেখব ভাবিনি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ লিগে কাল টানা দ্বিতীয় ম্যাচ হারল ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান। সমর্থকদের মতো হতাশ এবার নিয়ে তৃতীয় মৌসুম সাদা-কালোয় খেলা এমেকা ক্রিস্টিয়ানো। মোহামেডানের দুর্দশায় আক্ষেপও ঝরে পড়ল নাইজেরিয়ান স্ট্রাইকারের কণ্ঠে রহমতগঞ্জের পর ব্রাদার্সের কাছে হার। মোহামেডানের মতো ঐতিহ্যবাহী দল টানা দুই ম্যাচ হারবে, এটা কি ভাবতে পেরেছিলেন?এমেকা ক্রিস্টিয়ানো: একদমই না। মোহামেডান এ দেশের অন্যতম বড় দল। টানা দুই ম্যাচ হারা মোটেই মানায় না তাদের। মোহামেডানকে এভাবে দেখব ভাবিনি। এবার আনকোরা নবীনদের নিয়ে দল গড়েছে মোহামেডান। সেদিক থেকে তো এই ফল অপ্রত্যাশিতও নয়...এমেকা: ঐতিহ্য বাদ দিয়ে বাস্তবতা মানলে এমনটা হওয়া অস্বাভাবিক নয়। তবে মাঠে আমরা হারার মতো খেলিনি। বরং বেশ ভালো খেলেছি। মোহামেডান ফেডারেশন কাপে ব্রাদার্সের কাছে হেরেছিল, আজ হারল আবার। এর আগে মোহামেডানকে ব্রাদার্সের কাছে হারতে দেখিনি আমি। আমার জন্য ব্যাপারটি হতাশাজনক। সমস্যাটা কোথায়?এমেকা: বড় সমস্যা খেলায় মনোযোগিতার অভাব। তা ছাড়া বোঝাপড়াও ঠিক হচ্ছে না। ভালো খেলতে খেলতে মনঃসংযোগ হারালে প্রতিপক্ষ সুযোগ তুলবেই। দুই সেন্ট্রাল ডিফেন্ডারের সতর্ক থাকা উচিত ছিল আজ। আমাদের খেলার প্রতি আরও মনোযোগী হতে হবে। আপনি নিজের পারফরম্যান্সে খুশি?এমেকা: একজন খেলোয়াড় একা একটি টিমকে হারাতে পারে না। এটা পুরোপুরি টিম ওয়ার্কের ব্যাপার। গোটা টিম ভালো না খেললে আপনি ফল পাবেন না। কিন্তু আপনাকে আগের সেই এমেকার মতো লাগছে না। মোহামেডান ও আবাহনীর হয়ে প্রথম দুই মৌসুম দারুণ খেলার পর আপনি যেন হারিয়ে গেছেন...এমেকা: আমি আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে খেলছি। হ্যাঁ, আমাকে আরও ভালো করতে হবে। দল আমার কাছে অনেক কিছু চায়, সেটা আমি জানি, কিন্তু আবারও বলছি, ফুটবল একজনের খেলা নয়। এই মৌসুমে আপনি এখনো গোল পেলেন না। তাহলে দল তো হোঁচট খাবেই। আপনার ফিটনেস নিয়েও মাঝখানে কথা উঠেছিল।এমেকা: ফিটনেস ঠিকই আছে। তবে গোল না পাওয়াটা আমাকে কষ্ট দিচ্ছে। অন্যদের দিয়ে অবশ্য গোল তো করিয়েছি। যা-ই হোক, সামনের প্রতিটি ম্যাচে আমি গোল করতে চাই। মোহামেডান এবার কত দূর যেতে পারে বলে মনে করেন?এমেকা: টানা দুই ম্যাচ হেরে আমরা অনেক পিছিয়ে গেছি। ঘুরে দাঁড়িয়ে কত দূর যাওয়া সম্ভব, ঠিক জানি না। কেবল ঈশ্বর জানেন। তবে আজ রেফারিং দেখে আমি শঙ্কিত।  রেফারিং নিয়ে শঙ্কাটা কোন জায়গায়?এমেকা: অহেতুক অফসাইড ধরা হয়েছে আজ। বল নিয়ে এগোলেই অফসাইড। এভাবে তো খেলা নষ্ট হয়। তা ছাড়া গুরুতর ফাউল হলেও রেফারির বাঁশি অনেক সময়ই নীরব। কখনো কখনো সামান্য কারণে বাঁশি বাজে এবং কার্ডও বের করেন রেফারি। আপনি বেশ কয়েক মৌসুম ধরে খেলছেন বাংলাদেশের ক্লাব ফুটবলে। কোনো পরিবর্তন কি দেখছেন?এমেকা: পরিবর্তন বলতে ঘরোয়া প্রতিদ্বন্দ্বিতা ক্রমেই কঠিন থেকে কঠিন হচ্ছে। মোহামেডান সমর্থকেরা বেশ ক্ষুব্ধ। গালাগাল নিজেই শুনতে পাচ্ছেন। পারবেন এদের মুখে জয়ধ্বনি তুলতে?এমেকা: আমি চেষ্টার ত্রুটি রাখব না। সমর্থকদের বলব, পরাজয় খেলারই অংশ। আশা করি, মোহামেডান সামনের ম্যাচেই জয়ের ধারায় ফিরবে এবং সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ ভালো ফল করবে। বেতন ঠিকভাবে পাচ্ছেন তো? এটা নিয়ে অনেক কথাই তো আগে শোনা গেছে...এমেকা: বেতন দেবে টিম ম্যানেজমেন্ট। আমি টিম ম্যানেজমেন্টের কেউ নই। আমার কাজ শুধু খেলা। তবে আশা করি, আগে যা হওয়ার হয়েছে এখন আর সমস্যা হবে না।