অবসরের প্রশ্নটিকে ঝুলিয়ে রেখে শেষ সময়ে এসে হঠাৎআবার দলবদল করলেন আলফাজ আহমেদ। মধ্যবর্তী দলবদলে বিজেএমসি ছেড়ে নিজের পুরোনো ঠিকানা মোহামেডানে ফিরে এলেন এই স্ট্রাইকার। কাল মোহামেডানের সঙ্গে অনুশীলন শেষে বিকেলে ক্লাব লনে দাঁড়িয়ে বললেন, সাদা-কালো জার্সি গায়ে অবসরে যাওয়ার ইচ্ছা থেকেই এই দলবদল হঠাৎআবার মোহামেডানে এলেন কী মনে করে? এখন তো আপনার ক্যারিয়ারের গোধূলি...আলফাজ আহমেদ: মোহামেডানে এর আগে অনেক দিন খেলেছি। ১৯৯৫ থেকে টানা ২০০২ পর্যন্ত। তারপর আরও একবার এক বছর। এবার তৃতীয় মেয়াদে খেলব। তিন বছর মোহামেডানের অধিনায়ক ছিলাম। এটা তো আমার নিজের ঘর। মোহামেডানের সাদা-কালো জার্সি গায়েই অবসর নেব বলে আবার এসেছি। সবকিছু তৈরি। শুধু আনুষ্ঠানিকতা বাকি। মোহামেডানকে এই শেষবেলায় কতটা দিতে পারবেন বলে মনে করেন?আলফাজ: মোহামেডানের জন্য এখনো আমি মাঠে কিছু করতে পারি। সেই আস্থা আমার আছে। আমি এখনো ফুরিয়ে যাইনি। কিন্তু অনেক দিন থেকেই ঘরোয়া ফুটবলে আপনি নিয়মিত নন। দলকে কিছু দিতে গেলে তো খেলার সুযোগ পেতে হবে...আলফাজ: কোচ কখন কীভাবে খেলাবেন তা কোচের ব্যাপার। এ নিয়ে আমি কিছু বলতে পারব না। আমি আশা করব, মোহামেডান কোচ আমাকে সুযোগ দেবেন। সুযোগ পেলে অবশ্যই নিজের সামর্থ্যের প্রমাণ দিতে চাইব। বিজেএমসির সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার কারণ কী? ওরা আপনাকে ছেড়ে দিয়েছে, নাকি আপনি ছাড়লেন? আলফাজ: সম্পর্ক ছিন্ন হলো কেন, ওটা জয়ই (আরিফ খান জয়, বিজেএমসির ম্যানেজার এবং প্রধান কর্মকর্তা) ভালো বলতে পারবে। দল ছাড়ার ব্যাপারে বলব, ওরাও ছেড়ে দিয়েছে। আমিও চলে এসেছি। ঘটনাটিকে দুইভাবে দেখা যায়। বিজেএমসির হয়ে ফেডারেশন কাপে সব ম্যাচেই খেলেছেন। কিন্তু লিগে অনিয়মিত হয়ে গেলেন কেন? আলফাজ: এটা বিজেএমসির কোচ ভালো বলতে পারবেন। সম্ভবত ওনার পরিকল্পনায় আমি ছিলাম না। বাংলাদেশ লিগের প্রথম পর্বের ১০ ম্যাচের মধ্যে গোটা দুয়েক ম্যাচে প্রথম একাদশে ছিলাম। তিন-চার ম্যাচে বদলি ছিলাম। তা-ও খেলেছি মাঝমাঠে। বিজেএমসির অধিনায়ক ছিলেন। নিজের পারফরম্যান্সে কি খুশি ছিলেন?আলফাজ: লিগে আমি অনিয়মিত হয়ে পড়ায় ছন্দপতন হয়েছে। এটা হওয়াই স্বাভাবিক। লিগে গোল করেছি একটি। আসলে মানিয়ে নিতে সমস্যা হচ্ছিল। দলে শৃঙ্খলা বলতে কিছু ছিল না। শৃঙ্খলা না থাকলে খেলা যায় না। কিন্তু আপনাকেসহ তিন খেলোয়াড়কে নাকি কারণ দর্শাও নোটিশ দিয়েছিল ক্লাব। এটা কেন? আলফাজ: একটা ম্যাচ খেলা নিয়ে ক্লাব শোকজ করেছিল। আমরা তিনজন একটা ম্যাচ খেলতে গিয়েছিলাম ঢাকার বাইরে। তার মানে ক্লাবের সঙ্গে আপনার একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল?আলফাজ: মূল কথা হলো, আমি ওখানে আমি খেলতে পারছিলাম না। ওখানে কোচ মুক্তভাবে কাজ করতে পারেন না। তিনি হাতের পুতুল। এ অবস্থায় মনে মনে একটা টিম খুঁজছিলাম। মোহামেডানও চেয়েছে। দুইয়ে দুইয়ে চার মিলে গেছে। ঘরোয়া ফুটবলে ২০ বছর চলছে আপনার। সবচেয়ে সিনিয়র খেলোয়াড়ও আপনি। তা অবসর কি এ বছর নেবেন, নাকি আরও পরে?আলফাজ: এখনো চূড়ান্ত কিছু ভাবিনি। সিদ্ধান্ত নিলে সবাইকে জানাব। এ বছর অবসর নেব কি না সেটা এখনই বলতে পারছি না। বাংলাদেশ লিগটা কেমন চলছে?আলফাজ: লিগে প্রতিদ্বন্দ্বিতা আছে। চ্যাম্পিয়নশিপ ফাইট করছে ২-৩টি দল। রেলিগেশন ফাইটে আছে ৪-৫টি। তবে লিগে দেশি খেলোয়াড়েরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কোনো ক্লাবেরই দেশি স্ট্রাইকাররা আলোচনায় নেই। গোল নেই। সুযোগই তো পাচ্ছেন না দেশি খেলোয়াড়েরা।