বাংলাদেশে সাদামাটা আফ্রিকান ফুটবলারদের ভিড়ে চোখ কাড়ছেন আজোবা অ্যালেন আদিনিয়াই। কাল শেখ রাসেলকে ২-০ গোলে হারিয়ে শেখ জামালকে ফেডারেশন কাপের ফাইনালে তুলতে বড় অবদান রেখেছেন ২২ বছরের তরুণ। নিজে করেছেন দ্বিতীয় গোলটি। ম্যাচের পর অনেক বিষয় নিয়েই বললেন এই নাইজেরিয়ান আপনার খেলা সবারই চোখ কাড়ছে। এর আগে কোথায় খেলেছেন?অ্যালেন আদিনিয়াই: তিন বছর সাইপ্রাসে খেলেছি। তারপর বাংলাদেশে এলাম। সাইপ্রাসের কোন বিভাগে খেলেছেন। সেখানে তিন বছরে কতটি গোল করেছেন?অ্যালেন: সাইপ্রাসে খেলেছি প্রথম বিভাগের একটা দলে। তিন বছরে ওখানে আমার গোল ৪৫টির মতো হবে। বাংলাদেশে লক্ষ্য কী?অ্যালেন: এখানে ফেডারেশন কাপে চারটি গোল করে ফেলেছি। দল গোল করেছে মোট সাতটি। আমি চাই, মৌসুমে অন্তত ৩০ গোল করতে। সাইপ্রাস ছেড়ে বাংলাদেশে এলেন কীভাবে?অ্যালেন: আমার এজেন্টের মাধ্যমে এসেছি। সে জানিয়েছে, বাংলাদেশে ঘরোয়া ফুটবল বেশ জমজমাট। অনেক বিদেশি খেলে। সবকিছু ভেবে মনস্থির করলাম, বাংলাদেশে খেলব। এসে তো দেখি প্রচুর নাইজেরিয়ান। অনেকের সঙ্গেই পরিচয় হয়েছে এখানে আসার পর। বাংলাদেশের ক্লাব ফুটবল আপনার কাছে অজানা ছিল। এখানে এসে ধারণাটা কেমন হলো?অ্যালেন: ধারণা ইতিবাচক। শেখ জামাল আমার জন্য খুব ভালো একটা দল। এখানে এসে আমি খুশি। এবং সবকিছুই ভালোভাবে এগোচ্ছে। গোল পাচ্ছেন বলে ভালো লাগছে বোঝাই যায়। এ ছাড়া আর কোনো জিনিস আপনার চোখ কাড়ছে?অ্যালেন: একটা ব্যাপার ভালো লাগে বেশি। টিমমেটরা এবং কোচ খুব সহযোগিতা করছে। তাদের সমর্থন ছাড়া নতুন পরিবেশে মানিয়ে নেওয়া কঠিন ছিল। পাশাপাশি পরিবার থেকে ভালো সমর্থন পাচ্ছি। পরিবারে আর কেউ ফুটবল খেলেন?অ্যালেন: না, বাবার একমাত্র ছেলে আমি। আছে তিন বোন। একটু বলে রাখি, আমার মা নাইজেরিয়ান, বাবা বেনিন রিপাবলিকের। তবে আমি নাইজেরিয়াতেই থাকি এবং নাইজেরিয়ান নাগরিক। যা-ই হোক, আমার কাজিনরা ফুটবলে এসেছে। আসলে নাইজেরিয়ায় ফুটবল জনপ্রিয় একটা খেলা। তরুণেরা এর প্রতিই বেশি আকৃষ্ট হয়। আপনার তো দুটি হলুদ কার্ড হয়ে গেছে। ফেডারেশন কাপের ফাইনালে খেলতে পারছেন না।অ্যালেন: হ্যাঁ, আনন্দের মধ্যে এই ব্যাপারটা কষ্ট দিচ্ছে আমাকে। ফাইনালে খেলতে পারব না কার্ড সমস্যায়। তবে দল চ্যাম্পিয়ন হলে আমার কোনো দুঃখ থাকবে না। আফ্রিকান নেশনস কাপে এবার নাইজেরিয়া নেই। নিশ্চয়ই দুঃখ পাচ্ছেন?অ্যালেন: নাইজেরিয়া এবারের নেশনস কাপে কোয়ালিফাই করতে পারেনি। এ জন্য একটা আফসোস আছে। কিন্তু কী আর করা! আশা করি, আগামী টুর্নামেন্টে কোয়ালিফাই করবে। তত দিনে চেষ্টা করব জাতীয় দলে সুযোগ করে নিতে। আপনার লক্ষ্যটা তো বেশ বড়। নাইজেরিয়ার জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণ করতে পারবেন?অ্যালেন: কঠিন। তবে অসম্ভব নয়। চেষ্টা করে যাব ভালো খেলতে। আশা করি, সুযোগ আসবে। অবসরে কী করেন?অ্যালেন: ঘুমাতে খুব পছন্দ করি। সময় পেলেই ঘুমিয়ে পড়ি। এ ছাড়া দেশে ফোনে কথা বলি। আমার স্ত্রী আছে। সে পড়াশোনা করছে। বাকি সময়টা ফুটবল নিয়েই ভাবি। কীভাবে আরও ভালো করা যায়, সে ভাবনাই থাকে আমার মাথায়।