‘ম্যাজিক’ শুরু করেছে সরকার: ফখরুল (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়ে প্রতারণা শুরু করেছে। জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে একের পর এক ‘ম্যাজিক’ শুরু করেছে। কিন্তু দেশের সাধারণ মানুষ তাদের এই ম্যাজিক বুঝে গেছে। কিন্তু জনগণ তাদের ‘পারসেপশন’ জানিয়ে দিয়েছে। কোনোভাবেই জনগণের জেগে ওঠা থামানো যাবে না।আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। সম্মিলিত পেশাজীবী পরিষদের মহাসচিব এ জেড এম জাহিদসহ জাতীয়তাবাদী দলের ও সহযোগী সংগঠনের ১৫১ জন নেতা-কর্মীকে রিমান্ডে নিয়ে নির্যাতনের প্রতিবাদে ও তাঁদের নিঃশর্ত মুক্তির দাবিতে ইউনিভার্সিটি টিসার্চ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউ-ট্যাব) এই মানববন্ধন আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ইউ-ট্যাবের সভাপতি আ খ ম ইউসুফ হায়দার।মির্জা ফখরুল বলেন, বিরোধীদের কণ্ঠ স্তব্ধ করার লক্ষ্যে সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের গণগ্রেপ্তার করছে। তাঁদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। রিমান্ডের নামে নির্যাতন চালানো হচ্ছে। তঁদের শিকল পরানো হচ্ছে। ব্রিটিশ ও পাকিস্তান আমলে বিরোধী নেতাদেরও শিকল পরানো হয়েছিল কিন্তু তার ফল ভালো হয়নি। আন্দোলন বন্ধ করা যায়নি। তাই আজও বিরোধী নেতা-কর্মীদের শিকল পরিয়ে সরকারবিরোধী আন্দোলন বন্ধ করা যাবে না।ফখরুল বলেন, ‘খুবই আশ্চর্যের বিষয় যে, বিরোধী নেতা-কর্মীদের আট দিনের রিমান্ড শেষ হতে না-হতেই তাঁদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হচ্ছে। ক্ষমতা আঁকড়ে থাকার জন্য প্রধানমন্ত্রী তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে বিরোধী নেতা-কর্মীদের কণ্ঠ স্তব্ধ করার জন্য হামলা, মামলা, নির্যাতন চালিয়ে যাচ্ছেন। পাখির মতো গুলি করে মানুষ হত্যায় মেতে উঠেছেন।দেশের বিভিন্ন প্রান্তে থোক থোক রক্ত দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, হামলা, মামলা, নির্যাতন ও গুলি চালিয়ে বিরোধী কণ্ঠ স্তব্ধ করা যাবে না। এ সময় তিনি আটক নেতা-কর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দাবি জানান।বিভিন্ন গণমাধ্যমের প্রতি বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ তুলে ধরার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, রাতের অন্ধকারে আসামি ধরার নামে পুলিশ যখন বিরোধীদের ওপর অত্যাচার-নির্যাতন চালায়, আর জনগণ তা প্রতিহত করে—এমন ঘটনাকে জামায়াত-শিবিরের কর্মকাণ্ড বলে চালিয়ে দেবেন না। আজ বাংলার মানুষ জেগে উঠেছে। তারা অন্যায়, জুলুম ও নির্যাতনের প্রতিবাদ করছে। দেশের বর্তমান ক্রান্তিলগ্নে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বুদ্ধিজীবীদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।