জন্ম বাংলাদেশের মাদারীপুরে। কিন্তু ইসমাইল জনি খেলেন ইতালিতে। আট বছর বয়সে তাঁদের পুরো পরিবার ইতালি চলে যায়। শৈশব-কৈশোরের বেশির ভাগ সময় মিলানে কাটানো এই স্ট্রাইকার এবার যোগ দিয়েছেন ব্রাদার্সে। ২৩ বছর বয়সী তরুণের চোখে অবশ্য বাংলাদেশের জার্সি গায়ে দেওয়ার স্বপ্নও ঢাকায় এসে ফুটবল খেলবেন, এমন স্বপ্ন কি কখনো দেখতেন?ইসমাইল জনি: আমাকে স্বপ্ন দেখিয়েছেন আমার বাবা। উনি ফুটবলার ছিলেন না, কিন্তু সব সময় চাইতেন, যেন আমি বাংলাদেশে ফুটবল খেলি। একদিন জাতীয় দলে খেলার সুযোগ পাই। তাহলে কি বাবার ইচ্ছা পূরণ করতেই ফুটবলার হয়েছেন?জনি: ঠিক তা নয়। আমি ছোটবেলা থেকেই ফুটবল খেলি। ফুটবলই আমার ধ্যানজ্ঞান, এ কারণেই তো বাবা-মা, কলেজের বন্ধু—সবকিছু ছেড়ে এখানে এসেছি। বাংলাদেশকে ভালোবাসি বলেই এখানে খেলতে এসেছি। ইতালিতে কোথায় খেলতেন? জনি: আমরা মিলান শহরেই থাকি। সর্বশেষ মৌসুমে খেলেছি তৃতীয় বিভাগের দল মিলানো আবানেল্লায়। এর আগে খেলেছি এসি গারিবালদিনায়। ব্রাদার্স ক্লাবের সঙ্গে কীভাবে যোগাযোগ হলো?জনি: আমার খালাতো ভাই ইয়াসিন মোহামেডানে খেলে। ওর মাধ্যমেই এখানে খেলতে এসেছি। বাংলাদেশের ফুটবল সম্পর্কে কোনো ধারণা ছিল? কোনো খোঁজখবর রাখতেন?জনি: ইয়াসিনকে সব সময় জিজ্ঞেস করতাম বাংলাদেশের ফুটবল সম্পর্কে। লিগ কেমন চলছে, কোন ক্লাব ভালো করছে, ওর কাছ থেকেই শুনতাম। আর ও আমাকে বারবার বলত, ‘তুই আয়, এসে দেখ বাংলাদেশের কী অবস্থা।’ ২০০৬ সালে ইতালি যখন বিশ্বকাপ জিতল, ওই সময়ের কোনো স্মৃতি বলবেন?জনি: তখন আমার বয়স ১৬। আমি ওই দিন ভোর পাঁচটা পর্যন্ত ইতালিয়ান বন্ধুদের সঙ্গে পুরো শহর ঘুরেছিলাম। অনেক মজা হয়েছিল। আশা করি, বাংলাদেশ খুব তাড়াতাড়ি বিশ্বকাপে খেলবে। তাহলে আরও বেশি আনন্দিত হব। ইতালিয়ান ফুটবলে হরহামেশাই পাতানো ম্যাচ নিয়ে বিতর্ক হয়। আপনি এমন একটি ক্লাবে খেলতে এসেছেন, যাদের বিরুদ্ধে পাতানো ম্যাচ খেলার অভিযোগ রয়েছে...জনি: ফুটবলে পাতানো খেলা খুব নোংরামি, খারাপ জিনিস। আমি পাতানো খেলা ঘৃণা করি। আপনি নিশ্চয়ই এখনো ছাত্র?জনি: এ বছরই পড়াশোনাটা শেষ করলাম। ইতালির মিলানে ডিপ্লোমা করেছি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। তবে আরও আগে লেখাপড়া শেষ হলে আগেই আসতাম। মিলানে থাকেন, সানসিরোতে গিয়ে কখনো ইন্টার মিলান-এসি মিলান ডার্বি ম্যাচ দেখেছেন?জনি: ইতালিয়ান বন্ধুদের সঙ্গে ডার্বি ম্যাচ অনেক দেখেছি। তবে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি আরেকটি কারণে... সেটা কী?জনি: ঘটনাটা ২০০৫ সালের। তখন আমার বয়স ১৫। নাপোলিতে এক সপ্তাহের জন্য ম্যারাডোনা এসেছিলেন। উনি ১২ থেকে ১৫ বছরের ছেলেদের কোচিং করিয়েছিলেন। আমি তখন উনার অধীনে কোচিং করেছি। সকাল-বিকেল প্র্যাকটিস হতো। উনি আমাদের অনেক টিপস দিতেন। এটা আমার জীবনের স্মরণীয় এক স্মৃতি। আপনার প্রিয় খেলোয়াড়ও কি ম্যারাডোনা? জনি: না। আমার প্রিয় ব্রাজিলের রোনালদো ও রোনালদিনহো। ইতালির রবার্তো বাজ্জিওর খেলাও ভালো লাগত, এখন ফ্রান্সেসকো টট্টির খেলাও ভালো লাগে।