‘ম্যারাথনের মজাই আলাদা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলার হিসেবেই তাঁকে বেশি চেনে সবাই। জাতীয় দলের স্ট্রাইকার মিরোনা খাতুনের আরেকটা পরিচয়ও আছে। অ্যাথলেটিকসে ৪০০, ৮০০, ১৫০০ ও ৩০০০ মিটারে জাতীয় চ্যাম্পিয়ন। ঢাকায় কাল অংশ নিলেন আন্তর্জাতিক মিনি ম্যারাথনে। বিদেশিদের সঙ্গে পাল্লা দিয়ে চ্যাম্পিয়ন হয়ে বেশ অবাক বাগেরহাটের এই মেয়ে আপনার নাকি ম্যারাথনে অংশ নেওয়ারই কথা ছিল না?মিরোনা খাতুন: মহিলা ফুটবল লিগে এই মৌসুমে খেলছি মোহামেডানের হয়ে। কাল আমাদের সেমিফাইনাল হওয়ার কথা ছিল। কিন্তু হরতালের কারণে ফিকশ্চার বদলেছে বাফুফে। এই ফাঁকে আমি মিটটা করার সুযোগ পেলাম। ফুটবল ম্যাচ থাকলে দৌড়াতে পারতাম না। তাহলে তো আপনাকে ভাগ্যবতী বলতে হয়?মিরোনা: (হাসি)। তা বলতে পারেন। আমি আগেই রেজিস্ট্রেশন করে রেখেছিলাম। ভেবেছিলাম, যদি সময় পাই তাহলেই খেলব। আর সময় না পেলে খেলব না। আর চ্যাম্পিয়ন হয়ে তো অবাকই হয়েছি। প্রাইজমানি হিসেবে ১ হাজার ডলার পেলেন। এত বড় পুরস্কার তো আগে কোথাও পাননি। এই টাকা দিয়ে কী করবেন?মিরোনা: চ্যাম্পিয়ন হতে পেরেছি বলেই বেশি ভালো লেগেছে। টাকাটা নিজের অ্যাকাউন্টেই রাখব আর নিজের জন্য খরচ করব। আমার পরিবার থেকে আমার কাছে কিছু চায় না। এ জন্য টাকা জমাচ্ছি। ভবিষ্যতে কাজে লাগবে। বিয়ের জন্য নাকি?মিরোনা: না (হাসি)। আপাতত বিয়ের কথা ভাবছি না। আমি বাগেরহাট পিসি কলেজে পড়ছি। আর যত দিন পারি খেলে যেতে চাই।  ফুটবল খেলেন, অ্যাথলেটিকস করেন। কোনটা বেশি ভালো লাগে?মিরোনা: দুটিই ভালো লাগে। আমাদের দেশে শুধু ক্রিকেটেই কিছু টাকা আছে। এর বাইরে আর কোনো খেলাতেই তেমন টাকা নেই। তবে ফুটবল ও অ্যাথলেটিকস দুটিতেই খেলে কিছু পাই।  আবারও সুযোগ পেলে আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেবেন?মিরোনা: অবশ্যই। ম্যারাথনের মজাই আলাদা। তারপর যদি একটা রেজাল্ট হয়, তাহলে আরও আনন্দ। ভরসা পাই। টার্গেট নিয়েই দৌড় শুরু করি। ভাবি, আমাকে চ্যাম্পিয়ন হতেই হবে। যে কারণে ম্যারাথন আমার অনেক ভালো লাগে।  এমন বড় আয়োজনে অংশ নিতে কি চাপ অনুভব করছিলেন?মিরোনা: প্রথমে একটু ভয় ভয় লাগছিল। কারণ এর আগে ঢাকার বাইরে কক্সবাজার ও বাগেরহাটে মাত্র দুটি মিনি ম্যারাথন করেছি। কিন্তু সেখানে কোনো বিদেশি ছিল না। এবার অনেক ফরেনার দেখে তো ঘাবড়েই গিয়েছিলাম। ভাবছিলাম, ওদের সঙ্গে পারব কি না। একেকজন লম্বায় ৬ ফুটের মতো। আমি মনে করেছিলাম এরা পেশাদার। অলিম্পিকে খেলে। এদের সঙ্গে পারব না। কিন্তু আমাদের আর্মির ভাইয়েরা বলল, ধেৎ, ওদের দেখে ভয় পাচ্ছিস কেন? তুই তোর মতো দৌড়াবি, ওরা ওদের মতো। প্রায় দুই কিলোমিটার যাওয়ার পর দেখি যে আমার পেছনে কেউ নেই। আমিই চ্যাম্পিয়ন হলাম।  ছোটবেলা থেকেই দৌড়ানোর অভ্যাস ছিল?মিরোনা: ছোটবেলায় আমাকে ছেলেদের মতো দেখাত। আমি ছেলেদের সঙ্গেই সারাক্ষণ খেলতাম। খেলতাম আমার ভাইদের সঙ্গেও। আমরা সবাই পিঠাপিঠি ভাইবোন। খেলায় আমিই এগিয়ে থাকতাম। আমার বাবা ছিলেন ইউপি মেম্বার। এ জন্য গ্রামে সবাই মেম্বারের মেয়ে হিসেবে আলাদাভাবে আদর করত আমাকে। আন্তস্কুলে ভালো করার পর জেলায়ও ভালো করি। এরপর পরিবার থেকেও খুব সাহায্য করা শুরু করল। বাগেরহাট সদরে স্টেডিয়ামে প্র্যাকটিসে যাওয়ার জন্য বাইসাইকেল কিনে দিয়েছিলেন বাবা।