‘যত খুশি বিদেশি খেলানো যায়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সিঙ্গাপুরে বিশ্ব হকি লিগ শেষে জার্মানির বিমান ধরেছিলেন ডিফেন্ডার মশিউর রহমান (বিপ্লব)। খেলছেন জার্মানির তৃতীয় বিভাগের ক্লাব রট-ওয়েসিস মিউনিখে। বিশ্ব হকি লিগের পরের রাউন্ডের প্রস্তুতিতে ওখানে খেলার অভিজ্ঞতা অনেক উপকারে আসবে বলে কাল টেলিফোনে জানালেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জার্মানিতে কেমন সময় কাটাচ্ছেন?মশিউর রহমান (বিপ্লব): ব্যস্ত সময় যাচ্ছে। গত সপ্তাহে প্রথম ম্যাচ খেলেছি। ওই ম্যাচে আমরা জিতেছি ১০-২ গোলে। আগামীকাল ও পরশু (আজ ও আগামীকাল) দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। এই খেলা দুটি শেষ হলে একটু হালকা হব। শুধু কি এই লিগেই খেলছেন? নাকি অন্য কোথাও খেলার সুযোগ আছে?মশিউর: লিগের বাইরেও মাঝেমধ্যে খেলতে যাই। এই যেমন কদিন আগে অস্ট্রিয়ায় পোস্ট এসভি দলের সঙ্গে ৭-০-তে জিতে এলাম।  গত মৌসুমেও তো ইউরোপে খেলেছিলেন। এবার গিয়ে কি কোনো পার্থক্য চোখে পড়েছে?মশিউর: আমাদের এবারের দলটা গতবারের চেয়ে অনেক ভালো। দুজন ইংলিশ খেলোয়াড় আছে দলে। সঙ্গে চয়ন ও পিন্টুসহ আমরা তিনজন। আমাদের বাঙালি খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়াটাও ভালো। একসঙ্গে তিনজনই সেরা একাদশে খেলতে পারছেন?মশিউর: আমাদের দেশের মতো এখানে বিদেশি খেলোয়াড় খেলানোর নিয়ম এত কড়াকড়ি না। যত খুশি বিদেশি খেলানো যায়। শুরু থেকেই ভালো খেলছি বলে তিনজনকেই খেলাচ্ছে ওরা।  আগেরবার তো ইউরোপ থেকে ফিরে নিজেদের পারিশ্রমিক নিয়ে অভিযোগ করেছিলেন। এবার কী অবস্থা?মশিউর: এবার কোনো সমস্যা নেই। ক্লাব কর্তৃপক্ষ খুবই ভালো। প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে বেতন দিয়ে দেয়। মাসিক ১০০০ ইউরো পাচ্ছি আমরা।  আপনাদের ওপর স্থানীয় খেলোয়াড় ও ক্লাব কর্মকর্তারা কতটা সন্তুষ্ট? মশিউর: প্রথম ম্যাচে ১০ গোল দেওয়ার পর হইচই পড়ে গেল ক্লাবে। আমাদের ম্যাচের ভিডিওটা অন্য ক্লাবের এক কর্মকর্তা এসে নিয়ে গেল। ওরা আমাদের বলে বাংলা খেলোয়াড়। বাংলাদেশ বলতে পারে না। আমাদের অনেক প্রশংসা করল। ইউরোপিয়ান হকি তো অনেক গতিময়। ওদের সঙ্গে মানিয়ে খেলতে সমস্যা হয় না?মশিউর: ইউরোপে আমরা এর আগেও খেলেছি। তাই সমস্যা হয় না। ওরা শরীর আড়াল করে বেশি খেলে। আর ম্যান টু ম্যান কড়া মার্কিংয়ে থাকে। এ জন্য আমাদেরও তটস্থ থাকতে হয়।  বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে উঠেছে বাংলাদেশ। প্রস্তুতি নিয়ে কী ভাবছেন?মশিউর: আমাদের এই দলের উন্নতিতে সাবেক কোচ গেরহার্ড পিটারের অবদান আছে। উনিই আমাদের প্রথম ইউরোপে নিয়ে আসেন। এরপর ক্লাবে খেলতে খেলতে আমাদের সবার মধ্যে বোঝাপড়াটা ভালো হয়েছে। এখন আগের চেয়ে আমাদের বল নিয়ন্ত্রণ ভালো, সাহসও বেড়েছে। আশা করি, দ্বিতীয় রাউন্ডেও ভালো করব।