প্রায় ২২ বছর ধরে প্রতিযোগিতামূলক দাবা খেলে চলেছেন খুলনার দর্জি দোকানি দেলোয়ার হোসেন। সারাক্ষণ পান চিবুতে থাকা এই দাবাড়ুকে এবারও পাওয়া গেল জাতীয় দাবার বাছাইপর্বে। কাল খেলা শেষে নিজের স্বপ্ন ও হতাশার কথা বললেন ৪০ বছর বয়সী দাবাড়ু... অনেক দিন ধরে খেলছেন। বলার মতো তেমন সাফল্য আছে?দেলোয়ার হোসেন: দর্জির কাজ করি। এরপর খেলি। আসলে দুটো কাজের কোনোটাই হয় না। দাবা খেলার নেশাটা ধরল কীভাবে?দেলোয়ার: আমার বড় ভাই বন্ধুর সঙ্গে আমাদের বাড়িতে বসে নিয়মিত দাবা খেলতেন। আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। তখন আমার বয়স সাত-আট হবে। তাঁদের খেলা দেখে দেখেই শিখে ফেললাম। খেলতেও শুরু করলাম। বড় ভাই একদিন আমাকে বললেন, ‘তুই যে এভাবে দাবা খেলিস, তুই কি নিয়াজ মোরশেদ হবি?’ এরপর...দেলোয়ার: খুব কষ্ট পেলাম। একপর্যায়ে খুলনা মেট্রোপলিটন চেস ক্লাবে খেলতে শুরু করলাম। স্থানীয় এক খেলোয়াড় বাবু খুব ভালো খেলত। সে বই-টই দিয়ে আমাকে সাহায্য করত। সেই বই দেখে খেলতে খেলতে ওই ক্লাবের সেরা পাঁচ দাবাড়ুর মধ্যে দ্বিতীয় হয়ে গেলাম একপর্যায়ে। খুলনায় লিগে, টুর্নামেন্টে চ্যাম্পিয়ন না হলেও বরাবরই রানারআপ হতে থাকলাম। খুলনায় পরপর তিনবার জেলা চ্যাম্পিয়ন হয়েছিলাম (১৯৯৬, ১৯৯৮ ও ২০০১ সালে)। তখন থেকেই জাতীয় দাবায় খেলা শুরু। খুলনা থেকে এসেই খেলছেন?দেলোয়ার: না। আপাতত ঢাকার বাড্ডায় থাকি। সেখানে আমার নিজের দর্জির দোকান আছে। দর্জির কাজ আর খেলা। সমস্যা হয় না?দেলোয়ার: সমস্যা তো হয়ই। ঠিকমতো খেলতে পারি না। ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক টুর্নামেন্টে অংশ নিতে পারি না। এত দিন ধরে খেলছি বলে ছাড়তে পারিনি। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান বা রিফাত বিন সাত্তারের সঙ্গে খেলেছেন?দেলোয়ার: বিভিন্ন সময়ে খেলেছি। জাতীয় পর্যায়ে সাফল্য আছে?দেলোয়ার: অন্যদের মতো অনুশীলন করতে পারি না বলে সাফল্যও বেশি নেই। একবার আমেরিকান প্রবাসী রেটিং টুর্নামেন্টে রানারআপ হয়েছিলাম। এ বছর খুলনায় শেখ নাসের স্মৃতি রেটিং টুর্নামেন্টে তৃতীয় হয়েছি। দাবার সাম্প্রতিক দুরবস্থা দেখে কেমন লাগে?দেলোয়ার: খুবই খারাপ লাগে। খেলা নেই। টুর্নামেন্ট হয় না। আমাদের মূল্যায়ন নেই। আমাদের যদি স্পনসর আসত, আমাদের দিকে সবাই তাকাত, তাহলে আরও ভালো লাগত। এই প্রতিযোগিতার কথাই ধরুন, এটা আরও তিন মাস আগে শুরু হওয়ার কথা ছিল। পরিবার থেকে কেমন সমর্থন পান?দেলোয়ার: আমার স্ত্রীর সঙ্গে তো দাবা খেলা নিয়ে প্রায়ই ঝগড়া হয়। তেমন সমর্থন পাই না। সবাই বলে, এসব খেলে কী হবে? দাবার প্রতি আমার এমন নেশা, দাবার বোর্ডের সামনে থাকলে দুনিয়া ভুলে যাই। আবার খেলায় হারলে সেটা নিয়ে গবেষণা করতে থাকি। একবার তো ঢাকা থেকে খুলনায় ফেরার বাস মিস করে ফেলেছিলাম দাবার কথা ভাবতে ভাবতে। সেটা কী রকম?দেলোয়ার: ঘটনাটা ১৯৯৬ সালে জাতীয় দাবার বাছাইপর্বের। একজনের সঙ্গে জেতা ম্যাচ ড্র করলাম। মনের কষ্টে খুলনায় ফিরে যাই। ফেরার পথে ফরিদপুরে বাস থামে বিডিআর চেকিংয়ের জন্য। সবাইকে বাস থেকে নামতে হয়। আমি নেমে এক জায়গায় বসে ভাবছি, কীভাবে হারলাম। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল ছিল না। ওদিকে বাস ছেড়ে চলে গেছে। পরে অনেক কষ্টে বাড়ি যাই। কত দিন খেলে যাবেন?দেলোয়ার: যত দিন পারি খেলে যাব। কখনোই ভালো অনুশীলনের সুযোগ পাই না আমি। এখনো দোকানে বসে টানাহেঁচড়া করে সময় বের করি। রেটিং (বর্তমানে ২১১১) বাড়ানোর চেষ্টায় আছি। গ্র্যান্ডমাস্টার হতে চাই।