‘যত বেশি সম্ভব রান করতে চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বিভাগীয় দলে একসময় বহিরাগতদেরই আধিপত্য ছিল। সেই দিন ফুরোতে বসেছে। বরিশালেরই ছেলে ফজলে রাব্বি জাতীয় লিগের ওয়ানডেতে টানা রান করেই যাচ্ছেন। গতকাল রাজশাহীর বিপক্ষে ৫০ ওভার ব্যাটিং করার পর নিজের গল্প বললেন এই বাঁহাতি ওপেনার আবার সেঞ্চুরি! ব্যাটে এই রান-বন্যার রহস্য কী?ফজলে রাব্বি: (হাসি) কী জানি! আমিও ঠিক জানি না। তবে প্রথম সেঞ্চুরি করার পর আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। এখন মনে হচ্ছে, উইকেটে গেলেই রান করতে পারব।  এর আগে কখনো ৫০ ওভার ব্যাটিং করেছেন?রাব্বি: না। কোনো ধরনের খেলাতেই ওপেন করতে নেমে ৫০ ওভার পর্যন্ত ব্যাট করতে পারিনি। গত সেঞ্চুরিটা যেদিন করলাম, সেদিন ৪৬ ওভার ব্যাটিং করেছিলাম; ওটাই আমার জীবনের সর্বোচ্চ ছিল।  তাহলে রানও করছেন, লম্বা ইনিংসও খেলা শিখছেন।রাব্বি: হ্যাঁ। আগে তো ৫০-৬০ রান হলেই অনেক মনে হতো। এখন রান করার সঙ্গে উইকেটেও অনেকক্ষণ থাকতে পারি।  আপনি যখন ৯৮ রানে অপরাজিত, শাহরিয়ার নাফীস আপনাকে কী যেন বলছিলেন....রাব্বি: উনি সব সময় খুব হেল্প করেন। আজ (কাল) বলছিলেন, ‘৯৮ রান যখন করতে পেরেছ, হান্ড্রেডও পারবে। টেনশন করো না।’ এই মৌসুমের আগে সেঞ্চুরি পেয়েছেন কখনো?রাব্বি: না, না। এর আগে তো তেমন নিয়মিত খেলতে পারিনি। ২০০৩ সালে বরিশালের হয়ে খেলা শুরু করেছি। কিন্তু দলে নিয়মিত সুযোগ পেতাম না। পেলেও নিয়মিত রান করতে পারতাম না। আসলে গত মৌসুমে চার দিনের ম্যাচে দুটি ফিফটি করেছিলাম। তারপর মনে হয়েছে, এখন দলে নিয়মিত থাকব। তাই নির্ভার হয়ে ব্যাটিং করতে পারছি।  বরিশাল থেকে উঠে আসা ক্রিকেটারের সংখ্যা তো খুব কম। আপনি কীভাবে উঠে এলেন?রাব্বি: আমি শখের ক্রিকেট খেলতাম, টেপ-টেনিস বলে। তারপর ২০০২ সালে বরিশাল স্টেডিয়ামে নিয়ে এসেছিলেন আমার এক বড় ভাই। ওখানে শহীদ ভাই বলে একজন ছিলেন, উনি ক্রিকেট প্র্যাকটিস করাতেন। সেখানে খেলা শুরু করলাম। ওই বছরই বরিশালে দ্বিতীয় বিভাগ চালু হলো। আমি খেললাম, ভালোই করেছিলাম।  ক্রিকেটে সিরিয়াস হলেন কবে? রাব্বি: বলা যায় ২০০৫ সালে। ঢাকায় এসেছিলাম অনূর্ধ্ব-১৭ দলের ক্যাম্প করতে। কিন্তু বয়স একটু বেশি হয়ে গিয়েছিল। তাই বাড়ি ফিরেছিলাম। তখন আমার বড় ভাই পত্রিকায় বিজ্ঞাপন দেখে আমাকে মেরিনার্সে ট্রায়াল দিতে নিয়ে গিয়েছিলেন। ওখানে সুযোগ পেয়ে গেলাম। প্রথম ম্যাচেই ৩১ করেছিলাম। সেই থেকে নিয়মিত খেলছি।  প্রিমিয়ার বা জাতীয় লিগের খেলা না থাকলে অনুশীলন করতেন?রাব্বি: গত বছরের আগ পর্যন্ত করতাম না। আসলে বরিশালে তো তেমন সুবিধাই ছিল না। এখন অফ সিজনেও আমরা অনুশীলন করি।  কীভাবে?রাব্বি: ওই যে আমাদের ওখানে একটা ভাঙাচোরা জিমনেসিয়াম ছিল ওটাকে আমরা সারিয়ে নিয়েছি। মূলত শাহীন ভাই, তারেক ভাই, আরও অনেকে মিলে এটা করেছেন। এখন ওখানে অনুশীলন করা যায়।  এখন নিশ্চয়ই ক্রিকেট নিয়ে বড় স্বপ্ন দেখেন?রাব্বি: তা তো দেখিই। এখন জাতীয় দলের স্বপ্ন দেখি। তার আগে বিভিন্ন পর্যায়ের দলে ভালো করতে হবে। আপাতত যত বেশি সম্ভব রান করতে চাই।  এত বাঁহাতির ভিড়ে হারিয়ে যাওয়ার ভয় করে না?রাব্বি: না, একটুও না। আমি যদি অনেক রান করতে পারি, তাহলে কিসের ভয়। রান করতে পারলে বাঁহাতি-ডানহাতি কোনো ব্যাপারই না।