চার বছরের মেয়াদ প্রায় শেষ। ২৮ এপ্রিল বাফুফের নির্বাচনে আবারও সভাপতি পদে প্রার্থী হচ্ছেন কাজী সালাউদ্দিন। সমঝোতা-প্রক্রিয়া সফল হলে হয়তো বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই নির্বাচিত হবেন। গত চার বছরের সাফল্য-ব্যর্থতা, প্রাসঙ্গিক আরও অনেক প্রশ্নের জবাব দিচ্ছেন বাফুফে সভাপতি বাফুফের সভাপতি পদে দ্বিতীয় মেয়াদে নির্বাচন করতে চান আপনি। কেন এই ইচ্ছা হলো আপনার? কাজী সালাউদ্দিন: মূল কারণ, আমার কাজটা শেষ হয়নি। গত চার বছরে একটা পর্ব শেষ করেছি। এখন দ্বিতীয় পর্ব। সেটা করার জন্যই আবারও সভাপতি পদে প্রার্থী হব। দ্বিতীয় পর্বের কাজটা কী? সালাউদ্দিন: একাডেমি চালু করা এবং জেলার ফুটবলে আরও গতি আনা। গত চার বছরে ঢাকার ফুটবল চালু করাই মূল কাজ ছিল। সেটা ভালোভাবে করতে পেরেছি। এই সময়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ইমেজ বিশ্বব্যাপী অনেক বেড়েছে। প্রমাণিত হয়েছে, ফুটবল ফেডারেশন কাজ করতে জানে। সমঝোতার কথা শোনা যাচ্ছে। সমঝোতার ভিত্তিতেই কি নির্বাচন হচ্ছে? সালাউদ্দিন: হ্যাঁ, একটা সমঝোতার আলোচনা চলছে। সমঝোতা হলে হবে, না হলে হবে না। আমার কোনোটাতেই আপত্তি নেই। তবে এখনই চূড়ান্ত কিছু বলতে পারব না। অপেক্ষা করুন। যদি ঐক্য না হয় এবং আপনার বিরুদ্ধে অন্য প্রার্থী দাঁড়ান। তাহলে কী করবেন?সালাউদ্দিন: আমার বিরুদ্ধে প্রার্থী দাঁড়ালে ভোটাভুটি হলেও তৈরি আছি। চার বছর আগে নির্বাচন করে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে। এখন আমি অনেক কিছুই বুঝেছি। তাই প্রয়োজনে ভোটাভুটিতে যেতে আমার কোনো সমস্যা নেই। ভোটের আগে যেটা হয়, কাউন্সিলররা গত চার বছরের মূল্যায়ন জানতে চাইবেন। জবাবদিহির জায়গা থেকে আপনার উত্তর কী হবে? সালাউদ্দিন: এ ব্যাপারে আমার বলার কিছু নেই। সবই চোখের সামনে। আমি চার বছরে যা করেছি, গত ১০ বছরেও তা হয়নি। রেকর্ডপত্র দেখলেই সেটা বোঝা যাবে। গত চার বছরের কার্যকালকে আপনি কীভাবে মূল্যায়ন করেন। কতটা সফল বা ব্যর্থ? সালাউদ্দিন: সেই মূল্যায়ন সংবাদমাধ্যম এবং কাউন্সিলররা করবেন। আমি নিজেকে কোনো নম্বর দিতে চাই না। এই চার বছরে বিশ্ব ফুটবলে বাংলাদেশের মানমর্যাদা যেভাবে বেড়েছে, বাইরে গেলে সেটা বুঝবেন। অনেকে বলেন, এই চার বছর আপনি কিছু চমক দিলেও আরও অনেক কিছু করার ছিল...সালাউদ্দিন: ফুটবল চালানোর জন্য এই চার বছরে সরকার আমাকে একটা কানাকড়িও দেয়নি। আমার যতটা সাধ্য ছিল, করেছি। ভবিষ্যতে দেখবেন কীভাবে স্পনসর আসে। এত দিন আমরা স্পনসরের কাছে নিজেদের তুলে ধরেছি কাজ দিয়ে। এই যে বলা হয় মেয়েদের ফুটবল শুরু হয়েছে ২০০৩ সালে। আসলে শুরু হয়েছে আমি আসার পর। মেয়েরা ফুটবল খেলে এখন টাকা পায়। এটা কেউ কখনো ভাবতে পেরেছে! গঠনতন্ত্র নিয়ে শেষ মুহূর্তে একটা বিতর্ক উঠেছে। কাউন্সিলর না হলেও প্রার্থী হওয়ার বিষয়টা এত দিন পর কেন তুললেন? সালাউদ্দিন: আগের নির্বাচনেও এই নিয়মটা ছিল। কেউ হয়তো তা প্রকাশ না করে গোপন করেছিল। আমি বরং সত্যটা বের করে এনেছি। যারা আজ এত কথা বলছে, তারাও এটা জানত। আমি গত নির্বাচনের সময় বিষয়টা জানতাম না। নির্বাচিত হওয়ার দেড়-দুই বছর পর জানতে পারি। ডিএফএগুলোর দিকে এত দিন নজর দেয়নি বাফুফে। এখন ভোট সামনে রেখে তোড়জোড়। এটা নির্বাচনের পর থাকবে তো? সালাউদ্দিন: এত দিন ডিএফএর দিকে নজর দেওয়া হয়নি, এটা ঠিক নয়। সবাইকে আর্থিক সহায়তা করা হয়েছে। যখন যারা এসেছে, আমি সাহায্য করেছি। সেটা কখনো টাকা দিয়ে, কখনো বল দিয়ে বা অন্যভাবে। কোথাও ব্যর্থতা থাকলে সেটা আমার একার নয়। সবাইকেই দায়িত্ব নিতে হবে। আর মনিটরিংয়ের কথা বলছেন? ফিফা আমাদের মনিটরিং করে? করে না। আমরা কাজ করে ফিফাকে জানাই। এটাই নিয়ম।