‘যতদিন পারি সুরের সুরায় থাকবো’ —বিদিত লাল দাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোজ ভোরে ঘুম থেকে ওঠা তাঁর দীর্ঘদিনের অভ্যাস। হাত-মুখ ধুয়ে ঘণ্টা দেড়েক চলে রেওয়াজ মানে সুর-সাধনা। এরপর নাশতা সারতে না সারতেই বাড়িতে সংগীত শিক্ষার্থীদের পদচারণা। শিক্ষার্থীদের মধ্যে ছোট থেকে বড়রাও আছেন। বয়সের জড়তা ছাপিয়ে সবার কাছে তিনি হয়ে ওঠেন সমবয়সী। আনন্দে আর সানন্দে চলে সংগীত শিক্ষা। পালা করে সকাল থেকে দুপর পর্যন্ত চলে সংগীতের শিক্ষাদীক্ষা। শেষে ঘণ্টাখানেক শারীরিক কসরতের চর্চা। পুরো এক ঘণ্টা অনেকটা যোগব্যায়ামের মতো চলে এ পর্ব। দুপুরের হালকা খাবারের পরপরই, আবার শিক্ষার্থীদের সঙ্গে সন্ধ্যার পর একান্ত নিজের মতো করে কাটিয়ে রাত ঠিক ১০টায় ঘুমাতে যাওয়া। বয়স তাঁর ৭৩ চলছে। দীর্ঘ এ জীবনে এ দিনলিপির খুব একটা বদল হয়নি। তিনি সুরমাপারের সুরের সাধক বিদিত লাল দাস।কেমন আছেন, জানতে সিলেট নগরের শেখঘাটে তাঁর বাসায় যাওয়া। এই জানতে চাওয়ার কথা শুনেই জীবনের সঙ্গে গান ও সুরের একাত্মভাব তাঁর অবয়বে ফুটে উঠল। বয়সের ভার ঝেড়ে তারুণ্য উদ্দীপ্ত বিদিত লাল দাস বলতে শুরু করলেন, অনেক কথার এক কথা—‘গানের আর সুরের মধ্যেই তো আছি। জীবনের ২৩ বছর বাদে বাকি ৫০ বছর আমার রুটিন জীবন আর সুরে-গানে একাকার অবস্থায় কাটছে। যতদিন পারি সুরের সুরায় থাকবো।’‘সুরের সুরায়’ ভালোই আছেন গানপিয়াসী মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় বিদিত লাল দাস। এ নামে তাঁর সুরের ভুবনজোড়া পরিচিতি হলেও ডাক নাম,‘পটল বাবু’ সম্বোধনেও চেনা-জানার পরিধি বাড়ে। জমিদার পরিবারের সন্তান তিনি। স্বর্গীয় বিনোদ লাল দাস ও প্রভা রাণী দাসের তিন ছেলে ও তিন মেয়ে সন্তানের মধ্যে বিদিত লাল দাস পঞ্চম। ১৯৩৮ সালের ১৫ জুন জমিদার পরিবারের নবম পুরুষ হিসেবে জন্ম তাঁর। দুই ছেলের জনক বিদিত লাল দাস। এক ছেলে নীলম ছোট থাকতেই মারা গেছে। এক ছেলে মেডিকেলে পড়াশোনা করছেন।বিদিত লাল দাসের পড়াশোনা ভারতের শিলংয়ে। হাল আমলের বিখ্যাত শিলং সেইন্ট অ্যাডভান্স স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থী ছিলেন তিনি। ১৯৫৯ সালে বাবার অসুস্থতার খবর শুনে সিলেট যান, অতপর আর শিলংয়ে ফেরা হয়নি। সংগীত শেখার গুরু তাঁর ওস্তাদ ফুল মোহাম্মদ।শেখঘাট এলাকায় যে বাড়িতে তিনি বসবাস করছেন, ওই বাড়ির অবকাঠামো এখনো অক্ষত। সামনে প্রসাদ-সদৃশ ফটক। এর পাশেই ‘নীলম লোকসংগীতালয়’। গানের শিক্ষার্থীদের কোলাহলমুখরতা তাঁকে নিমগ্ন রাখে। ২০০৪ সাল থেকে বাড়ির সামনে একটি পুরোনো ঘরের কক্ষে চলছে শিক্ষাদীক্ষা পর্ব। সংগীতালয়ের পরিবেশটাও অন্তরঙ্গতাপূর্ণ। মেঝে থেকে একটু উঁচুতে বিদিত লাল দাস মধ্যমণি হয়ে বসেন। একটি টুলে তাঁর আসন। হাতে হারমোনিয়াম। আর ডানে-বায়ে মেঝেতে বসা শিক্ষার্থীর দল। সংগীত শেখানোর ক্ষেত্রে কোনো গুরুগম্ভীর ভাব তাঁর থাকে না। হারমোনিয়ামে টান দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আছো কেমন?...’ সেই সুরে সুরে প্রতিউত্তরে শিক্ষার্থীরাও বলেন, ‘রাখছেন যেমন...।’ এক কথায় বিদিত লাল দাসের স্বভাবসিদ্ধ কথায় কথায় আনন্দ প্রকাশের মধ্য দিয়ে চলে গান শেখানো।সে যুগে সাধক রাধারমণ পত্র লিখতেন, ‘হাসন রাজা আছো কেমন/ জানতে চায় রাধারমণ...।’ সংগীতের শাখা-প্রশাখা রপ্ত করতে এ প্রসঙ্গে বিদিত লাল দাস একমুখ উৎসুকভাব নিয়ে বলেন, সুর তো কথা থেকেই আসে। আবার কোনো কোনো সুর থেকে কথা বের হয়ে আসে, সিলেট অঞ্চলের মানুষের দুঃখগাথা আর ওলি-আউলিয়ার পদস্পর্শে ধন্য হয়েছে লোকসংগীত। কত কথা আর সুর ছড়িয়ে আছে। এক জীবনে তা চেনা ও জানা সম্ভব না। জানালেন এ জন্যই তাঁর নিজের গড়া প্রতিষ্ঠানকে একটি স্বীকৃত প্রতিষ্ঠান হিসেবে গড়ার চেষ্টায় আছেন তিনি। রবীন্দ্রসংগীত ছাড়া সংগীতের সব শাখা-প্রশাখার দীক্ষা এখান থেকেই দিচ্ছেন শিক্ষার্থীদের। অকালপ্রয়াত ছেলে নীলমকে স্মরণীয় করে রাখতে তাঁর এ প্রাতিষ্ঠানিক প্রচেষ্টা।সিলেটে প্রতিষ্ঠানকেন্দ্রিক সংগীত শেখা নিয়ে বিদিত লাল দাসের সঙ্গে আলাপচারিতার শুরুতে ক্ষোভ প্রকাশ পায়। বলেন, ‘লোকসংগীতের ভান্ডার আমাদের এই সিলেট। অথচ আজও এখানে কোনো সাংস্কৃতিক কমপ্লেক্স বা একাডেমি গড়ে উঠেনি। হাসন রাজা একাডেমির দাবি কত যুগ ধরে উচ্চারিত হচ্ছে। কই কেউ তো এগিয়ে আসছে না। তাই আমি চাই আমার এ প্রতিষ্ঠানটি অন্তত এ কাজের কিছুটা হলেও করে যাক।’ এ কথা বলে তিনি ছোটখাটো কিছু পরিকল্পনার কথাও শোনালেন। গান দিয়ে সামাজিক দায়িত্ব পালন করারও একটি ইচ্ছের কথা ব্যক্ত করলেন।বিদিত লাল দাস জানান, এ সময়ের সবচেয়ে বড় সামাজিক ব্যাধি হচ্ছে যৌতুকপ্রথা। এ প্রথার বিরুদ্ধে গানে গানে সচেতনতা তৈরি করতে চান তিনি।ভবিষ্যৎ কথার সঙ্গে প্রসঙ্গক্রমে ওঠে আসে স্বরলিপিসহ তাঁর গানের বই সুরমাপারের গান প্রকাশনার কথা। এ বইয়ের চাহিদা দেখে তিনি বিমোহিত। তাই সুরমাপারের গান-২ নামে আরেকটি বই প্রকাশের প্রস্তুতি তিনি ইতিমধ্যে সম্পন্ন করেছেন। বই নিয়ে উৎফুল্ল বিদিত লাল দাস বলেন, ‘সময় বদলাচ্ছে, ভবিষ্যৎ কোথায় যাবে জানি না। গান ও সুর হারিয়ে যাওয়ার আশঙ্কার বিরুদ্ধে আমার বই একটি বড় শক্তি হয়ে থাকবে। এ জন্য প্রকাশনার দিকে মনোযোগী।’এ মনোযোগের শুরুটা কীভাবে হয়েছিল? এ প্রশ্নে একনাগাড়ে কথা বলার মধ্যে যেন দাঁড়ি পড়ল। একটু থেমে বিদিত লাল দাস জানালেন, আলাদা করার বিষয় নয়। মনের মন্দিরে যখন সুর খেলা করত, তখন থেকে মনোযোগী হওয়ার পালা। ‘সুরের সুরায়’ তাঁর পঞ্চাশ পার হয়ে গেলেও জানালেন, এই তো সেদিন মনে হয় জীবনের সঙ্গে সুরের সূচনা পরিচয় ঘটেছিল। বললেন মাঝেমধ্যে আশ্চর্য হয়ে ভাবি—এ গানগুলো তখন কোন সুরে খেলা করত? সুরমাপার কি তখন এখনকার মতো সুরে সুরে বিমোহিত হতো...? কারে দেখাব মনের দুঃখ কিংবা মরিলে কান্দিস না আমার দায়... বলে কে তখন কোন সুরে লোকসাগরে ভাসত?এসব তাঁর মনের কথামালার নানা প্রশ্ন। কথায় কথায় এ রকম দ্বিধায় পড়া বিদিত লাল দাসকে তাঁর সুর করা প্রিয় ১০টি গানের কথা জানানোর প্রসঙ্গ তুললে ওই ভাবনায় ছেদ পড়ে। সব গান সব সুর তাঁর প্রিয়। তবে এক থেকে ১০ পর্যন্ত কেউ জানতে চাইলে সবার আগে বলবেন, ‘সিলেট প্রথম আজান ধ্বনি...’ গানের কথা। ক্রমান্বয়ে রহমতের নদীয়া..., বিনোদিনী গো..., কারে দেখাব মনের দুঃখ গো..., মরিলে কান্দিস না..., প্রেমের মরা..., সাধের লাউ..., হাসন রাজা বলে ও আল্লা..., আমি যাইমু গো যাইমু..., প্রাণ কান্দে মন কান্দে..., ভ্রমর কইও গিয়া... এ গানগুলোর সুর তাঁকে সদা মুগ্ধ করে রাখে।সুর-সাগরে ডুব দেওয়ার শুরুর কথা উঠলে তিনি বলেন, ‘আমি শুরুতে নাটকের দৃশ্যে সুর দিতাম। প্রচলিত ধারা ভেঙে আমি আমার মতো করে সুর দিতাম। তাতে নতুনত্ব আসত। এ থেকেই সুরের সাগরে ডুব।’ ষাটের দশকের প্রেক্ষাপট ও বৈরী পরিবেশ-পরিস্থিতির কথাও তাঁর স্মরণে রয়েছে। বললেন, তখন তো রেডিওই ছিল শক্তিশালী ও একমাত্র মাধ্যম। আমি হাসন রাজার যে কয়টি গানে সুর দিয়েছিলাম, সেগুলো রেডিওতে সম্প্রচার করতে তখন রীতিমত যুদ্ধ করতে হতো। অনেক সময় হাসন রাজার মতো শিল্পীর নাম গোপন রেখে গানের প্রচার করা হতো। আর রেডিওর কর্ণধারেরা তখন গানের কথার চেয়ে সুরের টান দেখে জেনে নিতেন গানটির লেখক পরিচিতি।’মরমি কবি হাসন রাজাসহ আজকের অনেক খ্যাতনামা লোককবির কথাকে সুর দিয়ে গানের ভুবনে চিরঞ্জীব করে রাখতে গোড়ার সময়ের বৈরী পথ মাড়িয়ে বিদিত লাল দাস ক্লান্ত-শ্রান্ত। কিন্তু অবসাদ নেই তাঁর। সংগীত-সুরের পরিচিতিতে নানা দেশ আর নানা পুরস্কার-সম্মাননা তাঁকে সর্বজন শ্রদ্ধেয় করলেও মনের অপ্রাপ্তি থেকেই যায়। জীবন সায়াহ্নে এসেও ক্লান্তিহীন পথচলায় খানিক আক্ষেপ করে বললেন, ‘সংস্কৃতিতে বাংলাদেশকে বিশ্ব ভুবনে পরিচিত করে দেওয়ার একটাই মাধ্যম। আর সেটি হচ্ছে লোকগান। এ লোকগান রাষ্ট্রীয় সম্পদ। কিন্তু লোকগানের সঙ্গে জীবন কাটানো মানুষের, রাষ্ট্রীয় সম্মান বা পৃষ্ঠপোষকতা নেই। এ আক্ষেপ নিয়েই হয়তো আমাকে যেতে হবে।’