‘যদি ওদের মতো খেলতে পারতাম!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুর্নামেন্টটা এক অর্থে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের বাছাইপর্ব। এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টের সেরা চার দল সুযোগ পাবে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় আগামী আসরে। ইরাকের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে কাল বাংলাদেশ দলের অধিনায়ক ইমন মিয়া অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলার আপাত অসম্ভব এক স্বপ্নের কথাই বলে গেল অনূর্ধ্ব-১৬ এএফসি চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি কেমন হয়েছে?ইমন মিয়া: ভালোই হয়েছে। এই তো গত মাসে নেপালে অনূর্ধ্ব-১৬ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ খেলে এলাম। ওই টুর্নামেন্টকেও এটার প্রস্তুতির অংশ ধরতে পারেন। দেশে ফিরে বিকেএসপিতে ২৫ দিনের অনুশীলন ক্যাম্প করেছি। সেখানে দুটো প্রস্তুতি ম্যাচ খেলেছি। দুটিতেই জিতেছি। সব মিলিয়ে প্রস্তুতি ভালোই বলব। প্রতিপক্ষ ইরান, ইরাকের মতো শক্তিশালী দলের বিপক্ষে কতটা কী করা সম্ভব?ইমন: এমনিতে ওরা খুবই শক্ত দল। আমাদের থেকে অনেক ভালো। তা ছাড়া খেলাটাও হবে ওদের মাঠে। এটা অনেক কঠিনই হবে আমাদের জন্য। তবে আগেভাগেই ফল নিয়ে ভাবছি না।  ইরাকের আবহাওয়া একটু গরম, সমস্যা হবে না?ইমন: ওখানে গিয়েই তো আর মাঠে নামতে হচ্ছে না আমাদের। এক দিন বিশ্রাম পাব। এক দিন ওয়ার্মআপ করব। এরপরই মাঠে নামব। আশা করি, আমাদের কোনো সমস্যা হবে না। প্রথম দিনই ইরাকের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা জয়ের আশা নিয়েই মাঠে নামব। এই টুর্নামেন্ট তো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশ নেওয়ার প্রথম ধাপ। বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখো না?ইমন: স্বপ্ন অবশ্যই দেখি। আপাতত আমাদের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ খেলা। তবে প্রথম টার্গেট দ্বিতীয় রাউন্ডে যাওয়া। আমাদের গ্রুপে ফিলিস্তিন আছে, ওদের হয়তো সহজেই হারাতে পারব। ইরানের সঙ্গে জেতাও একেবারে অসম্ভব নয়। দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে কমপক্ষে দুটি জয় ও একটি ড্র করতেই হবে। নেপালে খেলে এসেছো গত মাসে। সেই অভিজ্ঞতাটা এখানে কতটুকু কাজে লাগতে পারে?ইমন: নেপালে খেলার অভিজ্ঞতা অনেক কাজে লাগবে আমাদের। ওটাই প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে যাওয়া আমাদের। ওখানে যেসব ভুল করেছি, সেটা এখানে না করার চেষ্টা থাকবে। গত মঙ্গলবারের আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রীতি ম্যাচে বল-বয় ছিলে। এটা কি কোনো বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে?ইমন: অবশ্যই, কাজ করবে। ওদের খেলা দেখে আসার পর বারবার মনে হচ্ছে, আমরা যদি ওদের মতো খেলতে পারতাম! মেসিরা আসার পর এই প্রথম আমরা দেশের বাইরে খেলতে যাচ্ছি। ইরাকে ভালো রেজাল্ট করে সফরটা আমাদের জন্য স্মরণীয় করে রাখতে চাই।  অবসরে নিজেদের মধ্যে কি বিষয়ে আলোচনা করো?ইমন: আমরা যারা ক্যাম্পে আছি সব সময়ই একটা কথা বলি যে ‘আই অ্যাম দ্য বেস্ট’। আর আমাদের এই সেরাটা যদি মাঠে করে দেখাতে পারি তাহলে চিন্তার কিছু নেই। তবে একটা কথা, আমরা কোনো দলকে দুর্বল মনে করব না। আমরা যদি স্বাভাবিক খেলাটা খেলতে পারি তাহলে ইরাক, ইরান, ফিলিস্তিন কোনো বাধা হবে না।  কোচ (নুরুল ইসলাম) কী বলে অনুপ্রাণিত করেছেন তোমাদের?ইমন: স্যারও ওই কথাই বলেছেন। বলেছেন, আমরা যদি নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারি তাহলে সহজেই দ্বিতীয় রাউন্ডে উঠতে পারব। যাওয়ার আগে বিকেএসপিতে ফরাশগঞ্জ, রহমতগঞ্জের খেলোয়াড়দের নিয়ে গড়া দলের সঙ্গে খেলেছি। সেখানে জিতেছি। ওই আত্মবিশ্বাসটা আমাদের কাজে দেবে। তোমার প্রিয় খেলোয়াড় কে?ইমন: চেলসির জন টেরি। আমি স্টপার বলেই ওকে খুব ভালো লাগে। সুযোগ পেলেই ওর খেলা দেখি টেলিভিশনে।