দাবা ফেডারেশনের নতুন নির্বাচিত কমিটি আসার পর স্থবির দাবা একটু সক্রিয়। তারই অংশ হিসেবে আগামী ডিসেম্বরে আয়োজিত হচ্ছে একটি গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট। এটির সঙ্গে সম্পৃক্ত গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার জানালেন বিস্তারিত শুনলাম, আপনারা নাকি গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট করছেন?রিফাত বিন সাত্তার: হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমরা একটি গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট করব। এটির উদ্যোক্তা ফেডারেশনের সদস্য মুশফিকুর রহমান মোহন ভাই। আমরা দাবা খেলোয়াড় সমিতির পক্ষ থেকে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজটা করে দেব। দাবা খেলোয়াড় সমিতি কবে গঠিত হয়েছে। এর তো কোনো কার্যক্রম চোখে পড়ছে না...রিফাত: এটি বছর দুয়েক আগে হয়েছে। আমি সমিতির সভাপতি। গ্র্যান্ডমাস্টার রাকিব এর ভাইস প্রেসিডেন্ট। তৈয়ব সাধারণ সম্পাদক। আসলে আমরা অত বড় কিছু আগে করিনি। এই ফেস্টিভ্যাল জাতীয় টুকটাক আয়োজন ছিল। সে অর্থে বড় কিছু বলতে পারেন গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টটাকেই। টুর্নামেন্ট কোথায় এবং কখন হবে? রিফাত: মোহন ভাই আগারগাঁওয়ে ব্রাইট ফিউচার নামে একটি ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজ দিচ্ছেন। ঘরোয়া টি-টোয়েন্টির দল দুরন্ত রাজশাহীরও স্বত্বাধিকারী তিনি। যেহেতু তিনিই স্পনসর, তাই এর নাম হচ্ছে ব্রাইট ফিউচার জিএম টুর্নামেন্ট। স্কুলে বড় মিলনায়তন হচ্ছেন, সেখানেই সম্ভবত টুর্নামেন্টটা হবে। আগামী ১৫-২৪ ডিসেম্বর এটির সময়সূচি নির্ধারণ করা হয়েছে। প্রাইজমানি কেমন থাকছে?রিফাত: প্রাথমিক যে চিন্তাভাবনা, তাতে প্রাইজমানি বাংলাদেশি টাকায় ৫ লাখ টাকা। চ্যাম্পিয়ন এক লাখ, রানারআপ ৭০ হাজার, তৃতীয় ৬০ হাজার টাকা। ফেডারেশনের অনুমোদন নেওয়া হয়েছে?রিফাত: আমরা ফেডারেশনের কাছে সব পেপারই পাঠিয়েছি। যা করব ফেডারেশনের মাধ্যমেই। এবং ফেডারেশনের ব্যানারেই আমরা এটা করছি। আশা করি, আমরা সবাই মিলে প্রস্তাবিত টুর্নামেন্টটা আয়োজন করতে পারব এবং এটা খুব প্রয়োজনও। তা ছাড়া ফেডারেশনও একেবারে নিজস্ব উদ্যোগে একটা জিএম টুর্নামেন্ট করবে শুনছি। দুটি জিএম টুর্নামেন্ট হলে তো খুবই ভালো। আপনাদের এই টুর্নামেন্টটা কত বড় হতে পারে?রিফাত: এসব এখনো ঠিক হয়নি। তবে এটুকু বলতে পারি, বড় আয়োজন হওয়ার সম্ভাবনাই বেশি। এরই মধ্যে চারদিকে যোগাযোগ শুরু হয়েছে। দেশের পাঁচজন গ্র্যান্ডমাস্টার তো আছেই, সঙ্গে আরও ৪-৫ জন জিএম এলে ভালো টুর্নামেন্টই হবে। তা ছাড়া ভারতের কয়েকজন আইএমও চাই। দেশি খেলোয়াড়েরা যাতে উপকৃত হয় সেদিকেই আমাদের লক্ষ্য থাকবে। আপনাকে ভবিষ্যতে আমরা সংগঠকের আসনে দেখতে পাব?রিফাত: দাবার জন্য অনেক কিছুই করার ইচ্ছা আছে। আসলে অনেক কাজ আমাদের করতে হবে। ফেডারেশনকে সহায়তা করতে চাই। তিন বছর পেরিয়েছে দেশে ফেডারেশনের আয়োজনে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট নেই। এ অবস্থায় একটা টুর্নামেন্ট করলে সেখানে যদি আমাদের খেলোয়াড়েরা আইএম বা জিএম নর্ম করতে পারে, তাহলে খুবই ভালো। আমি ভবিষ্যতেই এ নিয়ে কাজ করব আশা করি। তার মানে খেলোয়াড় কল্যাণ সমিতি সামনে আরও সক্রিয় হচ্ছে?রিফাত: তা বলতে পারেন। আমরা মোকাদ্দেস সাহেবের কমিটির আগে দাবার জন্য একটা একাডেমি করতে চেয়েছিলাম। কিন্তু সেভাবে সাড়া পাইনি। গত কমিটির সময় তো মুভই করিনি আমরা। তো যা-ই হোক, সামনে একটা একাডেমি, একটা লাইব্রেরি, বাচ্চাদের টুর্নামেন্টসহ আরও অনেক কিছুই করার আছে। আমাদের সমিতিও উদ্যোগী ভূমিকা নেবে সামনে। কারণ, দাবা যে অবস্থায় চলে গেছে, সামনে বড় উদ্যোগ না নিলে ক্ষতিটা পুষিয়ে নেওয়া কঠিন হবে।