তাঁর এখন থাকার কথা ছিল মধ্যপ্রাচ্যে, খেলার কথা ছিল ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ। কিন্তু ফিটনেস সমস্যা থাকায় জায়গা হয়নি জাতীয় দলে। দুরন্ত রাজশাহীর হয়ে তাই খেলছেন বিপিএলে। কাল মিরপুরের নেটে অনুশীলন শেষে বিপিএল, পাকিস্তানের পারফরম্যান্স ও নিজের ক্যারিয়ার নিয়ে কথা বললেন অলরাউন্ডার আবদুল রাজ্জাক দল প্রথম দুই ম্যাচেই হারল, আপনার নিজের পারফরম্যান্সও ভালো নয়...আবদুল রাজ্জাক: আমাদের আত্মবিশ্বাসে আসলে একটু ঘাটতি আছে। টি-টোয়েন্টিতে আত্মবিশ্বাসটা খুবই জরুরি। সঠিক সমন্বয়টাও এখনো আমরা খুঁজে পাইনি। আমার নিজের পারফরম্যান্সও ভালো হয়নি। দেখা যাক...একটা ম্যাচ জিতলেই আত্মবিশ্বাস ফিরে আসবে। আপনার কী মনে হয়, কেন এমন হচ্ছে?রাজ্জাক: টুর্নামেন্টের মাত্রই শুরু, সঠিক সমন্বয় বুঝতে খানিকটা সময় লাগতেই পারে। আমাদের খুব ভালো কোনো স্পিনার নেই, এটা একটা বড় দুর্বলতা। প্রথম দুই ম্যাচে প্রচুর ক্যাচও ছেড়েছি আমরা। তবে আশা করি, কালকের (আজ) ম্যাচ থেকেই আমরা ঘুরে দাঁড়াব। সমন্বয়টা খুঁজে পেলেই আমাদের হারানো কঠিন হবে। পাকিস্তান দলের সাম্প্রতিক পারফরম্যান্সে নিশ্চয়ই গর্বিত?রাজ্জাক: পাকিস্তানের প্রত্যেকটি মানুষেরই গর্বিত হওয়ার কথা। আমিও গর্বিত। দলের সঙ্গে থাকি আর না থাকি, দলের জয়টা তো সব সময়ই কামনা করি। এই ধারাবাহিক সাফল্য ভালো লাগছে। এই ধারাবাহিক সাফল্যের রহস্য কী বলে মনে হয়?রাজ্জাক: রহস্য-টহস্য কিছু নেই। সবাই পারফর্ম করছে, এ জন্যই দল জিতছে। সবাই নিজেদের কাজটা ঠিকঠাক করছে। বিশেষ করে, বোলাররা দারুণ পারফর্ম করছে। আর এই দলের আত্মবিশ্বাস দারুণ। দল ভালো করছে বলেই আত্মবিশ্বাসটা এসেছে। এই ইংল্যান্ড সিরিজেই দেখুন, কয়েকবার বিপদে পড়েও দল ঘুরে দাঁড়িয়েছে। এটা হয়েছে আত্মবিশ্বাস থেকেই। অনেকেই তো মূল কৃতিত্ব দিচ্ছে মিসবাহর অধিনায়কত্বকে...রাজ্জাক: মিসবাহকে কৃতিত্ব দিতেই হবে। ও খুব ধীরস্থির, এটা তো সবাই বলছে। এর চেয়েও গুরুত্বপূর্ণ, ও খুবই বন্ধুত্বপূর্ণ। দল হারতে থাকলে অধিনায়ককে অনেক কিছু সহ্য করতে হয়, জিতলে তাই তাঁকে অবশ্যই কৃতিত্ব দেওয়া উচিত। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, সবাই নিজের শতভাগ ঢেলে দিচ্ছে বলেই দল জিতছে। সাঈদ আজমল টানা অসাধারণ বোলিং করে চলেছে। দলের সাম্প্রতিক সাফল্যে মূল কৃতিত্বটা আমি ওকেই দেব। এই দলে আপনি নেই, আজই (কাল) তো পাকিস্তান-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে...রাজ্জাক: আমি দলে ফেরার জন্য মুখিয়ে আছি। কিন্তু ৫০ ওভারের ম্যাচ খেলার জন্য এখনো পুরোপুরি ফিট নই। বিগ ব্যাশ খেললাম, এখন বিপিএল খেলছি। আশা করি, আস্তে আস্তে পুরো ফিটনেস ফিরে পাব। বিগ ব্যাশের অভিজ্ঞতা কেমন ছিল?রাজ্জাক: খুব কঠিন টুর্নামেন্ট, দারুণ প্রতিদ্বন্দ্বিতা। টি-টোয়েন্টি হলেও খুব টাফ ক্রিকেট হয়। আমি খুব একটা ভালো করতে পারিনি, তবে সব মিলিয়ে অভিজ্ঞতাটা দারুণ। বিপিএলও ভালো লাগছে। আমি আইপিএল খেলিনি; তবে আশা করছি, বিপিএলও আইপিএলের মতো জমজমাট হবে। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ভবিষ্যৎটা কীভাবে দেখছেন?রাজ্জাক: টেস্ট ক্রিকেট থেকে তো অবসরই নিয়েছি ২০০৯ সালে, শেষ টেস্ট খেলেছি ২০০৭ সালে (২০০৬ সালের ডিসেম্বরে)। এখন পুরো মনোযোগ ওয়ানডে ও টি-টোয়েন্টিতে। বয়স খুব বেশি হয়নি (৩২), এখনো পাকিস্তান ওয়ানডে দলকে অনেক কিছু দেওয়ার আছে। আর টি-টোয়েন্টি লিগগুলোয় তো খেলবই। সম্ভাবনা যতটা ছিল, সত্যি বলতে, আপনার ক্যারিয়ার ওই উচ্চতা ছুঁতে পারেনি। আপনার কী মনে হয়?রাজ্জাক: আমার অভিষেক ওয়াসিম আকরামের অধিনায়কত্বে। ওয়াসিম আমাকে খুব ভালো বুঝত, ভালোভাবে ব্যবহার করেছে। এরপর মঈনের অধিনায়কত্বও ওয়াসিমের মতোই ছিল। কিন্তু ওয়াকার আমাকে ঠিকভাবে ব্যবহার করতে পারেনি। ও আমাকে শুধু সাত-আটে ব্যাটিং করাত। তখন থেকেই আমার ক্যারিয়ারের পথ হারানোর শুরু। ওই পজিশনে ব্যাটিং করে বড় রানের সুযোগই পেতাম না। খুব হতাশ হয়ে পড়েছিলাম, যার প্রভাব পড়েছিল বোলিংয়ে। ক্যারিয়ার নিয়ে তাহলে অনেক আক্ষেপ আছে...রাজ্জাক: উমমম...আক্ষেপ করে কী হবে! আল্লাহ যা দিয়েছে, তাতেই খুশি। হ্যাঁ, টেস্ট ক্যারিয়ার আরও সমৃদ্ধ হতে পারত। ওয়ানডে রেকর্ডও আরও ভালো হতে পারত। তবে যা করেছি, সেটাই বা খারাপ কী! টেস্ট-ওয়ানডেতে ব্যাটিং গড় তিরিশের মতো, উইকেটও আছে অনেক। ভালোই তো!