‘যা করেছি ভালোবেসে করেছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেবিল টেনিস ফেডারেশনের বর্তমান অস্থায়ী কমিটি দায়িত্ব নিয়েছিল গত বছর জানুয়ারিতে। বিভিন্ন সময়ে কর্মকর্তাদের অভ্যন্তরীণ কোন্দলে বিরক্ত হয়ে সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন সৈয়দ কামরুল হুদা। কিন্তু কাল পদত্যাগপত্র পাঠিয়েই দিলেন সভাপতির কাছে। সহকর্মীদের কর্মকাণ্ডে বিরক্ত ও হতাশ সাবেক এই খেলোয়াড় কাল বললেন ভেতরের নানা কাহিনি সাধারণ সম্পাদকের পদ থেকে নাকি ইস্তফা দিয়েছেন?সৈয়দ কামরুল হুদা: ঠিকই শুনেছেন। সভাপতির কাছে পদত্যাগপত্র এই মাত্র পাঠিয়ে দিলাম।  কেন পদত্যাগ করলেন? এর আগেও তো পদত্যাগ করতে চেয়েছিলেন?কামরুল: কয়েক দিন আগে আমাদের এক সিনিয়র কর্মকর্তা জাহাঙ্গীর আলম আরেক কর্মকর্তা লিনুকে (জোবেরা রহমান) অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। এর আগেও এমনটা হয়েছে। এটা আসলে ভদ্র মানুষের কাজ না। সব মিলিয়েই এই সিদ্ধান্ত। হঠাৎ কেন এই বিশ্রী ঘটনাটা ঘটল?কামরুল: শুধু একটা জিওর (সরকারি আদেশপত্র) জন্য। বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল যাবে প্যারিসে। যারা যাবে সবাই টেবিল টেনিসের কর্মকর্তা। আমার তরফ থেকে যা করার, করেছি। কিন্তু উল্টো আমাকে জাহাঙ্গীর বলেছে, কেন ওর নাম সুপারিশ করলাম। লিনু আমার ছোট বোনের মতো। অবশ্যই ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। ও টেবিল টেনিসের রেকর্ডগড়া খেলোয়াড়। ওকে নিয়ে অনেকে অনেক কথা বলতে পারে। কিন্তু লিনু স্পনসর আনতে পারে। লিনু যেকোনো জায়গায় গেলে সম্মান পায়। আমি ভুল করিনি ওকে সমর্থন দিয়ে। আর লিনু যদি এ রকম গালিগালাজ খেতে পারে, তো আমি কোন ছার। এভাবে কর্মকর্তা ও খেলোয়াড়দের বিদেশ যাওয়াটাকে আপনি কীভাবে দেখেন?কামরুল: আমি শুরুতেই সবাইকে বলেছিলাম একসঙ্গে কাজ করি। টিটিকে এগিয়ে নিয়ে যাই। কেউ কথা শোনে না। সবারই এক কথা, বিদেশে যাব। সরকারি পয়সা কেন দেবেন না? বলে স্পনসর জোগাড় করেন বিদেশে যাব। আমি বললাম বিশ্বকাপে কতটুকু ভালো করা যাবে? আগে আঞ্চলিক খেলায় উন্নতি করি। সাফ, এশিয়ান এসব। ভারতের সঙ্গেও খেলতে হবে। তাহলে উন্নতি হবে। একটা-দুটো বিশ্বকাপে গিয়ে কোনো উন্নতি হবে না।  এভাবে যদি ছেড়েই যাবেন, তাহলে টিটিতে এসেছিলেন কেন?কামরুল: আমি টেবিল টেনিসকে ভালোবেসে এসেছিলাম। আমরা ব্যবসায়ী মানুষ। ব্যবসাক্ষেত্রে অনেক সম্মান পাই। কিন্তু এখানে তেমন সম্মান পাই না। আর যেসব কথা শুনি সেটা কোনো ভদ্র মানুষ শুনতে পারে না। ভেবেছিলাম টিটির উন্নতি করব। সেটা এভাবে সম্ভব নয়। পরিবার ভুলে টিটির পেছনেই লেগে ছিলাম। আমি বিদেশ গেলে ব্যাগ ভর্তি করে সবই টিটির ইকুইপমেন্ট নিয়ে আসি। এগুলো খেলোয়াড়দের দিই। কিন্তু আমার স্ত্রীর জন্য একটা গিফটও আনি না। এরপর যদি এসব শুনি তো কেমন লাগে! আমার তো সমাজে একটা মর্যাদা আছে! আপনি তো জুনিয়রদের প্রাধান্য দিতেন, সিনিয়র খেলোয়াড়দের কম গুরুত্ব দিতেন। কেন?কামরুল: সিনিয়রদের পেছনে কেন খরচ করব? মাহবুবদের বয়স কত? আমি ওদের পেছনে খরচ করব, না ১৬ বছরের খেলোয়াড়দের পেছনে টাকা খরচ করব? ওরাই তো পাইপলাইনে আছে। এবং ওদের সবাই ভালোই করছে। আমি ভারত থেকে কোচ সৌভিক করকে এনেছি। যা করেছি সেটা ভালোবেসে করেছি।  আপনার পদত্যাগের ব্যাপারে সভাপতি কী বললেন?কামরুল: আমি জানানোর পর উনিও বললেন, ভাই আমিও ফেডআপ। আমিও আর থাকব না। আমি এটা চিন্তা করছি গভীরভাবে।  টিটিতে এসব তো ধারাবাহিক সমস্যা। কামরুল: সবচেয়ে বড় সমস্যা হলো, এখানে সবাই আত্মকেন্দ্রিক। টিটিকে ভালোবাসে এমন লোক এখানে নেই। তবে এমনও অনেকেই আছে বিতর্কিত কিন্তু টিটির জন্য কাজ করে।  তাহলে টিটির ভবিষ্যতে কোথায় যাচ্ছে?কামরুল: আমরা যাঁরা টিটিকে ভালোবাসি তাঁরা টেনে তুলবই। তবে এখন যেটা সবচেয়ে বড় দরকার সেটা হলো নির্বাচন। টিটিতে নির্বাচনটা হয়ে যাওয়া উচিত। কারণ একটা নির্বাচিত কমিটি থাকলে অনেক কিছু বলার সুযোগ পেত অনেকে।