‘যা বলেছি বুঝেশুনেই বলেছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির ষড়যন্ত্রের মামলার এজাহারের অনুলিপি পেয়ে ‘বিশ্বব্যাংক প্যানেল সন্তুষ্টি প্রকাশ করেছেন’—এই মন্তব্য বুঝেশুনেই করেছেন বলে দাবি করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মো. সাহাবউদ্দিন। তিনি বলেন, ‘আই এম ক্লিয়ার টু মাই কনসাস’।আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে বিশ্বব্যাংকের সন্তুষ্টি প্রকাশকে সত্য বলে দাবি করে কমিশনার আবারও বলেন, ‘আমি যা বলেছি বুঝেশুনেই বলেছি।’ এদিকে বিকেলে কমিশনার সাহাবুদ্দিনের বক্তব্যকেই সমর্থন করলেন দুদকের চেয়ারম্যান গোলাম রহমান। তবে ওই বক্তব্যকে কমিশনারের নিজস্ব মত বলেই উল্লেখ করেন তিনি। দুদকের চেয়ারম্যান গোলাম রহমান বলেন, বিশ্বব্যাংকের চিঠি ‘ইতিবাচক’। তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাংকের চিঠির কোথাও সন্তুষ্ট বা অসন্তুষ্ট শব্দের উল্লেখ নেই। বরং দুদকের পক্ষ থেকে এফআইআর (মামলার এজাহার) করাটাকে ইতিবাচক বলে উল্লেখ করা হয়েছে।’ দুদক চেয়ারম্যান আরও বলেন, ‘আমি মনে করি না এসব বিষয় নিয়ে অহেতুক চায়ের কাপে ঝড় তুলে হইচই করা ঠিক হবে।’ গোলাম রহমান জানান, বিশেষজ্ঞ প্যানেলের চিঠিতে তদন্ত বিষয়ে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে। সে অনুসারে পরবর্তী তদন্ত কার্যক্রম চলবে। গতকাল সোমবার সাংবাদিকদের দুদকের কমিশনার মো. সাহাবউদ্দিন বলেন, এজাহারের অনুলিপি পাঠানোর পর বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেল তাদের সন্তুষ্টি প্রকাশ করেছে। কিন্তু বিশ্বব্যাংকের চিঠিতে এ ধরনের কোনো বক্তব্য নেই। এদিকে, আজ দুপুর সাড়ে ১২টায় দুদকের মাসিক সংবাদ সম্মেলনে দুদকের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরীর কাছে কমিশনারের বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। আপনারা কমিশনার সাহাবউদ্দিনকেই জিজ্ঞেস করুন।’