এক ইনিংসে ৬ উইকেটসহ অভিষেক টেস্টে ৭ উইকেট। কোথায় পরের টেস্টে তিনিই হবেন দলের তুরুপের তাস, অথচ ইলিয়াস সানি কিনা খেলছেনই না ঢাকা টেস্টে! না খেলার কারণ পেটের পীড়া বলা হলেও এ নিয়ে জল্পনা-কল্পনা কম হচ্ছে না। জাতীয় দলের বাঁহাতি স্পিনার কথা বলেছেন তাঁর হতাশা নিয়ে এখন শারীরিক অবস্থা কেমন আপনার?সানি: (হাসি) এখন আর বাথরুমে যেতে হচ্ছে না। তবে একটু দুর্বলতা আছে। চট্টগ্রামে অমন দুর্দান্ত পারফরম্যান্সের পর এভাবে বাইরে বসে থাকতে নিশ্চয়ই খুব খারাপ লাগছে...সানি: আফসোস তো একটু লাগছেই। একটা টেস্ট খেলেই পরের টেস্টটা খেলতে পারলাম না! তবে হতাশ নই। কপালে ছিল না, তাই খেলছি না...ব্যাপারটা এভাবেই নিচ্ছি। যা হয় ভালোর জন্যই হয়। খেলতে যে পারবেন না, সেটা কি খেলার দিন সকালেই বুঝতে পারলেন?সানি: আমি আসলে চেষ্টা করেছিলাম। ফিজিও বললেন, একটু দেখতে। এরপর ওয়ার্মআপেও নামি। সকালের সমস্যাটা না হলে হয়তো খেলতাম। কিন্তু ঢাকা টেস্টে আপনার না খেলার মূল কারণ অসুস্থতা নয়, এ রকম একটা কথা কিন্তু ছড়িয়ে পড়েছে। কী বলবেন?সানি: যারা এটা বলছে, আমি চাই, তারা এসে সবাইকে জিজ্ঞেস করুক। বিসিবির ডাক্তার আছেন, দলের ফিজিও আছেন। ওনারা ব্যাপারটা জানেন। ম্যাচের দিন যখন টিম মিটিং হচ্ছে, তার আগেও বেশ কয়েকবার টয়লেটে গেছি। মিটিংয়ের সময় আমার পাশে মুশফিক বসা ছিল। ওকে ব্যাপারটা বলি। ও সঙ্গে সঙ্গে বলেছে, আপনি ফিজিওর সঙ্গে কথা বলেন। ফিজিওর সঙ্গে কথা বললে তিনি আমাকে ওষুধ দেন। এরপর বিসিবির ডাক্তার এলেন। এ ছাড়া ম্যাচের আগের রাতে আমি ঘুমিয়েছি সাড়ে চারটার সময়। চারবার টয়লেটে গেছি। অনেকে বলছেন, টিম ম্যানেজমেন্ট খেলতে বলেছিল, কিন্তু আপনিই নাকি খেলতে চাননি?সানি: আসলে অনেক আলোচনাই হচ্ছে, যেগুলো ঠিক নয়। এখন এ নিয়ে আমি কী বলব? প্রথম টেস্টে এত ভালো খেলেও দ্বিতীয় টেস্টে খেলতে চাইব না, এটা কি কোনো কথা? পারিবারিক সমস্যার কারণে কাউকে না বলে বাসায় চলে যাওয়ায় কোচ আপনার ওপর চটেছেন—এটা কি ঠিক?সানি: কোচ আমাকে কিছু বলেননি। আমি তো এখন দলের সঙ্গেই আছি। এর বেশি কিছু বলার নেই আসলে। নো কমেন্ট। পারিবারিক সমস্যাটা আসলে কী ছিল? কী একটা সালিসের মতো হয়েছিল। আপনি নাকি সেখানে গিয়েছিলেন...সানি: এ নিয়ে কিছুই বলব না। কারণ, এর সঙ্গে আমি কোনোভাবেই সম্পৃক্ত নই। সালিস জাতীয় কিছু হয়ইনি, আমার থাকার তো প্রশ্নই আসে না। আপনার না খেলার কারণ তাহলে শুধুই অসুস্থতা?সানি: পারিবারিক সমস্যা থাকতেই পারে। কিন্তু এই সমস্যার জন্য মানসিক চাপে পড়ে আমি খেলতে পারিনি বলা হলে আমার কী করার আছে বলেন? আমি অসুস্থ ছিলাম এবং সেটা সবাই জানে।