‘যাক, উইকেট পড়ল!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় মার্শাল-মেহরাবের ম্যারাথন জুটি থামিয়েছেন তিনিই। অল্পের জন্য দুটি মাইলফলক ফসকে যাওয়ায় অনেকের আফসোস থাকতে পারে, কিন্তু তাঁদের বিপক্ষে রেকর্ডটা হয়নি বলে স্বস্তি পাচ্ছেন নাবিল সামাদ উইকেটটা পাওয়ার আগ পর্যন্ত কি মনে হচ্ছিল, ভাঙা যাবে জুটি?নাবিল সামাদ: অবশ্যই, বিশ্বাস সব সময়ই ছিল। যদিও ফ্ল্যাট উইকেট, ওরাও অনেক ভালো ব্যাটিং করছিল। কিন্তু জানতাম, একটা ভালো বল শুধু দরকার। আশা ছিল হয়তো একটা ভুল করবে। সকালের সেশনটা গুরুত্বপূর্ণ ছিল, শুরুতেই সুযোগটা বেশি থাকে। ওরা আজ (কাল) কোনো ঝুঁকিই নেয়নি। এক-দুই করে নিয়ে খেলছিল। একটা বল টার্ন করল, মেহরাব মিস করল...। উইকেটটা পাওয়ার পর প্রথমেই কী মনে হয়েছিল?নাবিল: প্রথমে...মনে হলো, যাক উইকেট পড়ল! খুব ভালো লাগছে। ব্যাটসম্যানদের যেমন লক্ষ্য থাকে সেঞ্চুরি করা, বোলারদেরও লক্ষ্য ৫ উইকেট নেওয়া। প্রথম দিন আমি ৩ উইকেট পেয়ে গিয়েছিলাম প্রথম ৫ ওভারেই। তখন ভেবেছিলাম ৫ উইকেট হয়তো পাব। কিন্তু উইকেট আর পড়েই না। আমরা জানতাম মার্শাল ও মেহরাবই ওদের মূল দুই ব্যাটসম্যান। ফর্মে আছে দুজনই। কিন্তু এত বড় জুটি আসলে কেউ তো ভাবতে পারেনি। জানতেন, জুটিটা বিশ্ব রেকর্ডের কাছাকাছি?নাবিল: হ্যাঁ, সকালেই আলোচনা হয়েছিল। ওরা বলছিল যে আর ৪৮-৪৯ রান দরকার। রেকর্ডটা হলে খুব খারাপ লাগত আমাদের। কোনো দলই চায় না তাদের বিপক্ষে কোনো রেকর্ড হোক।  ওদের জন্য খানিকটা খারাপ লাগেনি, এত কাছে এসে বিশ্ব রেকর্ড করতে পারল না? বাংলাদেশেরও একটা নাম থাকত রেকর্ডে...নাবিল: হলে কিন্তু লেখা থাকত আমাদের বিপক্ষে করেছে। ওটা দেখে আমাদের খারাপ লাগত। এমনিতে মেহরাব-মার্শাল দুজনই আমার খুব ভালো বন্ধু। কিন্তু খেলা খেলাই। অন্য কোনো দলের বিপক্ষে হলে হয়তো আফসোস লাগত, এত কাছে গিয়ে পারল না। কিন্তু আমাদের বিপক্ষে হোক, আমরা চাইনি। মার্শালকে ট্রিপল করতে না দিয়েও তো তাহলে খুব ভালো লাগার কথা!নাবিল: অবশ্যই। এখানেও আমি একই কথা বলব। চাইনি আমাদের বিপক্ষে হোক। প্রতিপক্ষের কেউ ট্রিপল সেঞ্চুরি করলে কতটা খারাপ লাগে, সেটা আমার ভালোই জানা আছে। রকিবুল যখন ট্রিপল সেঞ্চুরি করেছিল (২০০৭ সালে, বরিশালের হয়ে ৩১৩*), আমি বিপক্ষ দলে (সিলেট)। ৬০ ওভার বোলিং করেছিলাম, দুই শর বেশি ওভার (২২১) ফিল্ডিং করতে হয়েছিল। খুব খারাপ লেগেছিল।  দলগতভাবে আপনাদের কী আলোচনা হয়েছিল? ওদের রেকর্ড করতে দেওয়া যাবে না, এ রকম কিছু?নাবিল: সে রকম কিছু না। সবাই জানে এটা ব্যাটিং উইকেট। আমাদের চেষ্টা করে যেতে বলা হয়েছে, আমরা কোনো ত্রুটি রাখিনি। ভালো বোলিং করাটাই আসল। ব্যাটিংয়ে আমরাও ভালো করব। সেটাই হচ্ছে। যখন এমন ম্যারাথন জুটি হয়, টানা এক-দুই দিন উইকেট পড়ে না, বোলার বা ফিল্ডার হিসেবে এই সময়গুলোয় কেমন লাগে?নাবিল: আমার নিজের অভিজ্ঞতা বলি, এটা যতটা না শারীরিক বা ক্রিকেটীয় চ্যালেঞ্জ, তার চেয়ে অনেক বেশি মানসিক। নিজেকে অনুপ্রাণিত করা কঠিন হয়ে পড়ে। এই উইকেটেই যেমন বল টার্ন করে না, স্কিড করে না, বাউন্স সমান, কিছুই হয় না। ক্রিকেটার হিসেবে চ্যালেঞ্জও আসলে এটাই। চেষ্টা করে যেতে হয়, যদি একটা ভালো বল হয় আর ব্যাটসম্যান ভুল খেলে...। এমনিতে মার্শাল-মেহরাবের ব্যাটিং কেমন দেখলেন?নাবিল: দুজনই অসাধারণ ব্যাটিং করেছে। উইকেট একদম ফ্ল্যাট ছিল, কিন্তু এই উইকেটে যেমন খেলা উচিত, তেমনই খেলেছে ওরা। মেহরাব পুরো ইনিংসেই কোনো ঝুঁকি নেয়নি। সোজা ব্যাটে খেলেছে। মার্শাল একটু বেশি শট খেলেছে। একটা ইতিবাচক দিক হলো, এই মৌসুমে বেশ কিছু বড় বড় ইনিংস হচ্ছে। ভারতের রঞ্জি ট্রফিতে কত ডাবল-ট্রিপল সেঞ্চুরি হয়। এবার আমাদের এখানেও হচ্ছে। কারণটা কী মনে হয়, এবার পার্থক্য কোথায়?নাবিল: আমার মনে হয় মানসিকতায়। আগে ব্যাটসম্যানরা এক শ করেই হয়তো সন্তুষ্ট থাকত, এখন বড় ইনিংস খেলতে চায়। প্রতিদ্বন্দ্বিতা অনেক বেড়েছে। আরেকটা ব্যাপার হতে পারে, অনেক ঠান্ডা ছিল তো, খুব বেশি ক্লান্ত হয়নি ওরা। গরমের মধ্যে এত লম্বা ইনিংস খেলতে হয়তো ক্লান্ত হয়ে পড়ত।