‘যাযাবরের’ চিরপ্রস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি গেয়েছিলেন ‘আমি এক যাযাবর/ পৃথিবী আমাকে আপন করেছে/ ভুলেছি নিজের ঘর।’ এবার আপন পৃথিবীকেও ছেড়ে চলে গেলেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার ভূপেন হাজারিকা। গতকাল শনিবার স্থানীয় সময় বিকেল চারটা ৩৭ মিনিটে মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে এই মানবদরদি শিল্পী শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।বুকের সংক্রমণে অসুস্থ হয়ে পড়ায় গত জুনে ভূপেন হাজারিকাকে ভর্তি করা হয়েছিল ধিরুভাই আম্বানি হাসপাতালে। এর পর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন। কয়েক দিন আগে তাঁর অবস্থার আরও অবনতি ঘটে। চিকিৎসকেরা জানান, তাঁর দুটি কিডনিই অচল হয়ে যায়। তাঁকে নেওয়া হয় নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)। দেওয়া হচ্ছিল ডায়ালিসিস। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে থেমে গেল তাঁর কণ্ঠ।ধীরুভাই আম্বানি হাসপাতালের জনসংযোগ বিভাগের প্রধান জয়ন্ত নারায়ণ সাহা ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে জানান, দুটি কিডনিই বিকল হয়ে যাওয়ায় চার দিন ধরে ডায়ালিসিস চলার পর শনিবার বিকেলে মারা যান এই শিল্পী। তিনি জানান, ডায়ালিসিস চলার পর ভূপেন হাজারিকার দেহের বিভিন্ন অঙ্গ সাড়া দিতে ব্যর্থ হয়। বিকেল সাড়ে চারটার দিকে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।ভূপেন হাজারিকার জন্ম ১৯২৬ সালের ৮ সেপ্টেম্বর, ভারতের আসাম রাজ্যে। কৈশোরকাল থেকেই গান লেখা, সুর দেওয়া এবং একই সঙ্গে গাইতে শুরু করেন তিনি। তাঁর কণ্ঠ ছিল যেমন দরাজ, তেমনি মানুষের প্রতি ছিল গভীর দরদ। সমাজ ও রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে লেখা গানগুলো তাঁকে গীতিকার হিসেবে বেশি জনপ্রিয় করে। আমজনতার কথা তুলে ধরায় তাঁর গানের মধ্যে জনগণ বারবার নিজেদের খুঁজে পেত। হিন্দুধর্মের পবিত্র নদী গঙ্গার কাছে তিনি প্রশ্ন রেখেছিলেন, দুই পাড়ের অসংখ্য নিপীড়িত-নির্যাতিত মানুষের নিষ্ফল-নিষ্করুণ জীবনযাত্রা দেখেও কেন তার প্রতিক্রিয়া হয় না, কেন সে শুধুই বয়ে চলে?’ এই যান্ত্রিক যুগে সহানুভূতি হারিয়ে প্রায় যন্ত্র হয়ে ওঠা মানুষকে মনে করিয়ে দিয়েছিলেন, ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য/ একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না’। এই মানবিকতাবোধ তাঁকে ভিন্নমাত্রায় নিয়ে যায়। পরিচিত করে তোলে স্বতন্ত্র বৈশিষ্ট্যে। বাংলা, হিন্দি ও অসমিয়া ভাষায় তাঁর এসব গান শ্রোতাদের হূদয় স্পর্শ করে যায়, পায় আকাশচুম্বী জনপ্রিয়তা। এ ছাড়া তিনি ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষায় গান গেয়েছেন। বিবিসি বাংলার জরিপে সর্বকালের সবচেয়ে জনপ্রিয় বাংলা গানের তালিকায় দ্বিতীয় স্থানটি দখল করে, ‘মানুষ মানুষের জন্য’ গানটি।ভূপেন হাজারিকার গাওয়া অজস্র বাংলা গানের মধ্যে ‘দোলা হে দোলা’, ‘সাগর সঙ্গমে’, ‘গঙ্গা আমার মা’, ‘একটি কুড়ি দুটি পাতা’ ও ‘এ শহর প্রান্তর’, ‘আমায় ভুল বুঝিস না’, ‘মোর গাঁয়ের সীমানায়’, ‘মেঘ থমথম করে’সহ অসংখ্য গান মানুষের কণ্ঠে গুঞ্জরিত হয়।সংগীতশিল্পী ভূপেন হাজারিকার প্রতিভা ছিল বহুমাত্রিক। সংগীতচর্চার পাশাপাশি একাধারে ছিলেন কবি, চলচ্চিত্রনির্মাতা ও সাংবাদিক। তিনি যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ বিষয়ে পিএইচডি করেন। অভিনয় করেছেন এক পাল নামে একটিমাত্র চলচ্চিত্রে। এ ছবিতে তাঁর অভিনয় অনেক চলচ্চিত্রবোদ্ধার হূদয় ছুঁয়ে যায়। অসমিয়া ভাষার চলচ্চিত্র এরা বাতার সুর (১৯৫৬) দিয়ে চলচ্চিত্রকার হিসেবে অভিষেক ঘটে ভূপেন হাজারিকার। তিনি ১৪টি চলচ্চিত্র পরিচালনা করেন। অসমিয়া ভাষায় শকুন্তলা (১৯৬০), প্রতিধ্বনি (১৯৬৪) ও লটিঘটি (১৯৬৭) চলচ্চিত্রে তিনি একই সঙ্গে প্রযোজক, পরিচালক, গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী হিসেবে কাজ করেছেন। জীবন তৃষ্ণা, জোনাকির আলো, চামেলী মেমসাহেব, সীমানা পেরিয়েসহ বিভিন্ন বাংলা চলচ্চিত্রের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন তিনি। ১৯৭৫ সালে চামেলী মেমসাহেব চলচ্চিত্রে সুরকার ও শিল্পী হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। সংগীত ও চলচ্চিত্রে অবদানের জন্য ১৯৭৭ সালে ভারত সরকারের ‘পদ্মশ্রী পুরস্কার’, ভারতীয় চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৯২ সালে ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার, ২০০১ সালে লাভ করেন ভারতের রাষ্ট্রীয় উপাধি ‘পদ্মভূষণ’। তবে কয়েক বছর আগে হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপিতে যোগ দিয়ে ভক্তদের কাছে বিতর্কিত হয়ে উঠেছিলেন তিনি। দীর্ঘ ৩৯ বছর ধরে হাজারিকার সঙ্গী ছিলেন চলচিত্রকার কল্পনা লাজমি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘ভূপেন শুধু গায়ক ছিলেন না, ছিলেন একজন মহান সমাজসংস্কারকও। ভারতের পূর্বাঞ্চল ও বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরেছিলেন তিনি। আরেকজন ভূপেন হাজারিকা আর কখনো জন্ম নেবে না।’বাংলাদেশের রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া শিল্পী ভূপেন হাজারিকার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।