‘যারা আমীলীগ বিএমপি করে তারাই খ্যায়া বাচুক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার খেড়ুয়াপাড়া গ্রামের ওয়াহেদ আলী (৫৫) কৃষি শ্রমিকের কাজ করে জীবিকা চালান। কিন্তু বর্তমানে তাঁর কোনো কাজ নেই। সরকারের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির কথা জানতে পেরে এলাকার বিভিন্ন জনের কাছে ধর্না দিয়েছিলেন তালিকায় নাম তুলতে। কিন্তু শেষ পর্যন্ত তাঁর নাম আর ওঠেনি।ওয়াহেদ আলী আক্ষেপ করে বলেন, ‘যারা আমীলীগ বিএমপি করে তারাই খ্যায়া বাচুক। হামাকেরে খাওয়া লাগবি ন্যা।’ শুধু ওয়াহেদ আলীই নন, তাঁর মতো অসংখ্য হতদরিদ্র মানুষ রয়েছেন যাঁদের ভাগ্যে এ কর্মসূচির তালিকায় নাম লেখানো সম্ভব হয়নি। তাঁদের ভাগ্যই এবার ভালো যারা স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থক বা নেতাদের কাছের লোক।এ উপজেলায় গ্রামের অতিদরিদ্র জনগোষ্ঠীর জন্য কাজের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকারের ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান’ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে গত ১৩ অক্টোবর। এ কর্মসূচিতে আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতারা যৌথভাবে তাঁদের পছন্দের মানুষদের তালিকাভুক্ত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, উপজেলার ১২টি ইউনিয়নে এ প্রকল্পে এক হাজার ৯৩৯ জন অতিদরিদ্র মানুষকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ের এ কর্মসূচিতে বরাদ্দ রয়েছে এক কোটি ১২ লাখ টাকা। নিয়ম অনুযায়ী প্রতিদিন একজন শ্রমিক সাত ঘণ্টা কাজ করে পারিশ্রমিক হিসেবে ১৫০ টাকা পাবেন। নতুন নিয়ম অনুযায়ী এ টাকা ব্যাংকে হিসাব খুলে তার মাধ্যমে পরিশোধ করা হবে। প্রকল্প বাস্তবায়নের জন্য ইউনিয়ন কমিটি প্রাথমিকভাবে শ্রমিকদের তালিকা করেছিল। পরে কিছুটা কাটছাট করে উপজেলা কমিটি চূড়ান্ত তালিকা অনুমোদন করেছে।অভিযোগ রয়েছে, এ প্রকল্প বাস্তবায়নে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতারা বসে নিজেদের মধ্যে সমঝোতা করে নিয়েছে। এ সমঝোতা অনুযায়ী এলাকার বিএনপির দলীয় সাংসদ এ কে এম হাফিজুর রহমান ১০ ভাগ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম ১০ ভাগ, ইউনিয়নের চেয়ারম্যান-সদস্য ২০ ভাগ ও বাকি ৬০ ভাগ আওয়ামী লীগ নেতাদের পছন্দে তালিকা করার সমঝোতা হয়। পরে এ সমঝোতা অনুযায়ী স্থানীয় নেতারা তাঁদের পছন্দের শ্রমিকদের নাম তালিকাভুক্ত করেন।উপজেলার মোকামতলা ইউনিয়নের খালিমপুর-সোনাতলা সংস্কার কাজে ৩৮ জন শ্রমিক কাজ করছেন। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা স্থানীয় আওয়ামী লীগ বা বিএনপি নেতাদের কাছে তদবির করে কাজ করার সুযোগ পেয়েছেন। ভাগকোলা গ্রামের শ্রমিক মোহম্মদ ইসলাম বলেন, তিনি নিজেও আওয়ামী লীগ করেন। পরে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার কাছে তদবির করে নিয়োগ পেয়েছেন। আবার গণেশপুর গ্রামের শ্রমিক দুলাল মিয়া বলেন, তিনি বিএনপির সমর্থক।উপজেলার রায়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী বলেন, তাঁর ইউনিয়নে ১০৩ জন শ্রমিক রয়েছেন আওয়ামী লীগ সমথর্ক। আর বাকি ৪২ জন শ্রমিক বিএনপি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পছন্দে নিয়োগ পেয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি লুৎফর রহমান বলেন, যে সব শ্রমিক নিয়োগ পেয়েছে তাঁরা সবাই হতদরিদ্র।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম বলেন, তাঁকে বলা হয়েছিল কিছু শ্রমিকের নাম দিতে। সে অনুযায়ী তিনি পাওয়ার যোগ্য এমন ব্যক্তিদের তালিকা দিয়েছেন।এলাকার সাংসদ এ কে এম হাফিজুর রহমান জানান, তাঁকে জানানো হয়েছিল ১০ ভাগ নাম বরাদ্দ দেওয়ার জন্য। তবে তিনি তা না দিয়ে ইউনিয়নের চেয়ারম্যানদের বলেছেন প্রকৃত যোগ্যদের নাম তালিকাভুক্ত করতে।