‘যুক্তরাজ্যে ছাত্র ভিসা ব্যবস্থা কঠোর করলে বিশৃঙ্খলার সৃষ্টি হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে ছাত্র ভিসাব্যবস্থা কড়াকড়ি করার উদ্যোগের কঠোর সমালোচনা করেছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি। কয়েকজন পার্লামেন্ট সদস্যকে (এমপি) নিয়ে গঠিত এই কমিটি এক প্রতিবেদনে ভিসা কড়াকড়ি করার চেষ্টাকে ‘দুর্বল পরিকল্পনা ও নেতিবাচক চিন্তার বহিঃপ্রকাশ’ বলে আখ্যা দেয়। এ কারণে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে বলেও প্রতিবেদনে মন্তব্য করা হয়। লন্ডনে অবস্থিত লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমতি বাতিল করা হলে এর বিরুদ্ধে আইনি লড়াই শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ লড়াই চলাকালে পাবলিক অ্যাকাউন্টস কমিটির এই প্রতিবেদন প্রকাশ করা হলো। ইউকে বর্ডার এজেন্সি (ইউকেবিএ) গত ২৯ আগস্ট লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমতি বাতিল করে। ইউকেবিএ বলছে, ছয় মাস নিরীক্ষা করে বিভিন্ন অনিয়মের অভিযোগ পেয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে— প্রয়োজনের তুলনায় ইংরেজি ভাষায় অনেক কম দক্ষ বিদেশি শিক্ষার্থী ভর্তি করানো, শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতির তদারকিতে ব্যর্থতা এবং এই বিশ্ববিদ্যালয়ের মোট বিদেশি শিক্ষার্থীর এক-চতুর্থাংশেরই যুক্তরাজ্যে অবস্থানের বৈধতা না থাকা। যুক্তরাজ্যের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমতি বাতিলের আগেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রতিবেদন লেখা হয়। প্রতিবেদনে ২০০৯ সালে চালু হওয়া পয়েন্ট-ভিত্তিক ছাত্র ভিসাব্যবস্থার কঠোর সমালোচনা করা হয়। এতে বলা হয়, পয়েন্ট-ভিত্তিক ভিসাব্যবস্থার কারণেই ৫০ হাজারের বেশি ভুয়া শিক্ষার্থী যুক্তরাজ্যে আসার সুযোগ পান। তিন বছর আগে চালু হওয়া এ ব্যবস্থার কারণেই ভুয়া শিক্ষার্থীরা জাল নথিপত্র দিয়ে যুক্তরাজ্যে আসেন। তাঁরা পড়াশোনার জন্য নয়, বরং কাজ করার জন্য এ দেশে আসতে পয়েন্ট-ভিত্তিক ভিসাব্যবস্থার অপব্যবহার করেছেন। কমিটির চেয়ারপারসন মার্গারেট হজ বলেন, এটা বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ইউকেবিএর দুর্বল পরিকল্পনার ফল। এদিকে লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ম্যালকম জিলিস বলেন, ইউকেবিএর অনেক মামলাই ‘ভুল’। এই সংস্থাটি বিদেশি শিক্ষার্থী ভর্তির ভিসাব্যবস্থায় গত তিন বছরে ১৪ বার উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খতিয়ে দেখবে, সংশ্লিষ্ট বিদেশি শিক্ষার্থীদের ভর্তির সময় ভিসাব্যবস্থায় ঠিক কোন বিষয়টি উল্লেখ ছিল।লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমতি বাতিল করায় দুই হাজার ছয় শতাধিক শিক্ষার্থীর শিক্ষাজীবন হুমকির মুখে পড়েছে। তাদের মধ্যে অনেক বাংলাদেশি শিক্ষার্থীও রয়েছেন। এই শিক্ষার্থীদের আগামী ১ ডিসেম্বরের মধ্যে বিকল্প কোর্সে ভর্তি নিশ্চিত করতে হবে। তা না হলে যুক্তরাজ্য ছাড়তে হবে। বিবিসি।