‘যুক্তরাষ্ট্রের ভূমিকায় শেখ হাসিনা অসন্তুষ্ট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রতি শেখ হাসিনার তীব্র অসন্তোষ রয়েছে। কারণ তিনি মনে করেন, তাঁর বাবার হত্যাকাণ্ডে হয় যুক্তরাষ্ট্রের হাত ছিল, নচেৎ তারা আগেভাগেই জানত। কিন্তু তারা ১৫ আগস্টের অভ্যুত্থান ঠেকাতে কোনো পদক্ষেপ নেয়নি। এ মন্তব্য করেছেন স্টিফেন আইজেনব্রাউন। তিনি পঁচাত্তরের আগস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তরে কর্মরত বাংলাদেশ ডেস্ক কর্মকর্তা ও পরে দুবার ঢাকার মার্কিন দূতাবাসে পলিটিক্যাল অফিসার (’৭৬-৭৮) ও পলিটিক্যাল কাউন্সেলর (’৯৬-৯৮) ছিলেন। বর্তমানে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক মানবাধিকার প্রতিবেদন প্রণয়নসংক্রান্ত কার্যক্রমের প্রধান সম্পাদক। তাঁর সাক্ষাৎকার থেকে দেখা যাচ্ছে, ঢাকায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত ডেভিড এন মেরিল ব্যক্তিগতভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বঙ্গবন্ধুর ঘাতকদের ফিরিয়ে দিতে আন্তরিক ছিলেন। আইজেনব্রাউন ইঙ্গিত দেন যে বাংলাদেশের ত্রুটিপূর্ণ আইনি-ব্যবস্থা এবং নিরাপত্তা হেফাজতে নির্যাতন চালানোর রেকর্ড থাকার কারণে তাতে বিঘ্ন ঘটে।উল্লেখ্য, আইজেনব্রাউন তাঁর সাক্ষাৎকারে মুজিব হত্যাকাণ্ডে মার্কিন ভূমিকা ও সে বিষয়ে শেখ হাসিনার মনোভাব ব্যাখ্যা করতে বিশেষভাবে সচেষ্ট হন। ২০০০ সালের মার্চে বিল ক্লিনটন ঢাকা সফর করেন। এ সময় প্রখ্যাত মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলজ প্রথম আলোতে লেখেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই ইস্যুটি তোলার জন্য এখন অত্যন্ত উপযুক্ত অবস্থানে আছেন। ২৫ বছর আগে তাঁর মা, বাবা, ১২ বছরের ভাইসহ পরিবারের অনেক সদস্য নিহত হয়েছেন। সে জন্য শেখ হাসিনা ও অন্যদের জানার অধিকার আছে, প্রকৃতই কী ঘটেছিল।’আইজেনব্রাউন তাঁর সাক্ষাৎকারে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের কতিপয় বন্ধুর কথা উল্লেখ করেছেন। তাঁদের অন্যতম সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী। আইজেনব্রাউন ১৯৯৬-২০০০ সালের মেয়াদে বঙ্গবন্ধুর দণ্ডিত ঘাতকদের দেশে আনার প্রচেষ্টার বিবরণ দেন। গতকাল আবুল হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমার মনে আছে, ওভাল অফিসে প্রেসিডেন্ট বিল ক্লিনটন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন, তাঁরা (অভিযুক্তরা) এ দেশে থাকুক তা আমি দেখতে চাই না।’ এ সময় সাবেক পররাষ্ট্রসচিব শফি সামি ও মার্কিন অ্যাটর্নি জেনারেল রেনে উপস্থিত ছিলেন। বাংলাদেশের ত্রুটিপূর্ণ আইনি-ব্যবস্থা সম্পর্কে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এই যুক্তি আমরা মেনে নিতে অপারগ।’ শেখ হাসিনার তীব্র অসন্তোষ থাকা প্রসঙ্গে তাঁর মন্তব্য: ‘আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, তাঁর যদি একটা ক্ষোভ থেকেও থাকত বাস্তবতার নিরিখে সেখানে একটা আমূল পরিবর্তন ঘটে গেছে। বঙ্গবন্ধুকে বাঁচাতে মার্কিন প্রশাসন যথেষ্ট উদ্যোগ না নিলেও সেখানকার দুই বড় দলেই মুজিবকে শ্রদ্ধা করার মতো প্রচুর লোক আছেন। তাই সেদিক থেকে আমি বলব, আইজেনব্রাউনের উক্তি একটু বেশি তীব্র।’গতকাল প্রকাশিত মার্কিন কথ্য ইতিহাসবিদ চার্লস স্টুয়ার্ট কেনেডির নেওয়া সাক্ষাৎকারের আরও কিছু অংশ নিচে তুলে ধরা হলো।স্টুয়ার্ট কেনেডি: আমি আসলে মুজিব পরিবারের কথা ভাবছিলাম। আমি বলতে চেয়েছি—আইজেনব্রাউন: না। এটা কিন্তু সংস্কৃতিতে নেই। স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে অভ্যুত্থানকারীরা প্রত্যেককে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডটা ১৯১৮ সালে রাশিয়ার রাজকীয় পরিবারের হত্যাকাণ্ডের থেকে তেমন আলাদা নয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশিরা যতটা বিস্মিত হয়েছে, প্রায় ততটাই হতবাক হয়েছে মার্কিনরা। আমি এটা বললাম এ কারণে যে মুজিব পরিবারের বেঁচে যাওয়াদের একজন হলেন শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা। তিনি তখন দেশে ছিলেন না। ১৯৯৬ সালে আমি যখন চাকরিসূত্রে দ্বিতীয়বারের মতো ঢাকার মার্কিন দূতাবাসে গিয়েছিলাম, তখন শেখ হাসিনাই ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবং আমি জানি তিনি বিশ্বাস করেন যে মার্কিনরা আগস্ট হত্যাকাণ্ডের বিষয়ে আগেভাগেই জানতে পেরেছিল। কিন্তু তা প্রতিহত করতে তারা ভূমিকা রাখেনি। উপরন্তু তাঁর এমন বিশ্বাসও রয়েছে যে এই হত্যাকাণ্ডে হয়তো মার্কিনদের হাত রয়েছে। কিন্তু ১৯৭৫ সালে বাংলাদেশ ডেস্কে একজন কর্মরত ব্যক্তি হিসেবে আমি বলতে পারি, যুক্তরাষ্ট্র শেখ মুজিবকে সতর্ক করে দিয়েছিল। যার বিবরণ আমি আগেই দিয়েছি। কিন্তু যুক্তরাষ্ট্রের বড় বিস্ময় ছিল, যারা প্রকৃতপক্ষে এই অভ্যুত্থান ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, তাদের পরিচয় জেনে। আমাকে বিশ্বাস করুন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বাংলাদেশ ডেস্ক শোকাহত হয়েছিল।স্টুয়ার্ট কেনেডি: শেখ মুজিব কি তখন জনপ্রিয় ছিলেন? আমি বলতে চাইছি যে তিনি কি এমন পর্যায়ে গিয়েছিলেন যে আমরা চাইছিলাম যে তিনি বিদায় নিলেই ভালো হয়? কিংবা অন্যভাবে বলা যায়, সেই সময়ে তাঁর সম্পর্কে আমাদের ধারণা কেমন ছিল?আইজেনব্রাউন: হ্যাঁ, শেখ মুজিবের তখন কোনো প্রশাসনিক সামর্থ্য ছিল না। এবং তখন তিনি কর্তৃত্বপরায়ণ হয়ে উঠেছিলেন। তিনি বাংলাদেশকে একটি স্বৈরতন্ত্রে রূপান্তর করেছিলেন এবং ভয়ানক হয়ে ওঠা দেশের অর্থনৈতিক উন্নয়ন সমস্যার দিকে নজর দিচ্ছিলেন না।স্টুয়ার্ট কেনেডি: তা আমরা তাঁর প্রতি কেমন মনোভাব পোষণ করেছিলাম। আমি বোঝাতে চাইছি, কাউকে প্রলুব্ধ করা কিংবা আমরা আশা করছিলাম যে সেখানে অন্য কেউ এসে পড়বে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে? আমি আসলে বোঝাতে চাইছি, সেই সময়ে আমেরিকার অনুভূতিটা কী ছিল, সেটা আমি উপলব্ধি করতে চাইছি।আইজেনব্রাউন: রাষ্ট্রদূত বোস্টার যুক্তরাষ্ট্রকে তাঁর কাছ থেকে কিছুটা তফাতে রাখতে চাইছিলেন। কারণ, মুজিব ক্রমাগতভাবে কর্তৃত্ববাদী হয়ে উঠেছিলেন। মৌলিক অধিকার স্থগিত করেছিলেন। এবং বাস্তবে তিনি তাঁর নিজস্ব ব্যক্তিগত আর্মি গড়ে তুলছিলেন। বাংলাদেশের সঙ্গে আমাদের ছিল অর্থনৈতিক সহায়তা প্রদানের সম্পর্ক। আমরা যথেষ্ট সম্পদের জোগান সেখানে দিয়েছিলাম। খাদ্যসাহায্যের পরিমাণটা যথেষ্টই বলতে হবে। তবে বাংলাদেশের প্রয়োজনটা ছিল সীমাহীন। যুদ্ধের অব্যবহিত আগে তারা একটি প্রলয়ংকরী ঘূর্ণিঝড় থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল। এরপর এল নয় মাসের গৃহযুদ্ধ ও গণহত্যা, মানবিক চাহিদা ছিল অসীম। এবং আমরা উদারতার সঙ্গে সাড়া দিয়েছিলাম। তবে ওই সময় আমরা অর্থনৈতিক সহায়তা এবং রাজনৈতিক বিষয়ের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছিলাম। মুজিব সোভিয়েতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আগ্রহী ছিলেন। এবং সোভিয়েতদের ব্যাপক উপস্থিতি ছিল বাংলাদেশে। তিনি সমাজতন্ত্রের কথা বলতেন, যা ওয়াশিংটন সুনজরে দেখত না। তবে সমাজতন্ত্র বিষয়ে তিনি যা বলতেন, তা ছিল অবশ্যই বাগাড়ম্বরপূর্ণ। আমি এমন কিছুই জানি না যে তিনি নির্দিষ্টভাবে এমন কোনো নীতির বাস্তবায়ন করেছিলেন, যাকে সমাজতান্ত্রিক বলতে পারেন। তাঁর সরকারের কাঠামোতে সমাজতন্ত্রের কোনো ছাপ ছিল না। সত্যি বলতে কি, বাংলাদেশিরা একটি সরকারের মধ্যে সবাই একত্র হয়েছিল। সুতরাং রাজনৈতিকভাবে আমাদের সম্পর্ক ছিল শীতল। এবং তখন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শেখ মুজিবের জন্য কিসিঞ্জারের হাতে কোনো সময় ছিল না।উল্লেখ্য, এই সাক্ষাৎকারটি বহু দিন ধরে টেপ করা হয়েছে। সে কারণে কোনো বিষয়ভিত্তিক পরম্পরা ছিল না। এটা শুধু বাংলাদেশবিষয়ক কোনো সাক্ষাৎকার ছিল না। নিয়ম হলো, কূটনীতিকেরা অবসরে গিয়ে তাঁরা তাঁদের কূটনৈতিক জীবনের বিস্তারিত তুলে ধরবেন। তবে আইজেনব্রাউনের সুদীর্ঘ সাক্ষাৎকারের অধিকাংশ জায়গাজুড়ে আছে বাংলাদেশ। পঁচাত্তরের ১৫ আগস্ট ও মুজিব হত্যাকাণ্ড বিচ্ছিন্নভাবে বহু স্থানে রয়েছে। ‘শেখ হাসিনার তীব্র অসন্তোষ’স্টুয়ার্ট কেনেডি: ১৯৯৬-তে আপনি যখন বাংলাদেশে গেলেন, তখন সেখানে পরিস্থিতি কেমন ছিল? আইজেনব্রাউন: সেটা বেশ চমকপ্রদ। রাজনৈতিক দিকে আমি নজর দিয়েছিলাম। গত ২০ বছরে বাংলাদেশ কতটা এগিয়েছে। যেসব পরিবর্তন আমি খুঁজে পেলাম, তার সবটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ১৯৭৫ সাল এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড সম্পর্কে আমি আগে যা বলেছিলাম, তা ১৯৯৬ সালেও লক্ষ করি যে সেটা প্রাসঙ্গিক। তার কারণ, মুজিবের দল বাংলাদেশ আওয়ামী লীগ সত্তরের দশকে নিন্দিত হয়ে পড়েছিল, সে দলটির পুনর্জন্ম ঘটেছে। মুজিবের কন্যা শেখ হাসিনা সদ্য বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। জেনারেল জিয়া যিনি তাঁর দল বিএনপি সৃষ্টি করেছিলেন, তাঁর পত্নী বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা পরাজিত করেছেন। ১৯৭৮ সালে সৌভাগ্যবশত আমি বিএনপির জন্ম দেখেছিলাম।যেমনটা আমি বলছিলাম, ১৯৭৫ সালে শেখ মুজিবের হত্যাকাণ্ডের পরে আওয়ামী লীগ নিন্দিত হয়েছিল। এবং বহু বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে তাঁর তেমন ভূমিকা অনুভূত হয়নি। শেখ হাসিনা দেশের বাইরে ছিলেন। দেশে থাকলে তিনিও হত্যার শিকার হতেন। ১৯৯৬ সালের জুলাই মাসে আমি যখন ঢাকায় পৌঁছাই, তখন তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মত অনুযায়ী, সে নির্বাচন ছিল অবাধ ও সুষ্ঠু। তাঁর ক্ষমতা গ্রহণের সম্ভবত ১০ দিন পরই আমি ঢাকায় পৌঁছাই। সেটা ছিল একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর। বাংলাদেশের অস্থিতিশীল রাজনৈতিক ইতিহাসে সেটা এক স্মরণীয় ঘটনা।শেখ হাসিনা তাঁর জ্ঞান হওয়ার পর থেকে বিশ্বাস পোষণ করেন যে তাঁর পিতার হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রের হাত ছিল কিংবা আসন্ন অভ্যুত্থান সম্পর্কে যুক্তরাষ্ট্র জানত। কিন্তু তাঁর পিতাকে হুঁশিয়ার করে দিতে যুক্তরাষ্ট্র কোনো ভূমিকা রাখেনি। সুতরাং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাঁর মনে থেকে যায় তীব্র অসন্তোষ। যেমনটা আমি আগেই বলেছি, আমরা শেখ মুজিবকে সতর্ক করেছিলাম যে তাঁর হত্যাকাণ্ড আসন্ন। কিন্তু তিনি তা উড়িয়ে দিয়েছিলেন। আমরা অবশ্যই তাঁর হত্যাকাণ্ডে কোনো ভূমিকা পালন করিনি। মার্কিন দূতাবাসে লুপ্ত পঁচাত্তরের ইতিহাসআইজেনব্রাউন: ১৯৯৬ সালে আমি যখন বাংলাদেশে গেলাম, তখন সেই সংক্রান্ত আমলাতান্ত্রিক ইতিহাস দূতাবাস এবং ডেস্ক থেকে লুপ্ত হয়ে গেছে। ১৯৭৫ সালের বাংলাদেশের ঘটনাবলি যাঁরা (মার্কিন কূটনীতিক) দেখাশোনা করতেন, তাঁরা ইতিমধ্যে অবসরে কিংবা মৃত্যুবরণ করেছেন। সুতরাং ১৯৯৬ সালে এসব বিষয়ে যাঁরা দেখাশোনার দায়িত্বে নিয়োজিত, তাঁরা সেই মুহূর্তে তাঁদের সামনে উপস্থিত ঘটনাবলির পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া দেখাচ্ছিলেন। ঢাকায় তখন মার্কিন রাষ্ট্রদূত ছিলেন ডেভিড এন মেরিল। তিনি আগে ছিলেন একজন সাহায্য কর্মকর্তা। তিনি ছিলেন সক্রিয়, সুদক্ষ এবং ব্যক্তিত্বসম্পন্ন। বাংলাদেশিদের তিনি পছন্দ করেছিলেন। এবং তাদের রাজনৈতিক উদ্বেগের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছিলেন। মেরিল যখন জানলেন যে বাংলাদেশের ঐতিহাসিক পটভূমির আমি কিছুটা জানি, তখন তিনি তা জানতে আগ্রহী হলেন। সেই পটভূমিটা সামনে এল যখন শেখ হাসিনা চাইলেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত তাঁর পিতার খুনিদের দেশে ফিরিয়ে আনতে।মুজিব হত্যাকাণ্ডের জন্য যাঁরা দায়ী তাঁদের রেহাই দেওয়া হয়েছিল। তাঁরা এসেছিলেন সেনাবাহিনী থেকে। তাঁরা মধ্যম সারির কর্মকর্তা। তাঁদের অধিকাংশই সেনাবাহিনী থেকে অপসারিত হওয়ার পর বিদেশে কূটনৈতিক চাকরি পেয়েছিলেন। তাঁরা যাতে দেশের বাইরে থাকেন, সেটাই ছিল লক্ষ্য। ২০ বছর পর দেখলাম, খুনিদের অনেকেই ঢাকায় বসবাস করছেন। আর অল্পসংখ্যক সন্দেহভাজন বাস করছেন যুক্তরাষ্ট্রে।যেহেতু আইনি-ব্যবস্থা যথেষ্ট রূঢ়আইজেনব্রাউন: শেখ হাসিনা কোনো দ্বিধাদ্বন্দ্বের অবকাশ রাখেননি। তিনি তাঁর পিতার হত্যার খুনিদের বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেন। আর তার অর্থ হলো, তিনি যুক্তরাষ্ট্রের কাছে আশা করলেন যে এসব লোককে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে। কিন্তু বাংলাদেশের সঙ্গে আমাদের প্রত্যর্পণ চুক্তি ছিল না। তিনি বিশ্বাস করতে পারেননি যে তিনি যদি যুক্তরাষ্ট্রে অবস্থানরত সন্দেহভাজনদের চিহ্নিত করে দেন, তাহলে আমরা বিচারের জন্য তাঁদের বাংলাদেশের হাতে তুলে দিতে অপারগ থাকব। কিন্তু বিষয়টা অত সহজ ছিল না। সত্যি বলতে কি, এর সঙ্গে কেবল আইনগত বিষয় জড়িত ছিল না। মানবাধিকারসংক্রান্ত উদ্বেগের প্রশ্ন ছিল। ছিল বাংলাদেশের আইনি-ব্যবস্থার প্রশ্ন। কারণ তাদের শাস্তি প্রদানের ব্যবস্থা যথেষ্ট রূঢ় ছিল। উপরন্তু নিরাপত্তা হেফাজতে তাঁদের প্রতি দুর্ব্যবহার করা হবে কি না, সেই প্রশ্নও ছিল। আসলে দুর্ব্যবহার এখানে নম্র শব্দ। আমরা আশঙ্কা করেছিলাম, তাঁদের নির্যাতন করা হবে। প্রতিশোধ গ্রহণ এবং স্বীকারোক্তি আদায় উভয় অর্থেই। সেটা তাঁর (শেখ হাসিনার) লক্ষ্য অর্জনে সহায়ক হয়নি। তিনি ঢাকায় বসবাসরত অভিযুক্তদের গ্রেপ্তার করেছিলেন। এবং আমরা শুনেছিলাম যে নিরাপত্তা হেফাজতে তাঁরা নিগ্রহের শিকার হয়েছিলেন। এসব কাণ্ড করার মতো অবস্থা থেকে কাটিয়ে উঠতে শেখ হাসিনার খুব বেশি সময় লাগেনি। অভিযুক্তদের প্রতি কর্তৃপক্ষ সদয় হয়েছিল। কিন্তু রাজনৈতিক ক্ষতি যা হওয়ার হয়ে গেছে।মেরিল ছিলেন নিবেদিতপ্রাণ আইজেনব্রাউন: রাষ্ট্রদূত মেরিল শেখ হাসিনার ইচ্ছাপূরণে সম্পূর্ণরূপে আগ্রহী ছিলেন। এক সন্ধ্যায় তিনি আমার সঙ্গে বসলেন। বললেন, কল্পনা করুন, কেনেডি হত্যাকাণ্ডের ঘটনায় লি হারভে (কেনেডির ঘাতক হিসেবে চিহ্নিত। ১৯৬৩ সালে ডালাসের রাস্তায় ফেরারি অবস্থায় তাঁকে গুলি করে হত্যা করা হয়) অন্যদের সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন। এবং তাঁদের সম্পৃক্ততা আমরা শনাক্ত করেছিলাম। আমরা জানতে পেরেছিলাম যে সন্দেহভাজনেরা বাংলাদেশে প্রকাশ্যে বাস করছেন। আমরা কি তখন আশা করব না যে তাঁদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়ার প্রচেষ্টায় বাংলাদেশ সরকার আমাদের পূর্ণ সহযোগিতা দেবে? এই ইস্যু যখন প্রথমে এল, তখন মেরিল সন্দেহভাজনদের যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আনতে নিবেদিতচিত্তে কাজ করেছিলেন। তবে আমি মনে করি না যে আজ পর্যন্ত তাঁদের কোনো একজনকেও বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।শেখ হাসিনার সঙ্গে একদিনআইজেনব্রাউন: কংগ্রেসম্যান বিল রিচার্ডসন ঢাকায় এসেছিলেন। রাষ্ট্রদূত মেরিল তাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিয়ে গেলেন। আমি তাঁদের সঙ্গী হলাম। মেরিল আলোচনার শুরুতেই প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন। বললেন, আইজেনব্রাউন বাংলা বলতে পারে। কুড়ি বছরের অব্যবহারের কারণে বাংলা প্রায় ভুলতে বসেছিলাম। প্রধানমন্ত্রী বাংলায় বললেন, ‘কীভাবে আপনি বাংলা শিখলেন।’ এবং বাংলায় জবাব দিলাম। বললাম, কুড়ি বছর আগে আমি ঢাকার মার্কিন দূতাবাসে এসেছিলাম। তিনি বললেন, ‘আপনি কি পরিবারসহ এসেছেন?’ আমি বললাম, হ্যাঁ, আমার স্ত্রী আমার সঙ্গে আছে। সঙ্গে তিন সন্তানের মধ্যে দুজন আছে। বললেন, ‘বাংলাদেশ কেমন দেখলেন? আপনার কি জায়গাটা পছন্দ?’ বললাম, দেশটি খুবই সুন্দর। প্রধানমন্ত্রীর জিজ্ঞাসা, ‘আপনি কি কোনো ভিন্নতা খুঁজে পেলেন?’ বললাম, নিশ্চয়ই। বিপুল মানুষ। বড় বড় দালানকোঠা। সুপ্রশস্ত রাজপথ। শেখ হাসিনা আমার সঙ্গে কথা শেষ করলেন এই বলে যে ‘আপনি ঢাকায় ফিরে আসায় আমরা প্রীত।’ (চলবে)