‘যুক্তি দিয়ে সন্তুষ্ট করতে না পারলে রায়ে তার প্রতিফলন ঘটবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তি উপস্থাপনের জন্য যথাযথ প্রস্তুতি না থাকায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলির ওপর অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনাল-২ গতকাল সোমবার বলেছেন, যুক্তি দিয়ে সন্তুষ্ট করতে না পারলে রায়ে তার প্রতিফলন ঘটবে।কামারুজ্জামানের বিরুদ্ধে মামলায় গতকাল রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের দ্বিতীয় দিনে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এসব কথা বলেন।সকাল ১০টা ৪০ মিনিটে কার্যক্রম শুরুর সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী ও তুরিন আফরোজ এবং আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী ও এহসান এ সিদ্দিক উপস্থিত ছিলেন। কিন্তু রাষ্ট্রপক্ষে এই মামলা পরিচালনাকারী কৌঁসুলি এ কে এম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন না। তাঁর অনুপস্থিতির কারণ জানতে চেয়ে ট্রাইব্যুনাল বলেন, ‘উনি (সাইফুল) সময়মতো আসবেন না, আবার সময়ও চাইবেন না—এটা হতে পারে না। আমরা নির্ধারিত সময়ের ১০ মিনিট পরে এসেছি। তার পরও তিনি আসেননি। এখন বেলা পৌনে ১১টা। তিনি এত জ্যেষ্ঠ আইনজীবীও নন যে তাঁর জন্য বিচারকেরা বসে থাকবেন।’সৈয়দ হায়দার আলী এ জন্য ট্রাইব্যুনালের কাছে দুঃখ প্রকাশ করেন। পরে বিচারকেরা এজলাস থেকে নেমে যান। আসামির কাঠগড়া থেকে কামারুজ্জামানকে নামিয়ে নিয়ে হাজতখানায় রাখা হয়।সাইফুল ইসলাম ট্রাইব্যুনালে আসেন বেলা ১১টার দিকে। সাড়ে ১১টার দিকে বিচারকেরা আবার এজলাসে উঠলে কামারুজ্জামানকে আবার আসামির কাঠগড়ায় আনা হয়। সময়মতো আসতে না পারার জন্য সাইফুল ইসলাম ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চান। এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘আমাদের না জানিয়ে আপনি এভাবে দেরি করলেন, এটা কি ঠিক হলো? আপনি কি টি এইচ খান, রফিক-উল হকের (সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী) মতো সিনিয়র হয়ে গেছেন যে আপনার জন্য আমরা বসে থাকব? ভবিষ্যতে এমন কাজ করলে আপনাদের যুক্তি উপস্থাপন বন্ধ করে দেওয়া হবে।’এরপর যুক্তি উপস্থাপন শুরু করেন সাইফুল ইসলাম। কামারুজ্জামানের বিরুদ্ধে আনীত প্রথম অভিযোগের বিষয়ে তাঁর যুক্তি শেষে ট্রাইব্যুনাল দ্বিতীয় অভিযোগের বিষয়ে যুক্তি দিতে বলেন। কৌঁসুলি কিছুক্ষণ চুপ থেকে বলেন, বিদ্যুৎ না থাকায় তিনি এ বিষয়ে প্রস্তুতি নিতে পারেননি। এ জন্য আসতেও দেরি হয়েছে।ট্রাইব্যুনাল বলেন, ‘আপনারা যথেষ্ট সময় পেয়েছেন। আসামিপক্ষের সাক্ষীদের সাক্ষ্যেও তেমন দীর্ঘ কিছু ছিল না। তাহলে এমন হবে কেন? আপনাদের যুক্তি উপস্থাপনে যথাযথ প্রস্তুতি নেই, যথেষ্ট ঘাটতিও রয়েছে। যুক্তির মাধ্যমে যদি আপনারা ট্রাইব্যুনালকে সন্তুষ্ট করতে না পারেন, তাহলে রায়ে তার প্রতিফলন ঘটবে। তখন রায় মনঃপূত না হলে আমাদের সমালোচনা করবেন, টক-শোতে আমাদের ছাড় দেবেন না। ক্যামেরার সামনে ক্ষিপ্ত হবেন। সেখানে বলবেন, আমরা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি, কিন্তু রায় ঠিক হয়নি। আমরা এখানে বিচার করতে বসেছি। আপনি যদি অভিযোগ প্রমাণ করতে না পারেন, তাহলে আমরা রায়ে আপনাদের ব্যর্থতার কথা উল্লেখ করব। ভালো করে প্রস্তুতি নেন।’ট্রাইব্যুনাল আরও বলেন, ‘এই ট্রাইব্যুনাল দুটি মামলার রায় দিয়েছেন। সেখান থেকেও আপনারা অনেক বিষয়ে শিক্ষা নিতে পারতেন। আমরা সাক্ষীদের সাক্ষ্য দেখেই রায় দিতে পারি। কিন্তু রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষকে যুক্তি উপস্থাপন করতে বলা হয় আমাদের সহযোগিতা করার জন্য। সেটি নিশ্চিত করবেন।’এই পর্যায়ে রাষ্ট্রপক্ষের আরেক কৌঁসুলি নূরজাহান মুক্তা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এলে সাইফুল ইসলাম আবার যুক্তি দেওয়া শুরু করেন। একপর্যায়ে ট্রাইব্যুনাল প্রশ্ন করেন, ‘ঘটনার বিবরণ শুনেছেন এমন ব্যক্তির সাক্ষ্য কেন আমলে নেওয়া হবে? একজন সম্মানী ব্যক্তিকে সামাজিকভাবে হেয় করা কেন অমানবিক অত্যাচার বলে গণ্য হবে?’এ বিষয়ে সাইফুল ইসলামের ব্যাখ্যায় ট্রাইব্যুনাল সন্তুষ্ট হননি। ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের আরেক কৌঁসুলি তুরিন আফরোজকে পরে এসব বিষয়ে যুক্তি দিতে বলেন।যুক্তি: প্রথম অভিযোগের বিষয়ে যুক্তিতে সাইফুল ইসলাম বলেন, একাত্তরের ২৯ জুন সকালে কামারুজ্জামানের নেতৃত্বে আলবদররা শেরপুরের ঝিনাইগাতী থানার রামনগর গ্রামের আহম্মেদ মেম্বারের বাড়ি থেকে বদিউজ্জামানকে অপহরণ করে আহম্মেদনগরে পাকিস্তানি সেনাদের ক্যাম্পে নিয়ে যায়। সেখানে তাঁকে সারা রাত নির্যাতন করে পরদিন হত্যা করে লাশ পানিতে ফেলা হয়। এ অভিযোগ রাষ্ট্রপক্ষের চতুর্থ ও ষষ্ঠ সাক্ষীর সাক্ষ্যে প্রমাণিত হয়েছে। দ্বিতীয় অভিযোগের বিষয়ে তিনি বলেন, কামারুজ্জামান ও তাঁর সহযোগীরা শেরপুর কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল হান্নানকে প্রায় নগ্ন করে শহরের রাস্তায় হাঁটাতে হাঁটাতে চাবুকপেটা করেন। এ অভিযোগ রাষ্ট্রপক্ষের দ্বিতীয়, তৃতীয় ও ১৪তম সাক্ষীর সাক্ষ্যে প্রমাণিত হয়েছে।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তৃতীয় অভিযোগের বিষয়ে বলেন, একাত্তরের ২৫ জুলাই আলবদর ও রাজাকাররা পাকিস্তানি সেনাদের নিয়ে শেরপুরের সোহাগপুর গ্রামে নির্বিচারে হত্যাযজ্ঞ চালায় এবং নারীদের ধর্ষণ করে। এটি কামারুজ্জামানের পরামর্শে পরিকল্পিতভাবে করা হয়। এ অভিযোগ রাষ্ট্রপক্ষের প্রথম, দ্বিতীয়, ১০ম, ১১, ১২ ও ১৩ নম্বর সাক্ষীর সাক্ষ্যে প্রমাণিত হয়েছে।যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় ট্রাইব্যুনাল এই মামলার কার্যক্রম ২৭ মার্চ পর্যন্ত মুলতবি করেন এবং সেদিন রাষ্ট্রপক্ষের কৌঁসুলিকে ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসতে বলেন।