‘যুদ্ধজয়ের গৌরবে পথ হাঁটি আমরা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পথনাটকের শক্তি অনেক। দেখবেন, আজ সন্ধ্যায় এখানে মানুষের ঢল নামবে।’ সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে হেঁটে যেতে যেতে এক তরুণ বলছিলেন তাঁর সঙ্গীকে।বাস্তবেও দেখা গেল, তাঁর ধারণা ভুল হয়নি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই ভরে উঠল উদ্যানের মাঝখানে সাংস্কৃতিক বলয় মুক্তমঞ্চ, নাট্যানুরাগীদের উপস্থিতিতে। নাটকের শক্তিতে উজ্জীবিত পথশিশু আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কিংবা বিকেলে উদ্যানে আসা ভ্রমণকারীদের এক কাতারে বসে হাততালি দিতে দেখা গেল অভিনয় দেখে। গতকাল শনিবার পথনাট্যোৎসবের তৃতীয় দিনের পরিবেশটা ছিল এমন।‘যুদ্ধজয়ের গৌরবে, পথ হাঁটি আমরা’ স্লোগান নিয়ে বৃহস্পতিবার শুরু হয়েছে ‘বাংলাদেশ পথনাটক উৎসব’। আয়োজন করছে বাংলাদেশ পথনাটক পরিষদ।বাংলাদেশ পথনাটক পরিষদের আয়োজনে প্রতিবছর মার্চের প্রথম দিন থেকে শহীদ মিনারে সপ্তাহব্যাপী পথনাট্যোৎসবের আয়োজন করা হলেও এবার কর্তৃপক্ষ পুরো সপ্তাহ তাদের বরাদ্দ দেয়নি। তাই এবার উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের পর থেকে নাটক হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। এখানেও দর্শকের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানান পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। তিনি বলেন, প্রতিদিনই এখানে দর্শকের ঢল নামে। খোলা আকাশের নিচে নাটক দেখতে আসা দর্শকসংখ্যা দিন দিন বাড়ছে। এ কারণে পথনাটক পরিষদের পক্ষ থেকে প্রতি শুক্রবার এ মঞ্চে নিয়মিত নাটক পরিবেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।শনিবার সন্ধ্যায় মোট সাতটি নাটক উপভোগ করে দর্শক। এর মধ্যে ছিল নাট্যকুঞ্জের আমাদের সত্য কথা, সাত্ত্বিক নাট্য সম্প্রদায়ের ইশতেহার, দৃষ্টিপাত নাট্য সংসদের জোড়াতালি, নাট্যযোদ্ধার খ্যাতির বিড়ম্বনা, গাজীপুরের নাট্যভূমির বাংকার, মুন্সিগঞ্জের থিয়েটার সার্কেলের শিক্ষায় স্যার সৈয়দ আহম্মদ এবং সিলেটের দিগন্ত থিয়েটারের মধুপুর খানা। আজ রোববার এখানে বিকেল চারটায় শুরু হবে নাট্য পরিবেশনা। আজও সাতটি দল নাটক পরিবেশন করবে।