যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করেই দেশে সংসদ নির্বাচন দেওয়া হবে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছে। যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে বেশ কয়েকটি রায় হয়েছে। রায় কার্যকরের জন্য অপেক্ষা করতে হবে। গতকাল মঙ্গলবার বিকেলে জামায়াতের ঘাঁটি হিসেবে পরিচিত চট্টগ্রাম নগরের চকবাজারে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ কথা বলেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করে।নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, সাংসদ নুরুল ইসলাম বিএসসি, নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী প্রমুখ। জনসভা পরিচালনা করেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী।আওয়ামী লীগের সমাবেশ ঘিরে গতকাল চকবাজার এলাকায় পুলিশ কড়া নিরাপত্তাব্যবস্থা নেয়। ছাত্রশিবিরও চকবাজার-সংলগ্ন প্যারেড মাঠে পাল্টা কর্মসূচি দিয়ে পিছু হটে।সমাবেশে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে বিএনপিতে যোগ দেওয়ার পরামর্শ দেন সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি তাঁকে (ইউনূস) উদ্দেশ করে বলেন, ‘আপনি তত্ত্বাবধায়ক নিয়ে কথা বলছেন। এমনিতে কথা বলে কোনো লাভ নেই। আপনি আগে বিএনপিতে যোগ দেন, তারপর কথা বলেন।’সাংসদ মোশাররফ হেফাজতে ইসলামের সমালোচনা করে বলেন, ‘তেঁতুল হুজুর খালেদা জিয়ার পাশে দাঁড়িয়েছেন। তিনি যে ১৩ দফা দাবি দিয়েছেন, তা মানলে দেশের ৪০ লাখ নারী শ্রমিক বেকার হয়ে যাবে। তখন দুই কোটি লোক না খেয়ে মরবে। এখন প্রশ্ন, খালেদা জিয়া কি তেঁতুল হুজুরের ১৩ দফা সমর্থন করেন?’নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘যাঁরা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চান, তাঁরা সাবধান হয়ে যান। পুলিশের রাইফেল কেড়ে নিয়ে, বাসে-ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যা করেছেন তাঁরা। এত দিন সহ্য করেছি, ভবিষ্যতে আর সহ্য করব না। নাশকতার বিরুদ্ধে চট্টগ্রামেই প্রতিরোধ গড়ে তোলা হবে। এ জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।সাংসদ নুরুল ইসলাম বিএসসি বলেন, ‘বিএনপি, জামায়াত আর হেফাজত মিলে যত কথাই বলুক, ২০২১ সালের আগে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো যাবে না। গ্রামাঞ্চলে ২৬৯টি আসন আছে। তাদের বিদ্যুৎ-গ্যাস লাগে না। তারা শহরে আসে না, তাদের দরকার মোটা ভাত-কাপড়। আমরা গ্রামের মানুষকে ভাত-কাপড় দিতে পেরেছি। ২৬৯ আসনের মধ্যে ১৮০টি আমরা পাবই।’