‘যুদ্ধের সত্যিকারের মূল্য জানার অধিকার আছে মার্কিনিদের’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক গোপনীয় কূটনৈতিক তারবার্তা ফাঁস করে দুনিয়াজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে উইকিলিকস। আর এই হুইসেল ব্লোয়িং ওয়েবসাইটকে গোপন অনেক তথ্য সরবরাহ করে এখন বিচারের অধীনে আছেন ২৫ বছর বয়সী ব্রাডলি ম্যানিং। আইন লঙ্ঘনের দায়ে বাকি জীবনের অনেকটাই হয়তো সামরিক কারাগারে কাটাতে হবে মার্কিন সেনাবাহিনীর এই তরুণ সদস্যকে। তবে যা করেছেন, সেটার জন্য বিন্দুমাত্র অনুশোচনা নেই ম্যানিংয়ের। বরং ‘যুদ্ধের সত্যিকারের মূল্য’ মার্কিন নাগরিকদের জানার অধিকার আছে মনে করেই উইকিলিকসকে তথ্য দিয়ে সহায়তা করেছিলেন বলে জানিয়েছেন তিনি। গত মঙ্গলবার মেরিল্যান্ড সামরিক ঘাঁটিতে বিচার-পূর্ব শুনানিতে এসব কথা বলেন ম্যানিং।প্রতিবাদী এই মার্কিন সেনার আনুষ্ঠানিক বিচার শুরু হওয়ার কথা ৩ জুন থেকে। তার আগে প্রাক শুনানিতে ২২টি অভিযোগের মধ্যে ১০টির কথাই স্বীকার করে নেন ব্রাডলি ম্যানিং। আর বাকি ১২টি অভিযোগ সম্পর্কে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। বিশেষভাবে ‘শত্রুপক্ষকে সহায়তা করার’ যে অভিযোগ তাঁর বিরুদ্ধে আনা হয়েছে, সেগুলো অস্বীকার করেছেন এই ২৫ বছর বয়সী মার্কিন সেনা। ব্রাডলি ম্যানিংয়ের এই অকপট স্বীকারোক্তি খুবই ব্যতিক্রমী ব্যাপার বলে আজ একটি প্রতিবেদনে উল্লেখ করেছে ‘দ্য গার্ডিয়ান’। এ ধরনের একটা গুরুতর অপরাধের শুনানির সময় নিজের শাস্তির কথা না ভেবে খোলাখুলি নিজের মনের কথাগুলো বলেছেন ব্রাডলি। স্বীকার করেছেন, তিনি স্বপ্রণোদিত হয়েই এই গোপন তারবার্তা ও কিছু ভিডিও উইকিলিকসকে সরবরাহ করেছেন। ব্রাডলির বিরুদ্ধে আনা ২২টি অভিযোগের মধ্যে ১০টি ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। যার ফলে প্রতিটি অভিযোগের জন্য দুই বছর করে কারাদণ্ডের সাজা পেতে হবে ব্রাডলিকে। তার মানে, প্রায় ২০ বছর কারা অন্তরালেই কাটাতে হবে ম্যানিংকে।নিস্তব্ধ আদালতঘরে বসে ম্যানিং বলেছেন, তিনি মার্কিন সেনাদের উন্মত্ত রক্তলোলুপতা দেখে ক্রমশ অসুস্থ হয়ে পড়ছিলেন। ইরাকে মার্কিন হেলিকপ্টারের যে হামলায় অনেক শিশু ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিনিধি নিহত হয়েছিলেন, সেই ভিডিওটিও জনসমক্ষে এসেছিল ম্যানলির হাত ধরে। বাগদাদের বাইরে গোয়েন্দা বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালনের সময় গোপনীয় দলিলপত্র ও ভিডিও উইকিলিকসের হাতে তুলে দেন ম্যানলি। তাঁর মতে, ‘এ সময়ের এই দলিলপত্রগুলো প্রকাশ করে, যুদ্ধের সত্যিকারের মূল্য আমাদের কতখানি দিতে হয়।’ যুক্তরাজ্য যেভাবে এই যুদ্ধের পাকে জড়িয়ে পড়েছে, সেটা মেনে নিতে না পারার হতাশা থেকেই এই আইনবিরুদ্ধ কাজ করেছেন বলে জানান ম্যানলি। তিনি বলেছেন, ‘আমরা আমাদের লক্ষ্য-উদ্দেশ্যের কথা ভুলে মানুষ হত্যা আর গ্রেপ্তারে মেতে উঠেছিলাম। আমি বিশ্বাস করি, সাধারণ মানুষ, বিশেষত যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকেরা যদি এগুলো দেখতে পায়, তাহলে এটা আমাদের সেনাবাহিনী ও আমাদের বৈদেশিক নীতি নিয়ে অনেক বিতর্ক তুলবে। যার ফলে হয়তো আমাদের সমাজ এই সন্ত্রাসবিরোধী যুদ্ধে জড়ানোর প্রয়োজনীয়তা সম্পর্কে নতুন করে ভাববে।’