‘ও ঘরে শুধু বইপুস্তক আছে, আমার মেয়ে নেই। যে ঘরে রূপালী নেই, সে ঘরে আমি যাব না। তোমরা আমাকে ও ঘরে নিয়ো না।’ মেয়ের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়া রূপালীর মা তরী রানী বরাতিকে আত্মীয়স্বজন ঘরে নেওয়ার চেষ্টা করলে তিনি এভাবেই বিলাপ করছিলেন।বখাটেপনার শিকার হয়ে আত্মহননকারী বগুড়ার শেরপুর উপজেলার খলিসাগাড়ী গ্রামের রূপালী রানী বরাতির মরদেহ ময়নাতদন্ত শেষে গতকাল মঙ্গলবার দুপুর একটার দিকে তাঁর বাড়িতে পৌঁছায়। তখন পরিবারের সদস্যসহ আত্মীয়স্বজনের মধ্যে কান্নার রোল পড়ে যায়। বারবার মূর্ছা যাচ্ছিলেন মা তরী রানী। বাবা সুনীল বরাতি শোকে যেন পাথর হয়ে যান। কিন্তু মায়ের আহাজারি থামাতে পারছিল না কেউ। এ দৃশ্য দেখে উপস্থিত লোকজনের চোখও ভিজে যায়। ধর্মীয় আচার-আনুষ্ঠানিকতার পর গ্রামের শ্মশানঘাটে সমাহিত করা হয় রূপালীকে।মেয়েকে সমাহিত করে বাড়ি ফেরার পথে সুনীল বরাতি বলেন, ‘মেয়ে চলে গেছে, সে আর ফিরে আসবে না। আমি ওই বখাটের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’গত সোমবার শিক্ষকের কাছে পড়তে যাওয়ার সময় রূপালীকে জোর করে ধরে বাড়িতে নিয়ে যায় পাশের নিঝুরি গ্রামের বখাটে সুশীল চন্দ্র মণ্ডল। এরপর রূপালীকে ঘরে আটকে জোর করে সিঁদুর পরিয়ে দেয় সুশীল। এ ঘটনার ঘণ্টা খানেক পর সুশীলের বাড়ি থেকে রূপালীর মরদেহ উদ্ধার করা হয়। সে পাশের সীমাবাড়ী বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়ত। এ ঘটনার প্রতিবাদে সীমাবাড়ী সীতারা রব্বানী বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গতকাল দুপুরে সীমাবাড়ী বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা এলাকায় মানববন্ধন করে। পরে বিদ্যালয় চত্বরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল হালিম তালুকদারের সভাপতিত্বে একটি প্রতিবাদ সমাবেশ হয়। এ ছাড়া মানববন্ধন ও সমাবেশ করেছে প্রথম আলোর বন্ধুসভার রায়গঞ্জ শাখা। ‘দূর করি পথের বাধা, মুক্ত করি নারীর চলাচল’ স্লোগান সামনে রেখে উপজেলা সদরের ধানগড়া এলাকা থেকে উপজেলা পরিষদ ভবন প্রায় দুই কিলোমিটারব্যাপী মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ যোগ দেন। এদিকে, গতকাল দুপুর দুইটার দিকে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাংসদ মো. হাবিবুর রহমান রূপালীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল ইসলাম জানান, রূপালীর ভাই কনক বাদী হয়ে সুশীল এবং তাঁর চার ভাই ঈশ্বর চন্দ্র মণ্ডল, রমেশ চন্দ্র মণ্ডল, কিংকর চন্দ্র মণ্ডল ও পলাশ চন্দ্র মণ্ডলকে আসামি করে মামলা করেছেন। সুশীলকে গতকাল আদালতে হাজির করা হলে আদালতে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।ওসি আরও জানান, সুশীলের ভাইয়েরাসহ পরিবারের সবাই পলাতক আছে।