‘যেখানে দেখিবে ছাই...’
ময়লা-আবর্জনার দুর্গন্ধে যেখানে বমি আসার অবস্থা, সেখানে একমনে বসে আবর্জনা হাতড়িয়ে কী যেন খুঁজছেন লোকটি। কাছে যেতেই হাতের ‘বোচকা’ নিয়ে একটু দূরে সরে গেলেন। বোচকার ভেতরে কী? প্রশ্ন শুনে হতাশ ভঙ্গিতে ঘুরে তাকিয়ে বলেন, ‘চুল। মাইনষের চুল। সেলুন থাইকা যে চুল ই-খানও ফালায়, ইতা বোচকাত ঢোকাইতাছি...!’এই চুল দিয়ে কী করবেন? ‘আরে ভাই, অত কথা কেনে জিগান? কোনো সমস্যা অইছে নি।’ লোকটির কথায় কিছুটা রাগ ও বিরক্তি দুটোই ঝরে। একপর্যায়ে স্বঘন আলাপে লোকটি মুখে হাসি ফুটিয়ে কাছে এলেন। বললেন, ‘আফনারা সাম্বাদিক (সাংবাদিক), ই কতা আগে কইবান তো!’সামান্য কুশল বিনিময়ের পর তিনি কথা বলে যান ঠিক এভাবেই, ‘এই থুকাইনা চুল জমাইয়া আম্বরখানা এলাকার একটি দোকানও নিয়া বেচি। এক কেজি ৪০০ টেকা। পত্তিদিন ২০০ থেইকা ২৫০ গেরাম চুল পাই। চুল বেইচাই সংসার চালাই। আমরার ছয়জন মাইনষের সংসার। বউ, দুই পুয়া (ছেলে), দুই মাইয়া আর আমি। বড় পুয়ার একটা মাদ্রাসাত পড়ে। আর বাকিগুলান ছোটো অওয়নে অখনো পড়াত দিছি না।’৯ জানুয়ারি বিকেল সোয়া পাঁচটায় সিটি করপোরেশনের আবর্জনার ভাগাড় দক্ষিণ সুরমার লালমাটি এলাকায় গেলে দেখা হয় এবং কথা হয় তাঁর সঙ্গে। নাম শাহীন মিয়া। বয়স ৪০। সিলেট নগরের কামালঘর এলাকায় বসবাস করেন। ওই এলাকায় এক হাজার ২০০ টাকা দিয়ে একটি ঘর ভাড়া নিয়েছেন। মূল বাড়ি সুনামগঞ্জ জেলার ধরমপাশা উপজেলার গল্লবপুর গ্রামে। গত ১৯ বছর ধরে তিনি সিলেটে স্থায়ীভাবে বসবাস করছেন। শাহিন জানান, একসময় ভাঙারির ব্যবসা করতেন। গত দুই বছর ধরে সিলেট সিটি করপোরেশনের দক্ষিণ সুরমার আবর্জনার ভাগাড়ে এসে ময়লা-আবর্জনা ঘেঁটে চুল কুড়িয়ে সেগুলো বাছাই করে আম্বরখানা এলাকার একটি দোকানে বিক্রি করেন। এ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা পান। আর তা দিয়ে কোনো রকমে সংসার চলে। এই চুল দিয়ে কী হয়? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইতা কইতাম পারতাম না। চুল নিয়া দিলে কিছু টেখা পাই, ইটা-ই খালি জানি। মনে অয় বেটিনতের (নারী) কোনো জিনিস-টিনিস বানায়।’ এ কথা বলে শাহীন মিয়া হনহনিয়ে চুলের খোঁজে ময়লা-আবর্জনার স্তূপের দিকে ব্যস্ত হয়ে পড়েন। তাঁর সঙ্গে অন্যরা আছেন। দিনমান ব্যস্ততা নারী-পুরুষ-কিশোর বয়সী বিভিন্নজনের। বর্জ্যের ভাগাড়ে সবার চোখেমুখে ‘যেখানে দেখিবে ছাই...’ ধরনের ভাব!