‘যেন আমাদের বিপক্ষে না হয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া কাপের সব আলো এখন তাঁর ওপর। শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরির জন্যই যেন অপেক্ষা সবার। তবে বাংলাদেশ শিবির মনেপ্রাণে চাইছে, আগামীকাল তাদের বিপক্ষে যেন সেটা না হয়। সহ-অধিনায়ক মাহমুদউল্লাহও বললেন সেটাই ভারতের বিপক্ষে বাংলাদেশ ভালো খেলে। এটা কেন?মাহমুদউল্লাহ: এবারও আশা করি এ রকম হবে। জানি না নির্দিষ্ট কোনো কারণ আছে কি না, হয়তো সবাই খুব মোটিভেটেড থাকে। বিশেষ করে মাশরাফি ভাইয়ের পারফরম্যান্সটা তাদের বিপক্ষে বরাবরই ভালো। আশা করি, এবারও বল হাতে ভালো একটা শুরু এনে দিতে পারবেন। আমাদের পারফরম্যান্সও ভালো হবে।  হারলেও পাকিস্তানের বিপক্ষে লড়াই করেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে কি সেটা বাড়তি অনুপ্রেরণা হবে?মাহমুদউল্লাহ: অবশ্যই। প্রথম ম্যাচটা আমাদের হাতেই ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু সহজ ভুলের কারণে ম্যাচটা ফসকে যায়। তবে সে ম্যাচে যারা ভালো খেলেছে পরের ম্যাচে তাদের আত্মবিশ্বাস বেশি থাকবে। এটা আমাদের অনুপ্রেরণার উৎস। এশিয়া কাপ যেন শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরির জন্যই অপেক্ষা করছে। যদি বাংলাদেশের বিপক্ষেই হয়ে যায়?মাহমুদউল্লাহ: (হাসি) আমরা চাইব যেন আমাদের বিপক্ষে সেটা না হয়। ভারতের ওপর টেন্ডুলকারের শততম সেঞ্চুরির চাপ। প্রতিপক্ষ হিসেবে এটা কি কোনো সুবিধা আপনাদের জন্য?মাহমুদউল্লাহ: আমরা সবাই জানি, সে গ্রেট ব্যাটসম্যান। যারা ক্রিকেটপ্রেমী সবাই হয়তো তার সেঞ্চুরির জন্য অপেক্ষা করছে। তবে আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব তাকে আউট করতে। কারণ সেট হয়ে গেলে বড় ইনিংস খেলার সামর্থ্য তার আছে। জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষটা হচ্ছে না। বেশ কিছুদিন ধরেই এটা হচ্ছে আপনাদের। কেন?মাহমুদউল্লাহ: আমার যেটা মনে হয়, ওই মুহূর্তগুলোয় আমরা খুব আতঙ্কিত হয়ে যাই। বেশ কয়েকটা ম্যাচে এ রকম হয়েছে, আমরাও বেশ কয়েকবারই এ নিয়ে কথা বলেছি। যত দিন না আমরা সহজ ভুলগুলো না শুধরাব, তত দিনই এটা হতে থাকবে। ও রকম অবস্থা থেকে এক-দুইটা ম্যাচ জিততে পারলে হয়তো সবাই বুঝতে পারবে কীভাবে পরিস্থিতি অনুযায়ী খেলতে হয়। ভারত-শ্রীলঙ্কা ম্যাচ নিশ্চয়ই দেখেছেন। প্রতিপক্ষ হিসেবে ভারতকে মূল্যায়ন করছেন কীভাবে?মাহমুদউল্লাহ: এটা বলা কঠিন। তবে তাদের ব্যাটিং লাইনআপ খুব শক্তিশালী। দেখা যাক, কেমন উইকেটে খেলা হয়। শুরুতেই ব্রুেক থ্রু দিয়ে যদি সেই গতিটা ধরে রাখা যায় তাহলে হয়তো ভালো কিছু হবে। আর যদি ওদের ব্যাটসম্যানরা বড় জুটি গড়ে ফেলে, তাহলে বড় রান করে ফেলবে। বিপিএল থেকেই শেরেবাংলা স্টেডিয়ামের উইকেটের অন্য আচরণ দেখা যাচ্ছে। উইকেট বোধহয় এখন অনেক বেশি ব্যাটিংবান্ধব...মাহমুদউল্লাহ: আমার কাছেও তাই মনে হচ্ছে। ব্যাটসম্যানদের জন্য এটা ভালো। ভারত-শ্রীলঙ্কা ম্যাচ বা পাকিস্তানের বিপক্ষে আমাদের ম্যাচ—দুই দিনই খুব ভালো ব্যাটিং উইকেট ছিল। সাঈদ আজমলের সঙ্গে কথা হচ্ছিল এ নিয়ে। সে বলছিল তার দুসরা নাকি যেকোনো উইকেটেই ঘোরে, কিন্তু এই উইকেটে হচ্ছে না। তিন পেসার নিতে গিয়ে বাংলাদেশ দলের লেজটা লম্বা হয়ে যাচ্ছে। একাদশ ঠিক করার সময় কি এটা মাথায় রাখা হয়?মাহমুদউল্লাহ: আপনাকে নির্ভর করতে হবে প্রথম সাতজন ব্যাটসম্যানের ওপর। আমরা জানি, মাশরাফি ভাই খুব ভালো ব্যাটিং করেন, রাজ ভাই ভালো ব্যাটিং করেন। কোনো কারণে হয়তো সেদিন করতে পারেননি। এটা এমন বড় কোনো সমস্যা নয়। তবে এখান থেকে অনেক কিছু শেখার আছে। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করলেও গত ম্যাচে প্রথম বলেই আউট হয়ে গেলেন। শটটা কি খুব বাজে ছিল?মাহমুদউল্লাহ: আমার কাছেও মনে হয়েছে শটটা বাজে ছিল। ও রকম শট খেলা উচিত হয়নি। মাত্র টি-টোয়েন্টি খেলে এসেছি। ওটা মাথায় থাকায় হয়তো বা তাড়াহুড়া কাজ করছিল। নইলে আমি একটু সময় নিয়ে ব্যাটিং করতেই পছন্দ করি।