‘যেভাবে চলছে, আমি অখুশি নই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ফেব্রুয়ারিতে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে খেলবে বাংলাদেশ। এই পর্ব পেরিয়ে তৃতীয় রাউন্ডে বিশ্বসেরা দলগুলোর সঙ্গে খেলার স্বপ্ন দেখছে গোটা হকি অঙ্গন। সে লক্ষ্যে বাংলাদেশ দলের প্রস্তুতি এবং সামগ্রিক বিষয় নিয়ে বলছেন কোচ মাহবুব হারুন মিশন ফেব্রুয়ারিকে সামনে রেখে বাংলাদেশ দলের প্রস্তুতি কেমন চলছে? মাহবুব হারুন: ভালোই চলছে প্রস্তুতি। সবে এক সপ্তাহ হলো। এখন ফিজিক্যাল ট্রেনিংটাই হচ্ছে মূলত। কদিন পর উইথ বলে যাব পুরোপুরি। তবে সমস্যা হচ্ছে, এখন পর্যন্ত সব খেলোয়াড়কে পাইনি। কেন পাননি, সমস্যা কী? হারুন: কয়েকজন খেলোয়াড় ইউরোপে খেলছে। তাই সবাইকে একসঙ্গে এখনো পাইনি। সবাইকে একসঙ্গে না পেলে দলীয় সমন্বয় আনা কঠিন। কুটি ও রানা এখনো ইউরোপ থেকে ফেরেনি। চয়ন, বিপ্লব আর পিন্টু ইউরোপ থেকে ফিরে ক্যাম্পে যোগ দিয়েছে কাল (পরশু)। সিঙ্গাপুরে চ্যাম্পিয়ন হওয়া দলে পরিবর্তন আনলেন কেন?হারুন: কারণ, ৮-১৫ নভেম্বরে লাহোরে অনূর্ধ্ব-২১ দল খেলবে ছয় দেশের আমন্ত্রণমূলক একটা টুর্নামেন্টে। ওই দলটি গড়ার জন্য সিঙ্গাপুরের দল থেকে পাঁচজনকে (সারোয়ার, খোরশেদ, কৌশিক, নিলয় ও অসীম) ছেড়েছি। ঘাটতি পূরণে ব্যাংককে চ্যাম্পিয়ন হওয়া দলের মিমো, প্রিন্স, রফিক, শুভকে নিয়েছি সিনিয়র দলের ক্যাম্পে। দুটি টুর্নামেন্টে আপনার অধীনে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হয়েছে। এখন কোচ হিসেবে পুনর্নিয়োগ পেয়ে দিল্লি বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ড নিয়ে আপনার পরিকল্পনাটা কী?হারুন: জাতীয় দল ১-১২ নভেম্বর কলকাতায় বাইটন কাপ এবং ১৪-১৫ নভেম্বর দিল্লিতে নেহরু কাপ খেলবে। এই দুটিকে প্রস্তুতি হিসেবে নিচ্ছি। আমার মূল লক্ষ্য ফেব্রুয়ারির বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ড। যা-ই হোক, জাতীয় দলের আগামী মাসে ভারত সফর এবং অনূর্ধ্ব-২১ দলের পাকিস্তান সফর শেষে মোট ৩৮ জন খেলোয়াড় পাব। সেখান থেকে দিল্লি বিশ্ব হকি লিগের জন্য চূড়ান্ত দল গড়ব। খেলোয়াড় বাছাইয়ের অনেক সুযোগ থাকবে আমার হাতে। যেটা দলের জন্যই ভালো হবে। আপনি জাতীয় দলে ফিজিও, ট্রেনার, ভিডিও বিশ্লেষক চেয়েছেন ফেডারেশনের কাছে। তা কি পূরণ করেছে ফেডারেশন?হারুন: আপাতত কলকাতা আর দিল্লির টুর্নামেন্টে একজন ফিজিও পাচ্ছি। ট্রেনার ও ভিডিও অ্যানালিস্টও পেয়ে যাব আশা করি। ভারতের দুটি প্রস্তুতিমূলক টুর্নামেন্টে আমরা নিজেরাই ভিডিও অ্যানালিস্টের কাজ চালিয়ে নেব। এগুলো স্থায়ীভাবে পেতে একটু সময় লাগবে। ফেডারেশন সভাপতি বিমানবাহিনীর প্রধান বলেছেন, দলের সব প্রয়োজনই আস্তে আস্তে পূরণ করবেন। আপনার অন্যতম চাওয়া ছিল দেশের বাইরে অনুশীলন ম্যাচ খেলা। সেটি কিছুটা পূরণ হচ্ছে। ফেব্রুয়ারির আগে আর কোনো সফর আছে?হারুন: হ্যাঁ, ফেব্রুয়ারিতে বিশ্ব হকির দ্বিতীয় রাউন্ড শুরুর আগে ফেডারেশন ১৫ দিন আগে টিম পাঠাবে দিল্লি। সেখানে প্রস্তুতি ক্যাম্প এবং অনুশীলন ম্যাচ খেলার পর খেলা শুরু হলে অফিশিয়াল হোটেলে উঠবে দল। বিশ্ব হকি লিগে ভালো করতে ভালো প্রস্তুতির বিকল্প নেই। এই যে ফেডারেশনের প্রস্তুতির ছক, এতে কি আপনি খুশি?হারুন: পরিকল্পনাটা খারাপ নয়। তবে চাহিদার তো আসলে শেষ নেই। যত গুড় দেবেন, তত মিষ্টি। এখন পর্যন্ত ফেডারেশন যেভাবে আন্তরিক উদ্যোগ নিচ্ছে এবং সবকিছু যেভাবে চলছে, তাতে আমি অখুশি নই। কী মনে হয়, বাংলাদেশ বিশ্ব হকি লিগের তৃতীয় রাউন্ডে যেতে পারবে? হারুন: আমি তো মনে করি, সব ঠিকঠাক চললে এশিয়ায় আমাদের হারানো ষষ্ঠ স্থানটা আমরা আবার ফিরে পাব এবং এটা অসম্ভব নয়। আমি আশাবাদী।