‘যৌন নিপীড়ন এড়াতে পোশাকের দিকে নজর দিন’
চীনের তৃতীয় বৃহত্তম শহর সাংহাইয়ের দ্রুতগামী গণপরিবহন ‘সাংহাই মেট্রো’র কর্মকর্তারা ভ্রমণের উপযোগী পোশাক বিষয়ে পরামর্শ দিতে দিয়ে বিপাকে পড়েছেন। বিবিসি অনলাইনে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, নেটওয়ার্কের খুদে ব্লগে কর্তৃপক্ষ মন্তব্য করে, ‘যৌন নিপীড়ন এড়াতে নিজ পোশাকের দিকে নজর দিন।’ এরপরেই শুরু হয় সমালোচনার ঝড়।সাংহাই মেট্রো কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগের ওয়েবসাইট সিনা ওয়েইবোর অ্যাকাউন্টে আঁটোসাঁটো পোশাক পরা এক নারীর ছবি জুড়ে দিয়ে অন্য এক মন্তব্যে বলেন, ‘এ ধরনের পোশাক পরা কেউ যদি নিপীড়নের শিকার হয়, তবে অবাক হওয়ার কিছু থাকবে না।’ এ ঘটনায় ভীষণ খেপেছে নারীরা। তাঁরা অভিযোগ করেছেন মেট্রো কর্তৃপক্ষের এ ধরনের আচরণ অন্যায় ও যৌনবৈষম্য সৃষ্টিকারী। কিন্তু ওয়েবসাইটটির এক জরিপে দেখা গেছে, অধিকাংশ সদস্যই মনে করে কাপড় পরার ক্ষেত্রে নারীদের সতর্কতা অবলম্বন করা উচিত।সাংহাই ২ নম্বর পাতাল সড়কের খুদে ব্লগে গত বুধবার আরও বলা হয়, পাতাল পথে অনেক বিকৃতরুচির লোক যাতায়াত করে। এরা চায় নারীরা এ ধরনের পোশাক পরুক যাতে তারা দেখে মজা পায়। এই মন্তব্যের পরে ইন্টারনেটে ভীষণ বিতর্ক শুরু হয়। অনেকে বলেন, এসব মন্তব্য করার মধ্য দিয়ে ছোট পোশাকের মেয়েদের নিপীড়নের শিকার হওয়ার ঘটনাকে জায়েজ করার চেষ্টা চলছে।চায়না ডেইলির অনলাইনে একজন পাঠক মন্তব্য করেন, ‘এই যুক্তি অনুযায়ী, পুরুষেরা কি চাইলেই সুইমিং পুলে মেয়েদের উপরে নিপীড়ন করতে পারে?’ অন্য এক ব্যক্তি মন্তব্য করেছেন, ‘স্বল্পবসনা না হলেই নারীরা যে যৌন নিপীড়ন থেকে মুক্তি পাবে, তা নয়।’মেট্রো কোম্পানিটির একজন মুখপাত্র অভিযোগ অস্বীকার করে বলেন, যৌন নিপীড়নকে জায়েজ করতে তাঁরা এ কাজটি করেননি। তাঁরা কেবল মেয়েদের সাবধান করে দিতে চেয়েছিলেন। দৈনিক গ্লোবাল টাইমসকে তিনি বলেন, ‘শহরের পাতাল সড়কের অধিকারী হিসেবে, সম্ভাব্য বিপদের কথা মেয়েদের জানিয়ে দেওয়া আমাদের দায়িত্ব।’ তিনি আরও বলেন, সম্প্রতি পাতাল সড়কে নিপীড়নের ঘটনা বেশ বেড়েছে।সিনা ওয়েইবোর জরিপে এর হাজার হাজার সদস্য অংশ নেন। একজন ব্লগার তাঁর ব্লগে লিখেছেন, ‘জনপরিবহনে ভালো পোশাক পরা একটা শিষ্টাচার।’ আরেকজন বলেছেন, ‘আত্মসম্মান রক্ষা হয়, এমন পোশাক পরতে বলার অর্থ এমন নয় যে যৌন নিপীড়ন জায়েজ।’