‘যৌন নির্যাতনের জন্য নারীকে দুষবেন না’
কোনো নারী যৌন নির্যাতনের শিকার হলে প্রথমে তাঁকেই এ জন্য দায়ী করা হয়। এর ফলে নির্যাতনকারী পুনরায় এ ধরনের কাজে উত্সাহিত হন। আর নির্যাতনের শিকার নারীকে সব নীরবে সহ্য করতে হয়। এতে নির্যাতনের চক্র প্রতিনিয়ত আবর্তিত হতে থাকে। এই নির্যাতন ও দোষারোপ বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গত শনিবার সমাবেশ করেছেন কয়েক হাজার নারী-পুরুষ। তাঁরা হাতে লেখা বিভিন্ন ফেস্টুন হাতে নিয়ে শহরের রাস্তা প্রদক্ষিণ (স্লাট ওয়াকিং) করেন।প্রতিবাদ সমাবেশে বেশির ভাগই ছিলেন নারী। সামান্তা রাইট নামের একটি সংগঠন এই সমাবেশের আয়োজন করে। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা নারী-পুরুষ ওয়াশিংটন মনুমেন্ট থেকে ন্যাশনাল মল পর্যন্ত মাইল খানেক রাস্তা প্রদক্ষিণ করেন।সমাবেশে আসা ২৩ বছর বয়সী ভার্জিনিয়া ওয়ারডারের পোশাকে লেখা ছিল, ‘আমার শরীর আমার’। ভার্জিনিয়ার মা থেরেসিয়া জানান, ভার্জিনিয়া প্রথমে যৌন নির্যাতনের শিকার হন। পরে ওই নির্যাতনের জন্য তাঁকেই দায়ী করা হয়। এতে দুইবার তাঁর ওপর নির্যাতন হয়েছে। তিনি আরও বলেন, ‘যৌন নির্যাতনের শিকার কোনো নারীকে ওই নির্যাতনের জন্য আমরা দুষব না।’ নির্যাতনকারী ও দোষারোপকারীই এটা প্রতিরোধ করতে পারে বলে তিনি মন্তব্য করেন।এর আগে গত এপ্রিল মাসে কানাডার টরন্টোতে এ ধরনের প্রতিবাদ সমাবেশ করা হয়। ‘যৌন নির্যাতন এড়াতে নারীদের ছোটখাটো পোশাক পরিহার করা উচিত’—পুলিশের এমন বক্তব্যের প্রতিবাদে টরন্টোতে ওই প্রতিবাদের আয়োজন করা হয়। তখন থেকেই নিউজিল্যান্ডের অকল্যান্ড ও ওয়েলিংটন, সিউল, ফিলাডেলফিয়া ও সিডনির মতো শহরে এ ধরনের প্রতিবাদের আয়োজন করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া।