‘রক্তকরবী’র শততম প্রদর্শনীতে অপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক নাট্য সম্প্রদায় রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকটি মঞ্চে এনেছিল ২০০১ সালের ৩০ নভেম্বর। ১০ বছর পর সেই একই তারিখে নাটকটির শততম প্রদর্শনী হতে যাচ্ছে। জানা গেছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় আয়োজিত বাংলাদেশ থিয়েটারের রজতজয়ন্তী উৎসবে রক্তকরবীর এই শততম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এই প্রদর্শনীতে ‘নন্দিনী’ চরিত্রে আবার অভিনয় করবেন অপি করিম। সম্প্রতি উচ্চতর পড়াশোনার জন্য জার্মানিতে যান তিনি। এরপর এই চরিত্রে অভিনয় করছেন নায়লা তারান্নুম চৌধুরী।নাটকটির শততম প্রদর্শনীতে অভিনয়ের ব্যাপারটি নিশ্চিত করেছেন অপি। নাটকটির শুরু থেকে টানা ৯১টি প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিনি। বললেন, ‘আমার অভিনয়জীবনে একটি উল্লেখযোগ্য চরিত্র রক্তকরবীর নন্দিনী। মাঝে পড়াশোনার জন্য কাজ করতে পারিনি। দল থেকে নাটকটির শততম প্রদর্শনীতে অভিনয়ের জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এটা আমার জন্য অনেক বড় সম্মানের ব্যাপার।’নির্দেশনা দিয়েছেন ও নাটকে অভিনয় করছেন আতাউর রহমান। তিনি বলেন, ‘যত দূর জানি, এবারই প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো নাটকের শততম প্রদর্শনী হতে যাচ্ছে। আমাদের রক্তকরবী নাটকের ৮০টি প্রদর্শনী দর্শকপূর্ণ হয়েছে। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের নাটকের অনেক দল এই নাটকটির প্রদর্শনী করেছে। এখনো করছে। অনেকেই নিরীক্ষা করছেন। তবে আমাদের নাটকের ব্যাপারে দর্শকদের যথেষ্ট আগ্রহ রয়েছে। এ কারণেই নাটকটির শততম প্রদর্শনী করতে পারছি।’রক্তকরবীর ৯৯তম প্রদর্শনী হবে ২৫ নভেম্বর লোক নাট্যদল আয়োজিত উৎসবে।