‘রক্তে ধুয়ে গেল সব স্বপ্ন’
‘আমি বাড়ি না ফিরলে তো সে ঘুমায় না, এহন একা ঘুমাইসে ক্যান? বাজানরে...ঘুমায়ও না মানিক।’ প্রাণহীন হামিমের শরীরে হাত বুলিয়ে বাবা একনাগাড়ে চিত্কার দিয়ে ডেকেও ছেলের ঘুম ভাঙাতে পারেন না। আবারও বলতে থাকেন, ‘আদরের ধন, তোমারে না দেখলে মা ভাত খাবে না। ওঠো, চলো মার কাছে যাই।’ একমাত্র শিশুসন্তানের লাশ বুকে নিয়ে বাবার এই আর্তচিত্কারে স্তব্ধ হয়ে যায় চারদিক।ঢাকা মেডিকেলের মর্গের সামনে তখন মানুষের ভিড়। কেউ জানে না, ঠিক কোন কথাটা এখন হামিমের বাবাকে একটু সান্ত্বনা দেবে। ঘাতক বাসের আঘাতে গুরুতর আহত স্ত্রী হাসপাতালে আর কাফনে ঢাকা ছয় বছরের ছেলের লাশ যাঁর সামনে, তাঁকে কী-ই বা সান্ত্বনা দেওয়া যায়। হামিমের বাবা মোতালেব শেখ হঠাত্ কান্না থামিয়ে দ্রুত বলতে থাকেন, ‘হায় হায়, সোনিয়া এহনও জানে না, হামিম নাই। হে আমার কাছে হামিমকে ফেরত চাইলে আমি তার হাতে কী তুলে দিব। এ কোন কঠিন পরীক্ষায় ফেললা তোমরা?’ এই আহাজারিতে আক্রান্ত মানুষের মুখে তখন কোনো সান্ত্বনার বাণী আসে না। তখন নিহত হামিমের আত্মীয়, প্রতিবেশী বা অপরিচিত পথচারী সবার মুখেই ঘাতকের জন্য অভিশাপ আর ধিক্কার।পুরান ঢাকার নাজিরাবাজারের মোড়ের কাছে যেতে কানে এল মসজিদের মাইকে ঘোষণা—একটি শোক সংবাদ। লাশ বুকে নিয়ে অ্যাম্বুলেন্সে বসে শোকে বিহ্বল বাবারও বিশ্বাস করতে কষ্ট হয়, মাইকে তাঁর হামিমের কথাই বলা হচ্ছে। লুত্ফর রহমান লেনে তাদের বাড়ির গলির মুখে যখন অ্যাম্বুলেন্সটি পৌঁছে, তখন অপেক্ষারত নানি এক দৌড়ে ঝাঁপিয়ে পড়েন হামিমের কাফনে। বলতে থাকেন, ‘ওরে সোনা, যে পোশাকই পরিস দেখবার লাহান সোন্দর দেহায়, এই কাফনে তোরে বালা দেহায় না রে ভাই।’ কে কাকে সান্ত্বনা দেবে। সবাই শোকে কাতর। নাজিরাবাজার থেকে সরু গলিপথ দিয়ে হামিমের বাড়ি পর্যন্ত লাইন ধরে মানুষ। সবার চোখে পানি। ধরা গলায় হামিমের মায়ের ছেলেবেলার বন্ধু পান্না বললেন, ‘ছেলেরে না পেলে সোনিয়া বাঁচবে না। ছেলেরে ভালো স্কুলে পড়ানোর স্বপ্ন নিয়ে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে গিয়েছিল। পান্নাকে সোনিয়া প্রায় বলতেন, ছেলেকে নিয়ে তাঁর স্বপ্নের গল্প। আর বাবা কী স্বপ্ন দেখতেন? এক কোণে দাঁড়িয়ে তিনি একা একা বলতে থাকেন, ‘আমাদের হামিম বড় হয়ে কত কী হবে ভেবেছি, ভালো মানুষ হবে, ডাক্তারি পড়বে, আমরা হব গর্বিত বাবা-মা, সব স্বপ্ন রক্তে ধুয়ে গেল, ভাসায়ে নিল।’ হামিমের বেশির ভাগ সময় কাটত নানি ও খালাদের সঙ্গে। আর সবচেয়ে কাছের বন্ধু ডিউক। পাশের গলিতে থাকে। ও জানে না বন্ধু নেই, আর ফিরবে না। তোমরা কী কী খেলতে জানতে চাইলে সে বলে, আমাদের একটা বড় খেলনা রেলগাড়ি আছে। সেটার রেললাইন তৈরির সময় হামিম কখনোই পুরোটা শেষ করতে দিত না। অনেক দুষ্টু, আমার চেয়ে বেশি দুষ্টু। কথা শেষ না হতেই আশপাশে বসে থাকা মানুষের দীর্ঘশ্বাসের শব্দে ভরে ওঠে ঘর। মাথা নিচু করে ডিউকের গল্প শুনতে শুনতে মনে হতে থাকে ‘জীবনের শুরুতেই চলে যাবে বলেই কি রেললাইন অর্ধেকটা তৈরি করেই ভেঙে ফেলত হামিম?এ দম্ভ কোত্থেকে আসে?হামিমের মরদেহ মর্গে রেখে এলাকার লোকজন ছুটে রমনা মডেল থানার দিকে। তারা একনজর দেখতে চায় সেই ঘাতক চালকের চেহারা। তারা বলতে থাকে, ‘নিষ্পাপ শিশুটির জীবন নিয়ে সে বেঁচে থাকবে কেন? আমরা তার শাস্তি চাই। সবার বাচ্চা যেন নিরাপদ থাকে, সে জন্য এদের শাস্তি পেতেই হবে।’ থানায় পৌঁছে ঘাতক ছেলেটার দিকে তাকিয়ে একজন অস্ফুটে বলে ওঠেন, ‘এই ছোট ছেলেরে যারা লাইসেন্স দিসে, তাদের শাস্তি আগে দেওন দরকার।’ ক্ষোভে রক্তচক্ষু মানুষগুলোর দিকে তাকিয়ে ঘাতক চালক শামসুর রহমান বলে, ‘আমারে আটকায়ে রাখবার পারবেন না। মালিক আমার কোটিপতি। দুই দিনে বাইর কইরা লইয়া যাইব গা।’ যে চোখগুলো ঘাতকের দিকে তাকিয়েছিল, তারা যেন চালকের কথা বিশ্বাস করতে পারছিল না। দুর্ঘটনার সময় থেকেই হামিমের পাশে পাশে ছিলেন এক পথচারী এস এম রেজা। চালকের উক্তিতে বিস্মিত না হয়ে বলেন, দুর্ঘটনার বিচার হলে এরা এত দম্ভ দেখাতে পারত না।