‘রক্ষক যদি হয় ভক্ষক’
খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়ায় জনবসতি এলাকায় নয়টি ইটভাটা গড়ে তোলায় নদীপারের পাঁচ গ্রামের মানুষ নানাভাবে ক্ষতির শিকার হচ্ছে। জানা গেছে, ভদ্রা নদীর দুই পারে রানাই, খর্ণিয়া, বরাতিয়া, ভদ্রদিয়া ও শোভনা গ্রাম ঘেঁষে গত ১০ বছরে ইটভাটাগুলো গড়ে উঠেছে। খর্ণিয়া ইউনিয়নের রানাই গ্রামের গা ঘেঁষে উপজেলা জাতীয় পার্টির (এরশাদ) সাধারণ সম্পাদক লতিফ জমাদ্দার ‘জেবি-১’, তাঁর ভাই ইমরান জমাদ্দার ‘জেবি-২’, বরাতিয়া ও খর্ণিয়া গ্রামের গা ঘেঁষে উপজেলা বিএনপির একাংশের সাধারণ সম্পাদক গাজী হুমায়ুন কবির ‘আল আমিন ব্রিক্স’, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা আবুল কাশেমের জামাতা ও লতিফ জমাদ্দারের ভাই শাহজাহান জমাদ্দার ‘নূরজাহান ব্রিক্স’, ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আবদুল হাদী ‘সেতু ব্রিক্স’, সাতক্ষীরার হাজি মেহের আলী ‘সাতক্ষীরা ব্রিক্স’ ও ভদ্রদিয়া গ্রামের বাড়িঘর থেকে মাত্র ১০০ গজ দূরে খুলনা-৫ আসনের সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ ‘কেপি ব্রিক্স’ গড়ে তুলেছেন। চলতি বছর খর্ণিয়া গ্রামের গা ঘেঁষে গুটুদিয়া গ্রামের হাফিজুর রহমান খান ও শোভনা গ্রাম থেকে প্রায় ১০০ গজ দূরে ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের ভাই গাজী আব্দুস সালাম আরও দুটি ইটভাটা তৈরির কাজ করছেন। তাঁরা ইতিমধ্যে ভাটা-লাগোয়া ভদ্রা নদী অর্ধেক দখল করে নিয়েছেন। এলাকাবাসী তাঁদের নদী দখলের প্রতিবাদে গণস্বাক্ষর সংগ্রহ করে খুলনা জেলা প্রশাসকের কাছে প্রতিকার চেয়ে আবেদন করেছে। ৯ এপ্রিল সকালে সরেজমিনে দেখা যায়, উপজেলার ভদ্রদিয়া গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমবেত একদল মানুষ ইটভাটার পক্ষ সমর্থনকারী এক নেতার ওপর মারমুখী হয়ে ওঠে। ভদ্রদিয়া গ্রামের দিলীপ সরকার বলেন, ‘আগে দুই বিঘা জমিতে বেগুন চাষ করে প্রতি সপ্তাহে ৬০ থেকে ৭০ মণ বিক্রি করতাম, কিন্তু এখন ভাটার কারণে বেগুনে যেমন কালো দাগ হয়ে যাচ্ছে, তেমনি ফলনও হচ্ছে না।’ একই গ্রামের তপন মল্লিক বলেন, ‘আমার ফুলকপিতে ভাটার কালি পড়ে কালো দাগ হওয়ায় বাজারে নিয়ে গিলি কম দামে বেচতি হয়।’ খর্ণিয়া ইউপি সদস্য শরীফ মোড়ল বলেন, ‘আমগাছে স্প্রে করার সময় দেখেছি, বইল (মুকুল) থেকে ভাটার কালি বের হচ্ছে।’ মিলন মল্লিক বলেন, ‘ভোরবেলায় দেখা যায়, রাস্তার ওপর কালো একটা স্তর পড়ে গেছে। বাড়িত্তে খর্ণিয়া বাজারে যাওয়ার পরে জামা পাল্টাতি হয়।’ কলেজছাত্র শংকর মল্লিক বলেন, ‘এলাকার সাধারণ মানুষকে মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে ভাটার পক্ষে নিচ্ছে।’ যশোর আলী কাগুতি বলেন, ‘যে জমিতি আগে ধান-সবজি হতো, এখন সেই জমিতি ভাটা করেছে।’ শোভনা গ্রামের রফিকুল ইসলাম বলেন, ‘ভূমিহীনদের বন্দোবস্ত পাওয়া খাসজমি হস্তান্তরযোগ্য না হলেও সেই জমি ইজারা নিয়ে মাটি কাটে ভাটা কত্তেছে।’ খর্ণিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জগদীশ মল্লিক বলেন, ‘আমাদের জনপ্রতিনিধিরা এলাকায় ভাটা করেছেন, তাঁদের বিরুদ্ধে কথা বলা কঠিন। তাঁরা যদি সাধারণ মানুষ হতেন, তালি আমরা তাগে বিরুদ্ধে আন্দোলন করে উৎখাত কত্তি পারত্তাম। রক্ষক যখন ভক্ষক হয়, তখন সাধারণ মানুষের আর কোনো পথ থাকে না।’ উপজেলা চেয়ারম্যান গাজী আবদুল হাদী বলেন, ‘ইটভাটা তৈরির কারণে কারও অসুবিধা হয়েছে, এ ধরনের কোনো অভিযোগ কেউ আমার কাছে করেনি। আমার ভাই ভাটায় এখনো ইট পোড়ানোর কাজ শুরু করেনি। তবে সাংসদ যে ইটভাটা করেছেন, সেটি তুলনামূলকভাবে বাড়িঘরের খুব কাছে। আর নদীর প্রবাহ বন্ধ হতে পারে, এমন যেকোনো প্রতিবন্ধকতা সরিয়ে নেওয়ার জন্য আমরা ভাটার মালিকদের বলে দিয়েছি।’সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ‘আমি ইটভাটা করার সময় স্থানীয়দের মতামত নিয়ে করেছি। তবে দুই-একজন ঈর্ষাপরায়ণ হয়ে অভিযোগ করতে পারেন। তবে সে অভিযোগ সঠিক নয়। জনপ্রতিনিধি হিসেবে আমি মানুষের প্রতি দায়িত্ব সম্পর্কে সচেতন আছি। নদীর প্রবাহ যাতে বন্ধ না হয়, সে জন্য ভাটার মালিকদের নদী থেকে ইট সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছি।’বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) খুলনা বিভাগীয় সমন্বয়ক ফিরোজ আহমেদ বলেন, ‘পরিবেশ দূষণের বিষয়টি দেখার দায়িত্ব পরিবেশ অধিদপ্তরের। তাদের ছাড়পত্র ছাড়া এখন কোনো স্থাপনাই করা যাবে না। জরুরিভাবে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পরিবেশ আইনের সমস্যা হচ্ছে, ক্ষতিগ্রস্ত কোনো মানুষ সরাসরি মামলা করতে পারে না। তাই পরিবেশ অধিদপ্তরকেই মামলা করতে হবে।’